প্রগলভ মনকে চুপ করিয়ে দেওয়ার জন্য ঝরাপাতাদের পেরিয়ে এলোমেলো ছন্দে হৈমন্তী হেঁটে যাওয়াটুকুই যথেষ্ট। তারপরে যে নৈঃশব্দ্যটুকু পেয়েছ, ভার্জিনিয়া উল্ফের কথায় 'deep, resonant silence', তা একান্তই তোমার, স্বোপার্জিত অগ্রহায়ণ। ধানজন্মের মধুমাস। এই মাসেরই তো কেউ নাম রেখেছিলেন 'মার্গশীর্ষ', মৃগশিরা নক্ষত্রের অনুষঙ্গে।
প্রতিটি পাতা ঝরে যাচ্ছে উন্মুখ, বেখেয়াল। এই চতুরঙ্গ সময়, এই তির্যক রোদ, এই অনচ্ছ চশমা পরা আমি কোনো কিছুই যে ধরে রাখার নয়, রোহিতাশ্ব! শতরঞ্জ খেলা যে আমি শিখিনি কখনো, তাই হয়তো বারেবারেই বড় ভুল হয়ে যায়। এগোতে, সরে যেতে, সরে না যেতে। জগতের আনন্দযজ্ঞে হোক বা বিষাদবিলাসে আমি নিজেই তো এক চকমকি পাথরের বোড়ে বই কিছু নই।
রাজা, মন্ত্রী, গজ, ঘোড়া, নৌকা সব সব অনিত্য। তবু, বহু অনিত্যই তো অনিন্দ্য! যুদ্ধফেরৎ সৈনিকেরা যখন আগুনের ধারে গোল হয়ে বসে যুদ্ধের গল্প শোনায়, ভিনদেশী প্রেমিকার কিসসা বলতে বলতে তার দেওয়া রুমালে অকারণে একবার কপাল মুছে নেয়, সেই দৃশ্যটির মতোই অনঘ।
'অঘ্রাণ' শব্দে যেন বহুযুগের অভিমান... শার্লো ব্রন্টে যদিও বলেছিলেন 'rawness of an October day'! তবু বছরের এই সময় পূর্ণতা আর শূন্যতার দুইসেট উলের সমন্বয়ে এক অদ্ভুত তাপিশ্রী (ইং: tapestry) বয়ন করে, উল্লম্ব তাঁতে অনায়াস বোনা হয়ে যায় নবান্নের তুরীয় তৃপ্তি আর অগণ্য ছিন্নপত্রের অনিকেত ধুলোখেলা...
হেমন্ত বহতা মানবজীবনের এক ধূসর অভিজ্ঞান। অপরের নয়, নিজের হৃদয়ে একটুকরো সাকিন খুঁজে হন্যে হয়ে অবশেষে কার্তিকের আকাশপ্রদীপের আলোয় পথ চিনে আমরা হয়তো নিজের কাছেই ফিরি সহস্রবার... তুমি নিজে তোমার সঙ্গে নেই, এর চেয়ে বড় একাকীত্ব আর কীই বা হতে পারে বলো!
শতরঞ্জের দক্ষতা শুনেছি সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতার অনুকূল... এক আগুনঝরা 'দুনিয়া কাঁপানো' হিমেল নভেম্বরে যাঁরা কাতারে কাতারে নেমে এসেছিলেন সোভিয়েতের রাজপথে, যাঁদের দাবি ছিল শুধুমাত্র একটি মসৃণ জীবন... শান্তি, জমি আর রুটি... যে অসম লড়াইয়ে নেমে তাঁরা গোহারা হারিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে, এমন অকল্পনীয় শতরঞ্জের খেলা বসুমতী কি আর কোনদিনও দেখেছেন?
Peace. Land. Bread. প্রতিটি শব্দ অস্ফুটে উচ্চারণ করে করে লেখার পরে যেন এক একটা নতুন জন্ম হয়... মায়োর্কায় এক সন্ধ্যেয় ঘরে ফেরার পথে ভূমধ্যসাগরের খুব কাছেই এক জীর্ণ বাড়ির জানালায় দেখেছিলাম ছোট্ট ফুলদানিতে দুটো প্রায় শুকিয়ে যাওয়া সূর্যমুখী। আর তার পাশেই শান্ত ধীময় জ্বলছে দুটি তুহিনশুভ্র মোমবাতি। ওই আটপৌরে সজ্জাটুকু হৃদয়সঞ্জাত। কেউ যখন বলে 'বিপ্লবে আবেগের স্থান নেই', আমার ওই ভগ্নপ্রায় ঘরের আবছা আলোর জানলাটা মনে পড়ে আজকাল। স্বপ্ন তো মৃত্যুহীন! আর ফসলের মাসেই তো বিশেষ দায় যৌথখামারের স্বপ্ন দেখার, দেখানোর... রাজনীতির আদি পাঠই তো কথোপকথন।
স্মৃতি-সত্তার অনেক অন্যায় উপরোধ এই পর্ণমোচী প্রহরটুকু ঘিরে আবর্তন করে... তাদের প্রশ্রয় দিতে মন চায় না আর। কোনো এক হেমন্তে চিরতরে হারিয়ে যাওয়া নির্বাসিত রাজপুত্রের ভাষ্যটুকু ধার করে বলি:
"...যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে,
হৃদয়ে প্রেমের গল্প শেষ হ’লে ক্রমে-ক্রমে যেখানে মানুষ
আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে..." (জীবনানন্দ)

No comments:
Post a Comment