কোন কোন দিন মনে পড়ে যায় ঠা ঠা দুপুররোদে রাস্তার ধারে একটা ছোট্ট ঝুপড়িতে আগুন আগুন ভাত, মুসুরডালে কালোজিরের গন্ধখুশি, লাল টুকটুকে ওলের ডালনা, সরষের তেলে ভাজা ডিম। কতদিন ওল খাইনা, পটল খাইনা। সেই রাস্তাগুলোয় হাঁটিনা।
সেই একবার বাস থেকে সবাইকে নামিয়ে দিয়েছিলো মোহনপুর থেকে কাঁচড়াপাড়া ফেরার পথে, খিদেয় পেট চুঁইচুঁই। অটো স্ট্রাইক। পরের বাস আসছেনা প্রায় আধঘন্টা। ওলের ডালনাই কপালে ছিল।
জীবনের বাস কাকে কোথায় কখন নামিয়ে দিয়ে চলে যায় বোঝা যায় না। সেই সময়, এসব স্মৃতির অংশ ছিল যারা তারাও অন্য কোনো স্টপে নেমে গেছে, আমার জন্য অপেক্ষা করেনি।
তখনও রান্নার ইতিউতি জানা ছিলো না। আজ বুঝি, সবাইকেই একদিন নিজের জন্য ধোঁয়া ওঠা ভাত ডাল ওলের ডালনা ডিমভাজা বানাতে শিখে যেতে হয়। একা থাকতে শিখে যেতে হয়। বিষ সরিয়ে অমৃত চেখে নিতে হয়।
পটল ওল নাই হোক, ফুলকপি-পালংশাক-একলাঘর-'মেরা কুছ সামান'- ফুলকাটা ল্যাম্পশেড- হজমিগুলি- ইয়েটস- গয়নাবড়ি- রংতুলি -জীবনানন্দ বাঁচিয়ে দেন এযাত্রা!

No comments:
Post a Comment