Thursday, April 5, 2018

কাহার বীণা




তখনো স্মার্টফোন আসেনি। ক্লাস এইট- নাইন অব্দি ল্যান্ডফোনে জরুরী বৈঠক :
- কোন শাড়িটা পরবি তাহলে?
- এখনো ঠিক নেই। সেই তো কালো ব্লাউজ আর লাল ব্লাউজ। দেখি কোনটা যায়! তুই?
- সবুজ রে। সোনালি সোনালি বুটি। বিকেলে পড়তে যাওয়ার সময় দেখে যাবি আয় না!


তারপর এলো টেপাফোন। কথোপকথন একইরকম, তবে টেক্সট মেসেজেই বেশি। শুধু যাদের ফোনে ছবি তোলা যেতো, তারা শাড়ির ছবি তুলে আনতো আগেরদিন!

প্রায় মাসখানেক আগে থেকে স্কুলে চলতো হাতের কারিকুরি প্রদর্শনীর প্রস্তুতি। রকমারি শোলার ঘরবাড়ি, চুমকি আর লেসের কাজ, দেশলাই কাঠির তাজমহল। আমিও এঁকেছি কয়েকবার। কালো আর্ট পেপারের উপর সাদা তুলির আঁচড়ে নর্তকীর বিভঙ্গ; দূর পাহাড়ের কোলে কাঠের বাড়ি- এঁকেবেঁকে নেমে আসা ঝোরা আর পাইনবনের সারির আলো- আঁধারিয়া পেন্সিল- স্কেচ; মাটির হাঁড়িতে কালো রঙ করে তার উপর আঠামেশানো ব্রোঞ্জবরণ আলপনা।

এসবেরই মাঝে কোন একদিন ফিসফিস : “ওদের স্কুল থেকে নেমন্তন্ন করতে এসেছে, জানিস? বড়দিদিমণির ঘরে আছে... এই এই, বেরোচ্ছে! চল, পালাই!” বালিকা-বিদ্যালয়ে সীমিত রোমাঞ্চের অবকাশ!

অবশেষে সেই দিন। আমাদের স্কুলজীবনে সেই অর্থে সাজুগুজুর একটাই দিন ছিল... সরস্বতী পুজো। শীতের আলসেমি কাটিয়ে ঠিক বেসনটেসন মেখে ফেলতাম স্নানের আগে। প্রিয়মুখেদের কাছ থেকে বিভিন্ন সময়ে পাওয়া ছোটোবড়ো সরস্বতীমূর্তির কোন একটিকে সাজাতাম ফুলে-পাতায়-বাবার বানিয়ে দেওয়া রঙ্গিন কাগজের শিকলে। সামনে রাখা হতো সবুজ কুল, নাশপাতি, আপেল... সব গোটা- গোটা। মাতৃআজ্ঞা শিরোধার্য : “ফল কেটে রাখা যাবে না”। হাঁস সন্দেশ, শাঁখ সন্দেশ, কোন বই, গানের খাতা, তুলি। বেশ পুতুলখেলার আনন্দ ফিরে পাচ্ছি মনে হতো!

যা বলছিলাম, সাজুগুজু! শাড়ি, টিপ, লিপস্টিক, কারো কারো চোখে হাল্কা কাজল এই অবধি! মফঃস্বলের মোটামুটি পড়াশুনো করা মেয়েরা এর বেশি কিছু জানতো না। আমার আবার কানে ফুটোও ছিল না, আর দুল পরা নিয়ে প্রতিবার বন্ধুদের ক্যাঁওম্যাঁও ছিল বাঁধা!

এরই মধ্যে কখনো বা “নীল পাঞ্জাবি তোকে দেখছে কিন্তু! উফফ, এখুনি তাকাস না, বুঝে যাবে!” আর ম্যাডামদের আলতো ধমক, “প্রসাদ না খেয়ে একটাও যাবি না!”
অঞ্জলি? তা হয়তো দিয়েছি কোন কোন বার ইস্কুলে, কিন্তু সকালে ভরপেট লুচিফুচি খেয়ে। সেকথা বলে দিলেও ম্যাডামরা সস্নেহে বলেছেন, “ওতে কিছু হয়না”।

অন্তরে অন্তরে যোগাযোগ ছিল। বহিরঙ্গের প্রদর্শন আর আড়ম্বর ছিল না, বা থাকলেও হয়তো তাকে অতিক্রম করার শুভচিন্তাটুকু ছিল।

সরস্বতীকে আমার বড় ভালো লাগতো। দৈবী শ্রদ্ধা নয়, এক বিদুষী, চারুকলাপটীয়সী নারীর প্রতি সম্ভ্রমজনিত স্বাভাবিক ভালোবাসা। যাঁর সঙ্গে সই পাতানো চলে!

ব্যক্তিত্বময়ী- মননসম্পন্না নারীচরিত্রদের সঙ্গে মনে মনে একতরফা সখীত্ব পাতিয়েছি বহুবার; আর এভাবেই কিশোরী থেকে তরুণী হয়ে ওঠার নানা পর্বে সেই চিরকালীন সরস্বতীর ‘কনসেপ্ট’ পেয়েছি অনেকের মধ্যে। লাবণ্য থেকে বিজয়ায়, লীলা মজুমদার থেকে নবনীতা দেবসেনে, দেশকালসীমা অতিক্রম করে সিলভিয়া প্লাথ আর ভার্জিনিয়া উল্ফে।

পারিবারিক সংস্কারমুক্ততার কারণে এবং অবশ্যই অন্তরচর্চার স্বাতন্ত্র্যে কখনোই এই প্রিয় উৎসবটি সাংস্কৃতিক উদযাপনের উপলক্ষ্য পেরিয়ে ধর্মীয় অনুশাসন হয়ে ওঠেনি আমার কাছে। বিশ্বাস করি, আমার বন্ধুদের কাছেও।

আমরা নিয়ম জানিনি, আনন্দ বুঝেছি। আচার মানিনি, বন্ধন শিখেছি। ধর্ম ভাবিনি, ভালবেসেছি।


যারা কবিতা আঁকে... যারা ছবি গায়... যারা প্রাণ দিয়ে ভালোবাসে বাংলা তথা ভারতের সার্বভৌম মূলসুরটিকে... তাদের সকলকে শেষ করে না দিলে উৎসবে বিভেদান্তক ধর্মনীতির রক্তরঙ লাগিয়ে কোনোদিন সংহতি- সংহারের অপযজ্ঞ সম্পূর্ণ হবে না!