"সময়ের সন্তানেরা দৃষ্টিহীন হয়।" কানে কানে এসব কুকথা বলে মিলিয়ে গেলো স্রোতস্বতী। গুল্মলতা তার অভিমানী প্রশাখা হেলিয়ে বললে ''ভুল। সবটুকু ভুল।"
দাঁতে দাঁত চেপে সইলাম সব নির্জন রক্তপাত। নিরালা বঞ্চনা। রোদে পিঠ দিয়ে কমলালেবু ছাড়িয়ে খেতে খেতে ভেবে নিলাম ''এসব রূপকথা। সত্যি সত্যি কষ্ট পেলে কি আর ক্ষমা করতে পারতাম?''
ভাবতে ভাবতে চারাগাছেদের ঝুরি নামলো। আমার চুলে জট পড়লো। দূর্বাদলশ্যাম মেঘের দল আহ্লাদে নিবিড় হয়ে এসে ধারাজলে বেহালা বাজালো আতপ্ত শরীরে। উঠোনের কোণে মায়াবী হলুদ ঘাসফুলে আবারো কুঁড়ি এলো।
ততদিনে যন্ত্রণার মুহূর্তেরা ধাওয়া করেও আর নাগাল পাচ্ছেনা আমার। আমার আঁচল জুড়ে তখন রেশমী অন্ধকার। কপাল জুড়ে শ্বেতচন্দনের শীতলপাটি। অনুভব জুড়ে রাত্রি নেমেছে, স্রোতের গহীনে মায়াবিলাস।
আমি দেখতে পাচ্ছি জরাব্যাধি পেরিয়ে ক্ষমার ব্যাপ্তি। দেখতে পাচ্ছি ছাতিমফুলের গন্ধে উদ্বেল জ্যোৎস্নারাত ধুয়ে দিচ্ছে আমার উন্মুক্ত ক্ষতস্থান।
দৃষ্টিহীন নই, নদী, আমি দৃষ্টিহীন নই। আমি সময়জাতিকা নই। আমি শুধু 'ক্ষমা' হতে চেয়েছি চিরটা কাল।
No comments:
Post a Comment