![]() |
| The World Beyond Your Window by Rumna Mukherjee |
তার ও তাদের জানালা-অসুখ থাকে। সন্ধ্যের ঘুপচি গলির অন্ধকারে চোখ খুঁজে নেয় প্রতিবেশিনীর জানলায় ঝুপসিকুকুরের আহ্লাদী গুলিচোখ। আর ইস্কুলফেরত রিক্সায় বসে বসেও ঠিক চিনে ফেলে কোনো অচেনা জানলায় দুপুরমানুষের অন্ধকূপ দৃষ্টি!
ট্রেনবাসের জানলায় ঠাঁই না পেলে তাদের মুখভার হবেই। জানলা পেলেই বেছে নেয় 'আ হার্ড ডে'জ নাইট'... ''When I am home/ everything seems to be right'' পার্বতী বাউলের একতারাও হয়ে ওঠে এক আশ্চর্য জাদুজানালা-
রান্নাশালে কাঁদবি বসে/ভিজে কাঠ দিয়ে উনুনে..."
জানলার ভিতরে মেঘ। জানলার বাইরে মেঘ। কোনো কোনো দিন বৃষ্টিও নামে না কি?
জানলায় এদের পড়াশুনো। পুজোর ছুটি। ব্যাঙের হৃৎপিন্ড। সরল দোলক। জানলা দিয়ে যখন তখন ঢুকে পড়ে শিউলির নন্দিত সুখ, ঢাকের উদ্বেল সম্ভাষ!
জানলা এদের গোঁসাঘর। একছুট্টে পালিয়ে যাওয়ার সাকিন। খরগোশ ঠিক যেমন গর্তে মুখ গুঁজে ভাবতো তাকে আর কেউউউ দেখতে পাচ্ছে না! গলায় দলা দলা কান্না ঠেলে উঠতে চাইলে এরা প্রাণপণে বাইরের পাঁচিলে শ্যাওলার ভিড়ে বেমানান ছোট্ট হলুদ ফুলটাকে দেখে। আর নারকেলগাছে আটকে থাকা গোলাপি ঘুড়ির সবুজ ল্যাজ। দেখে। দেখতেই থাকে।
জ্বর হলে এদের জানলা দেখতে দেওয়া হয়না। জানলার দিকে মাথা দিয়ে শুইয়ে রাখা হয় যাতে বাইরে না তাকিয়ে একটু চোখ বোজে, ঘুমোয়। অস্থির লাগে, জ্বর কমতে চায় না। এন্টিবায়োটিকের দুটো কোর্স শেষ হয়ে যায়। কলেজ বন্ধ। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যায়। গান ভালো লাগে না। আলুভাজা না। মেটেচচ্চড়িও রোচে না। প্রেমিক, তার জীবনের প্রথম প্রেমিক ফোন করে। বলে, ''ওষুধ খাচ্ছ?'' বলে, "তোমার এই জ্বর-জ্বর নাটকটা আর কদ্দিন চলবে?"
সে শিথিল হাতে জানলার শিক আঁকড়ে ধরে। চুপ হয়ে যায়।
জানলা তাদের অভ্যাস হয়ে যায়। জানলা তার অভ্যাস হয়ে যায়। শেষমেশ নৌকোয় উঠেও সে জানলা খুঁজতে থাকে। পান্নাছোঁয়া জল, নীলকান্তমণির জল, সূর্য ধুয়ে আনা রুবি আর পোখরাজের জল... জানলা ছাড়া অতসব দেখা যায় নাকি!
ঘাড় ঘুরিয়ে দেখতে কষ্ট হয়। নৌকোর গলুইয়ে দাঁড়িয়ে সে ব্যর্থতা ভাবে। অনাদর ভাবে। মায়োপিয়া ভাবে।
বেশিদূর যে দৃষ্টিই যায়না। অভিমানে চশমা ভাসিয়ে দেয় জলে। আর সেইমাত্র গোটা আকাশ মুড়ে নিতে থাকে তার ছোট্ট নৌকোকে, নিজেকে কেমন দেশলাইবাক্স মনে হয়। ধীরে ধীরে সে, আস্ত মানুষখানাই যেন 'জানলা' হয়ে ওঠে! সবটুকু মরশরীর দিয়ে অনুভব করে যে সে নিজেই পৃথিবীর একমাত্র গতিময় ইচ্ছাধারী জানালা। অনন্তের সন্ধানী।
জরাহীন। অস্থবির। অপ্রতিম।






