কোনো কোনো শনিবার ভাতঘুম ভেঙে যায় এক অপার্থিব বৃষ্টির শব্দে। কয়েকদিন ধরেই কমবেশি রুমঝুম, দানিয়ুবে বিপদসীমা প্রায় অতিক্রমের অশনিসংকেত। তবু ঘুম ভেঙে কেন যেন অবাক হয়ে যাই।
উঠোন জুড়ে বেগুনি উইস্টেরিয়া ফুলের গালচে কোল পেতে নিচ্ছে অমরাবতীর ধারাজল।
ঘুম ভাঙলে খিদেও পায়। রান্নাঘরে যাই, আলো জ্বালতে ইচ্ছে করে না। সুইটকর্নের ছোট্ট টিন খুলি, শশাকুচি লেবুর রস চাটমশলা দিয়ে মেখে আনি। ফের পা ঢুকিয়ে দিই সবজেনীল লেপের ওমে।
ছোটবেলায় বৃষ্টি হলেই লোডশেডিং হতো, সন্ধ্যে থেকে পড়াশুনো শিকেয় তুলে মা মেয়ে কতসব গল্প জুড়েছি। অন্ধকারে দুজনে দুজনের মুখ দেখতে পাচ্ছি না। কখন যেন অসমবয়সের আগল ভেঙে তা হয়ে যাচ্ছে চিরকালের মেয়েদের গল্প। মায়েদের গল্প। পায়ের কাছে কোনো এক তুলোর বল ঘুমিয়ে আছে নরমগরম। বাবা ফিরে লম্বা কালো ছাতা মেলে দিচ্ছে বারান্দায়, আমি একখানা ইমারজেন্সি আলো ধরে আছি মায়ের রুটি গরম করা শেষ হওয়া অব্দি।
বৃষ্টি হলে তাই আজও আমার লোডশেডিং পায়।
আমার একলা ঘরে লোডশেডিং নেই। টিউব, বাল্ব বাদ দিলেও আছে ঘরবদলের পর নিজের পছন্দ করে আনা জলপাইসবুজ টেবিলল্যাম্প। আছে 'তার' পাঠানো ঘিয়েরঙা ফুলকাটা লম্বা ল্যাম্পশেড, যার ভেতরের আলো জ্বললেই গায়ে ফুটে ওঠে নক্সীকাঁথা।
তবু ভিতরঘরে মায়ামুকুরে যার ছায়া পড়ে সে বুঝি আমি নই। এত আলোর মাঝেও মন উচাটন, কানের মধ্যে বুকের মধ্যে শিরার মধ্যে চোরা ফিসফাস। 'ফিরে আয়, ফিরে আয়'।
সাটিনের হলুদ পর্দার ফাঁকে অন্ধকার ডুবে যাচ্ছে বৃষ্টির শরীরে। রসে টুপটুপ লাল চেরির মাখনত্বক বেয়ে অথৈ নামছে গোটা শহরের অকালশ্রাবণ।
হাতে ধরে রাখা বইটির অক্ষরমালায় ধীরে ধীরে দ্রবীভূত হয়ে যাচ্ছে অকারণ অভিমান। স্থিতি আসছে। স্থিতি চলে যাচ্ছে।
গন্ধরাজের সুবাস ঠিক ঠাহর করতে পারছিনা। তবে উপেন্দ্রকিশোরের শিশুরামায়ণের শুরুর চিত্রকল্প ভেসে উঠছে কোন মাদুরপাতা শাওনবেলার সুখে:
''সোনা-মণি-মুকুতায় করে ঝলমল
ছায়া লয়ে খেলে তার সরযূর জল''
ছোট্ট আমি হারমোনিয়ামের রীড একটা একটা করে টিপে গাইছি, সুরে ঠিকভুল যাই হোক, প্রাণের উৎস থেকে গাইছি:
''ভীত বন উপবন লুটায়ে লুটায়ে
প্রণতি জানায় সেই বিজয়ীর পায়ে...
...বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে"
চোখের সামনে যেন দেখতে পাচ্ছি সেই বিজয়ীর উত্তরীয়ের আভাস। ইনিই কি তবে ভিক্ষু আনন্দ? বর্ষার ছদ্মবেশে? কিশোরীমনে নজরুল মিশে যাচ্ছেন রবীন্দ্রদর্পণে।
ল্যাপটপে মেলা কাজ পড়ে থাকে। সুগন্ধী-বিজ্ঞান নিয়ে এক বক্তৃতার প্রস্তুতি নিতে নিতে খুঁড়ে দেখতে ইচ্ছে করে স্মৃতিবিস্মৃতির অলক্ষ্য সাকিন।
''করুণা তোমার কোন পথ দিয়ে...''
মহাদেশের পর মহাদেশ পেরিয়ে আমার কিশোরীদিন অপেক্ষা করে থাকে। আমার শঙ্খের দুল, আমার প্রবালের মালা। আমার খাতার পিছনের ছেলেমানুষি। আমার অসতর্ক ভুল, আমার অসহায় আক্ষেপ। আমার আদরের পীচরঙা গোলাপের গাছ।
হারায়না সেই পথ। ফুরোয়না সেই বৃষ্টি। বুকের ভেতর মন পাতলেই মেঘের পালকে চড়ে পৌঁছে যাই সেই আয়নামহল। গান্ধর্বী কানে দেন বীজমন্ত্র:
''...মনে হয় যে পাব খুঁজি
ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে
মন, মন রে আমার॥"
আমায় গ্রহণ করে রোমাঞ্চ। আমি সত্য হই। সার্থক হই।
আশিয়ানা। আশিয়ানা।