Friday, December 8, 2017

পর-বাস





দরজায় দাঁড়াতে বলে ঘরে চলে গেলি!

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াল গুনলাম,
আলো শিখলাম...
প্রতিটা কড়া নাড়ার আলাদা গন্ধ চিনে
মুগ্ধ হলাম!

আর মনে মনে দেওয়াল পেরোলাম
আরো একটা, আরো আরো একটা!
চিৎকার করে তোকে ডাকিনি আর...
শুধু ক্ষয়ে ক্ষয়ে

দেওয়াল হয়ে যাচ্ছি!

শরীরে সানাই বাজেনা আর,
তবু দেশলাই নিয়ে
একটা আস্ত শহর চিবোতে চিবোতে
চরকি হ’লাম!

তোর ফিরতে
আর কতগুলো দেওয়াল পেরোনো বাকি? 

Friday, November 3, 2017

শেষের কবিতা









ফিরিবার পথ নাহি

সংশয়? তা ছিলো বৈকি! বাঙালির কবিতাপাগল রোমান্টিসিজ়মের ফ্যান্টাসি-নায়ক ‘অমিট্ রায়ে’-র ভূমিকায় আড়ষ্ট বাংলা উচ্চারণের রাহুল বোস? সদ্য কাদম্বরী-পেরোনো কঙ্কণা কি রবীন্দ্র-নায়িকায় ‘টাইপকাস্ট’ হয়ে যাচ্ছেন? রুপোলি পর্দায় ঠিকমতো ধরা দেবে তো ক্লাস থ্রি থেকে পড়া সেই স্বপ্ন-শিলং, যেখানে “এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্য উভয়ে মিলে একটি রূপ সৃষ্টি করলে, তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্ত্যের ডাকনাম..”?

অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে

দেখলাম ‘শেষের কবিতা’। স্বল্পকেশ রাহুল বোসের অভিব্যক্তিতে জন্ম হতে দেখলাম অমিত রায়ের- যার কল্পনাপ্রবণতার চেয়ে ছেলেমানুষি বড়, বিবেচনার চেয়ে আবেগ বেশি, ভালোবাসলে যে আজকের ঔদার্যে কালকের কার্পণ্যের আশঙ্কামাত্র করে না।

আরো স্পষ্ট করে দেখলাম ‘লাবণ্য’কে। ফিকে শাড়ি, নরম প্যাস্টেলরঙা চাদর, কালো টিপ। মননশীলতা আর ভালোবাসার দ্বন্দ্বে অসহায় এক বুদ্ধিদীপ্ত নারী। বাঙালির চিরকালের ‘বন্যা’- যার মধ্যে “কেবল বেদনার শক্তি নয়, সেইসঙ্গে আছে মননের শক্তি”।

দেখলাম ‘কেতকী’কে! এ যেন এক অচেনা স্বস্তিকা মুখোপাধ্যায়। অক্সফোর্ডে পীচরঙা গাউনের ‘কেতকী’ থেকে বাইরের রঙে চাপা পড়ে যাওয়া ‘কেটি’। দেব আর নীলের সুনিপুণ পোশাক-বিবর্তন তাঁকে সহায়তা করেছে ঠিক, কিন্তু অমিত-লাবণ্যকে প্রথমবার একসঙ্গে দেখার দৃশ্যে তাঁর স্কারলেট লিপস্টিকরঞ্জিত ঠোঁট আর ঠোঁটের ফাঁকে চেপে ধরতে চাওয়া সিগারেটের যুগপৎ অসহায় কেঁপে ওঠা...বড়ই আন্তরিক।

মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন

শীর্ষ রায়ের অনবদ্য ক্যামেরায় নতুন করে কাছে এলো একখন্ড পেঁজা তুলোর মত মেঘময়ী, মোহময়ী শিলং... সবুজ উপত্যকার মাঝে তুলতুলে সাদা ভেড়াদের ছুটে চলা থেকে পাইনবনের বুক চিরে চলে যাওয়া নুড়িপথ, নাম-না-জানা বুনোফুল পেরিয়ে স্বচ্ছ জলপ্রপাতের আনন্দলহর থেকে লংশটে নেওয়া কথোপকথন। কবিতার বইয়ের ভাঁজে শুকনো গোলাপ, ‘কেয়া’ হয়ে ওঠা কেতকীর লাল কুঙ্কুমের টিপ... ছোট ছোট কবিতার মোটিফে বোনা হয় সুমন মুখোপাধ্যায়ের নক্সীকাঁথা।

ভালো লাগে তুলিকা বসুর শাণিত অভিনয়। দেবদূত ঘোষের পরিমিতিবোধ ‘শোভনলাল’কে মনে করাবে অনেকদিন।

“মোর বাণীরূপ দেখিলাম আজি
নির্ঝরিণী।
তোমার প্রবাহে মনেরে জাগায়
নিজেরে চিনি” ।

নতুন আঙ্গিকে শুনলাম ‘ভালো বাসা’ আর ‘ভালো থাকা’-র চিরন্তন সংশয়বাণী-
“দু’জনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না”।

গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়

ত্রুটিবিচ্যুতি আছে। সব ছবিরই মতো। তবু আজ সত্যের কথা থাক, হৃদয়ের কথা বলি... ঠিক যেভাবে ছবির শেষভাগে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ধ্বনিত হয় চির-মিস্টিক, অনির্বাণ প্রেমের আরতি:

“তব অন্তর্ধানপটে হেরি তব রূপ চিরন্তন
অন্তরে অলক্ষ্যলোকে তোমার অন্তিম আগমন...”

জয় হয় লাবণ্যর।

জয় হয় কেতকীর।

ধন্য হয় অমিত রায়।

আরো একবার নতুন রূপ-রস-বর্ণ-গন্ধ-রহস্যময়তায় ধরা দেয় আমার আর অনেকের প্রাণের উপন্যাস- ‘শেষের কবিতা’!

“For we are bound where mariner has not yet dared to go,

 And we will risk the ship, ourselves and all...”

Wednesday, November 1, 2017

Shaadi.com ।। ২ ।। প্রাণপুত্তলি






-      যখন প্রথম হাঁটতে শিখেছিলো, মনে আছে?
-      সেই প্রথম আর শেষ তোমার অকারণে অফিস কামাই!
-      বাবা ওই বয়সেও কিনে আনলেন জোড়া ইলিশ...
-      ফিরে হাঁপাচ্ছিলেন অবশ্য...

-      শেষের দিনকটা শুধু ওর আধোগলার হিজিবিজি...
-      ওর প্রথম নুপূর... রাতে বালিশের পাশে নিয়ে শুতো!
-      তারপর... বর্ষার নদী জলে ভরে এল
-      রাতজাগা... দু’চোখের কোণে নিভন্ত কাজল

-      প্রথম পোস্টিং... গুজরাট...
-      চেন্নাই, মিজোরাম...
-      ফিরে আব্দার... ঝিরি আলুভাজা, বড়িপোস্ত
-      কিন্তু এরপর?

-      হাউইয়ের মতো উড়ে উড়ে যাবে.. ওরা
-      দোসরের ফাল্গুন
-      চলো উঠে পড়ি
-      ওবাড়িতে ফোন করে দেখো.. দিব্যর আঙুলের মাপ...

-      ঝুমুর ঘুমিয়ে নিক আরো...
-      ছুটির তো আর ক’টা দিন!

Monday, October 30, 2017

Shaadi.com ।। ১।। তুমি ফেরার আগে


Related image



এখনো অনিশ্চিত
আমাদের ঈপ্সিত স্বখাতসলিল-

এখনো অনিশ্চিত
আমাদের আরোপিত প্রেম;

এখনো অনিশ্চিত
গোলাপবাগান, হ্যারিকেন...

এখনো নতুন মশারি
অনভ্যস্ত শাড়ি

মসৃণ ধূসরে তবু,
তবু আলতো আগুনে
তোমার ধুলোচোখ...

অসহায় সমর্পনে
মিথ্যে থেকে সত্যি হ’তে হ’তে
ফিরে আসি

ফিরে ফিরে আসি...

নতুন শীতের আগে
আমার লংকোট
তোমার জ্যাকেট 

আমাদের পুজোবার্ষিকী...

ছুটি পড়লেই কিন্তু শিলং

কাজ বাকি,
কত কাজ বাকি!



Wednesday, October 18, 2017

বিসর্জন



এবার ফিরাও রাত্রি!
ধমনীতে শ্রান্ত উপবাস-

যেখানে আলোবালিকার চুলে তমিস্রাসম্ভাষ
যেখানে ত্রস্ত প্রেম, উল্কাস্তর ছেড়ে
নেমে আসে ক্ষতউন্মোচন;

সেখানে শুশ্রূষা রাখো, ব্যাঙ্গমীর স্নেহে
ডুমুরের ঝোল রেঁধে বেড়ে দাও
শিউলি-শিউলি ভাত-

খুদকুঁড়ো বলিষ্ঠ দুহাত
সান্ত্বনা শেখেনি যখন
সখা, স্রোতবান হও!

একালের ফল্গুমানব, হৃদিকারাগারে
ধূসর শিকল ছুঁয়ে বহমান হোক
তোমার আকুতি।

বিষাদঘ্ন, জঙ্গম হও-
হয়তো বা সাময়িক... আমাদের মূক স্থবিরতা
তবুও অতীত আসে, অল্পপ্রাণ গোধূলিবিন্যাস।

সবই বুঝি। বিলাসিতা।
আমি। তুমি। বিতস্তায় সূর্য- অভিসার।
প্রিয়, বিসর্জন দাও-

সায়াহ্ণের জ্যোৎস্নাগন্ধী জলে
নিরঙ্কুশ ডুবে ডুবে যাক
দেওয়ালের সপ্রশ্ন ইতিহাস!



শুরু হোক আমাদের শুকসারি দিন...

নুলিয়া




ইউরোপের, অন্ততঃ জার্মানির সেপ্টেম্বরকে বলা চলে ‘অতিথি বৃষ্টির মাস’! জুলাইয়ের উসকোখুসকো দুপুরের ঝিমধরা উষ্ণতা আর আগস্টের মাঝ থেকে শেষবিকেলের মধুমালতী হাওয়ায় চুলে এসে আটকে যাওয়া কাঁচা মেপল পাতার আলিম্পন পিছনে ফেলে এসেছে আমার প্রতীক্ষিত ‘ঘরে ফেরার মাস’! অবশ্য ঠিক এক বছর আগে এইটিই ছিল ‘ঘর ছাড়ার মাস’! এঘর থেকে ওঘর। সেঘর থেকে উঠোন।

উঠোন ডিঙ্গিয়ে কত সবুজ বনানী, কালচে পাহাড়, মেটেরঙ্গা নদী আর নীলচে সমুদ্দুর পেরিয়ে মনপবনের নাও পাড়ি দেয় কম্পাসবিহীন অভিযাত্রায়। পথের শেষ আছে বুঝি? মিলেমিশে একাকার হয়ে যায় বিরহব্যাঞ্জনা থেকে মিলন-ঔৎসুক্য... ঘর ছাড়া আর ঘরে ফেরার চিরন্তন দ্বৈতগানে... পৃথিবীর ‘করুণ রঙিন পথ’ জুড়ে...

মনে একবার আগমনী বেজে উঠলে আর সে মনে চাবুক লাগায় কার সাধ্যি? অতএব কাজে মন লাগছে না অতি সঙ্গত কারণেই। ঠিক এইরকম ইতিউতি উঁকিঝুঁকি মন নিয়ে সাতপুরনো এক ফোল্ডারে খুঁজে পেলাম বাংলাসাহিত্যের কিছু অগ্রণী লেখকের ‘প্রথম সাড়া জাগানো গল্প’-এর একটি সংকলন। এক কাপ বন্যবেরি-সুবাসিত চা নিয়ে নীল-সবুজ জংলা লেপের ওমে পা ডুবিয়ে সূচীপত্রটি দেখতে শুরু করতেই মন পুরো চুপসানো বেলুন! অধিকাংশ গল্পই যে পড়া! বিমল করের ‘আত্মজা’ থেকে আবুল বাশারের ‘অন্য নকসি’। অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘এক বর্ষার গল্প’ থেকে মতি নন্দীর ‘বেহুলার ভেলা’।

না-পড়া গল্পের চিরুনিতল্লাশিতে মিলল রমাপদ চৌধুরীর ‘আমি, আমার স্বামী ও একটি নুলিয়া’। রমাপদ চৌধুরীর ছোটগল্প আমার বিশেষ পড়া নেই- যদিও তাঁর উপন্যাসসমগ্রটি কোন এক রেসাল্ট- উচ্ছ্বাসে বাবামায়ের উপহার এবং কালক্ষেপ না করে ফাঁকিবাজ কন্যাটির আদ্যোপান্ত চেটেপুটে সাবাড়! গল্পকথনের নিটোল ভঙ্গী এবং ভাষার অকপট সারল্যে ওনার লেখনী বেশ প্রিয় হয়ে উঠেছিল ‘ঠোঙাটুকুও না-পড়ে না-ফেলা’ কিশোরী আমার।

যাইহোক, গল্পে ফিরি। সাদামাটা কথকতার ধাঁচে এক নবপরিণীতা বধূর আটপৌরে জীবনের কয়েকটা দিন। কোন চমক বা চটক এ গল্পের উদ্দেশ্য নয়...

সে ঢেউ দেখেনি কখনো। মধুচন্দ্রিমায় এসে সমুদ্রের বিশালত্বে সে বিস্মিত, পুলকিত। তবু ঢেউয়ের খুব কাছে যেতে তার সশঙ্ক কুণ্ঠা, যেভাবে ফুলশয্যার রাতে অদ্ভুত ভালোলাগা বুকে নিয়েও সদ্যচেনা মানুষটির কাছে সলজ্জ সঙ্কোচটুকু ছিল! সদ্য স্বামীপদপ্রাপ্ত তরুণটি স্ত্রীর কাছে নায়কোচিত বীরত্ব প্রদর্শনের প্রথম সুযোগটি হারাতে নিতান্ত নারাজ... সমুদ্র তো তার কাছে নতুন কিছু নয়! নুলিয়ার সাবধানবাণী অগ্রাহ্য করে একাই সমুদ্রস্নানে নামে সে, আর বেশ নিপুণ দক্ষতায় ঢেউয়ের উপর লাফ আর ঢেউ নামার সময়ে ডুব দিয়ে দিয়ে সরে যেতে থাকে তটরেখা থেকে। কয়েক মুহূর্তের মুগ্ধ গর্বের ঘোর কেটে গেলে তরুণীটি বোঝে যে স্রোতের টানে অসহায় হয়েই স্বামী ভেসে যাচ্ছে অনেক দূরে। দিকভ্রান্ত হয়ে ছুটে নুলিয়ার হাতে ভারী সোনার বালাদুটো গুঁজে দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর আর্জি জানিয়েই তীব্র মানসিক উত্তেজনায় জ্ঞান হারায় সে!

বালাদুটি তরুণীর কাছেই রেখে জলে ঝাঁপ দিয়ে নুলিয়া বাঁচায় স্বামীটিকে। কিন্তু শ্রান্ত শরীর আর ধ্বস্ত মন নিয়ে হোটেলে ফিরে যাওয়ার সময় সে ভুলে যায় বালা দেওয়ার কথা। না, সে অকৃতজ্ঞ নয়- বারেবারেই তিনভরির বালার দিকে চেয়ে মনে হয় যে প্রিয় মানুষটির প্রাণের কাছে এ অতি তুচ্ছ; কিন্তু ওবাড়িতে যদি কেউ খুব বকে? নতুন সংসারে তার নতুন সখী বড়জায়ের পছন্দের এই বালা দান করে বসলে তার বিষয়বুদ্ধির উপর আর আস্থা থাকবে কারো? তবে কি একজোড়া চুড়ি? এক ভরি তো হবেই, নুলিয়া তার বউকে পরাবে বেশ? কিন্তু দিদির সাধের ডিজাইনের চুড়ি যে- দিদি যে তার বড্ড আদরের! তবে কি আংটি? কিন্তু জামাইবাবু বড় স্নেহ করেন তাকে, যদি হঠাৎ পরে দেখাতে বলেন একদিন? সে বড় অনুচিত হবে! আর নুলিয়াদের কর্তব্যই তো ডুবন্ত মানুষকে বাঁচানো... সরকার থেকে রীতিমতো টাকা পায় যে ওরা?

ফিরে যাওয়ার দিন হোটেল থেকে বাক্সপ্যাঁটরা রিক্সায় তোলার সময় নুলিয়ার সঙ্গে দেখা... মনে বেশ আত্মগ্লানি। কিন্তু এবারো সমস্যা- দশটাকার নোটে যে বটুয়া ভর্তি! অগত্যা এক টাকার একটি নোট দিয়ে বিদায় নেওয়া। নুলিয়াও হাসিমুখে সেলাম জানিয়ে গল্পে শেষ টানে। এখানেই গল্পের শেষ এবং আমার বীক্ষণের শুরু। এই গল্পের মধ্যে অনর্থক ধনী কর্তৃক দরিদ্রের শোষণ, প্রতিশ্রুতি-ভঙ্গ ইত্যাদি জটিলতার সন্ধান না করাই শ্রেয়। আনাড়ি আটপৌরে বৌটিকে আর যাই হোক ঠিক শোষকশ্রেণীর প্রতিভূ ভেবে ওঠা যায়না। তার দোষ যদি কিছু থেকে থাকে তা হ’ল ‘মোহ’... আঁকড়ে রাখার চেষ্টা... আর সেই দোষে কি আমরা সকলেই অল্পবিস্তর দোষী নই?

নিয়তই নিজেদের কাছে চলছে আমাদের মনকে চোখ ঠারার পালা। আত্মবিস্মৃতি। আত্মপ্রবঞ্চনা। নিঃসাড় বস্তু, এমনকি সারহীন সম্পর্কগুলিও টিকিয়ে রাখার কী প্রবল হাস্যকর চেষ্টা! প্রতিশ্রুতিভঙ্গের প্রায় সমতুল অপরাধ নিজেকে স্তোকবাক্যে বশীভূত করা। আমাদের সকলেরই জীবনে এমন হাজারো নুলিয়ার আনাগোনা। প্রতিটি ডুবে যাওয়ার মুহূর্তে হয়তো নিজেরই অজান্তে তাকে কোন কথা দেওয়া হয়ে গেছে আর আবার অজান্তেই একা একা এই দর কষাকষির খেলা খেলে চলেছি... বালা থেকে চুরি-আংটি হয়ে শেষকালে একটাকার নোট হাতে দাঁড়িয়ে রয়েছি কোন এক হিসেবী সৈকতে, নুলিয়াদের অপেক্ষায়!

হয়তো তাদের কেউ ভুলে- যাওয়া কৈশোরসঙ্গিনী।

কেউবা শাওনবেলার দোসর।

রক্তসম্পর্ক অতিক্রম করা কোন প্রিয় অবয়ব।

প্রিয় লেখক। চিত্রকর। প্রত্যক্ষ- পরোক্ষ শিক্ষকেরা।

এই সকল নুলিয়াদের কাছেই আমাদের ঋণ... হয়তো বা ভিন্ন ভিন্ন পরিমাপে, বিবিধ পরিচয়ে... আকাঙ্ক্ষার চৌহদ্দি অনায়াসে পেরিয়েই স্নেহ-প্রেম-শিক্ষা-শিল্প-সৃজন- সাহচর্য- সমমর্মিতায় এই নুলিয়ারা পৃথিবীর উপর আরও একটু আস্থা বাড়িয়ে দিয়েছেন তোমার- আমার।
অন্তর ও সমাজের অন্ধকার সময়ের স্রোত যতদিন গ্রাস করে নিতে চাইবে আমাদের মনন ও চেতনা, ততদিন নিঃসীম শূন্যতার মহামারী পরাস্ত করে আমাদের সুরম্য আশ্রয় সুনিশ্চিত করবেন নতুন কোন নুলিয়া... তাঁরা সংখ্যায় অগণ্য, বহুধাবিস্তৃত তাঁদের ক্ষমতার পরিসর...
তাঁরা যার প্রদীপের দৈত্য, সেই আলাদিন শুভচিন্তক মানুষের অন্তরে লালিত অনির্বাণ আলো...
সত্যে... প্রজ্ঞায়... সুন্দরে...

“যতই শান্তিতে স্থির হয়ে যেতে চাই;
কোথাও আঘাত ছাড়া- তবুও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই।...” (জীবনানন্দ)

ফেরা




ইদানীং সূর্যাস্তে দানিয়ুবের পাশে গেলে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। একপশলা হুহু বাতাস শিরদাঁড়ায় হালকা কাঁপুনি ধরিয়ে ভয় দেখায়... বছরের বরফে-মোড়া অর্ধাংশের অশনিসঙ্কেত!

ওপারের ব্রীজ পেরিয়ে ধীরপায়ে গির্জা-চত্বরে ফেরার সময়ে কখনো সখনো দেখা দেয় জেলেদের উঁচুনিচু কোয়ার্টারের নামমাত্র বাগানে লতানো হলদে-বেগুনি ঘাসফুল আর ছোটোবড়ো কিছু ম্যাওপুষি!

এসবেরই মাঝে মুন্সটারের ঘণ্টা ছাপিয়ে শুনতে পাই প্রায় সাড়ে চার হাজার মাইল দূরের আরশিনগরে শিউলি ফোটার শব্দ... বাবার পাঠানো ছবিতে দেখি আমারি লাগানো অযত্নলালিত গাছে ফিকে গোলাপি গোলাপের জন্ম... মা দেখায় তিন গোলুমোলু ছানা নিয়ে আমার কিশোরী মিনির নাজেহাল দশা!

প্রতিটি ছবিতেই আমি শুধু দেখতে পাই অপেক্ষা...

অপেক্ষায় আমার প্রিয় অন্তঃপুরিকা শরৎ... বাংলার বাইরে যে তার পা রাখা মানা!

অপেক্ষায় লাল- সোনালি কবিতার ডায়েরী আর পেঁয়াজপোস্তের বাটি!

অপেক্ষায় প্রিয়মুখের সারি... আর তরঙ্গায়িত কাশ...



আমাকে যে ফিরতেই হবে! 

ঋতুরাজ





বৃষ্টিশহর বোবা-অসহায়, থমকে রেলিং-গ্রীল
নীল ডায়েরির ভাঁজে রয়ে যায় উনিশে এপ্রিল!
দহনে জীবন, প্রতিবাদী মন ভীষণ অসম্ভব
প্রেমে-অভিমানে পর্দা-পুরাণে অকুণ্ঠ উৎসব!

কুয়াশাগহিন পাহাড়ের বাঁকে তিতলিরা অস্ফুট
সানগ্লাসে ঢাকে ভীরু অনুভব, অস্থির চিরকুট!
চোখে মেশে বালি, বাড়িওয়ালির আয়না কাল্পনিক
প্রথম পুরুষে আঁকা ক্যানভাস, সব চরিত্র ঠিক!

অন্তরে স্মৃতি, মহলে জীবন, প্রতিদিনই শুভ মহরৎ
কবিতার সাথে ছন্দে মেলানো, রেনকোটে ঢাকা রাজপথ!
লাস্ট লীয়রের অবুঝ আবেগে, আদরে ও অনাদরে
রাতজাগা চোখ কোন্ বই খোঁজে মা’র ফেলে যাওয়া ঘরে!

শরীরে-মুকুরে দুই অভিনয়, যুগের চিত্রাঙ্গদা
সত্যান্বেষী, আগুন চেনোনি, পরজনমের রাধা!
অসময়ে এই নৌকোরা ডোবে, অসুখের কালবেলা
গানের ওপারে ভিড় থেমে যায়, আবহমানের খেলা!

ধোঁয়ারঙ জমে ফুলে ও মালায়, দোসর আসেনা ফিরে
পর্দা সরেনা, আংটিরা ভেজে, চুরি হয়ে গেছে হীরে!

অবসর



দক্ষিণে ঝুলবারান্দা, আরামচেয়ার
লেবুগন্ধ কমলা রোদ-
ছোট্ট টেবিলে ধুলোপায়ে বসেছেন
সুধীন্দ্রনাথ, ওমর খৈয়াম;
বিদেশী চকলেটে রীতিমতো নৈবেদ্য রেখেছি...
বাঁদিকের চেয়ারটা আমার
(এখনো তো বাঁদিকেই হাঁটি, ছায়া পড়ে)
ফিরোজা কুশনে হেলান-
সেঁকে নেওয়া শ্রান্ত ফুসফুস

পুবে স্বর্ণচাঁপা,
রেলিঙের গায়ে গায়ে অবসন্ন রেণুসঞ্চার-
সোডিয়াম ল্যাম্পের হলুদ আলোয়
কোনো কোনো রাতে স্বর্ণবৃষ্টি নেমে এলে
দাঁড়াবো জানালায়;
আমরা দুজন ভিখারী...
আর হাত পেতে চাঁপাধোয়া জল নেবো
আতপ্ত কপালে

পশ্চিমে শোওয়ার ঘর।
দেওয়ালে মুচকি হাসে ল্যাভেন্ডার নোট-
ওষুধ- রুটিন, খাওয়ার আগে ও পরে ইত্যাদি!
মেঝেতে শীতলপাটি;
খানকয় আলমারি...
টিমোথি ফেরিস, লিজ়া র‍্যানডাল,
মিজ়লার, পোপ, সাগান ও ডকিন্স

উত্তরে হিমহাওয়া, ব্যাধিজরাভয়
কখনো আলসেমি করে আধপাল্লা খুলো-
বুড়ো নিমগাছ, অবাধ্য জোনাকি,
কখনো বা ডালে আটকানো
সুতোছেঁড়া মাছরাঙা ঘুড়ি

এভাবেই যে কদিন
এক্কাদোক্কা
এক্কাদোক্কা



মৃতসঞ্জীবনী


The Resurrection Stone 


সেইসব রাতে জানলারা জোলো হাওয়া মাখে... নৈঃশব্দ্যেরা টুকরো টুকরো ছড়িয়ে পড়তে থাকে ঝুলবারান্দা পেরিয়ে আকাশমণি গাছটার কাছে, যেখানে কুবোপাখিদুটো ঝিম হয়ে দুপুর গুনতো কোনো এক অঘ্রাণে! পাতাঝরা গাছটার অসুস্থ বাদামী শরীরে হাত রেখে, ভিজে ওঠা চোখে সযত্নে কাজল পরায় মাঘের তন্ময় অবসর...

সেইসব রাত্রিরা হাত ধরে মিছিলে নামায়... মিছিলের মুখেরা সবাই মুখোশ... হাতে সময়ের নীলাভ ফানুস... ভিড়ের মাঝেই অদৃশ্য কোনো হাত এসে ঠোঁট চেপে রাখে... ফিসফিসিয়ে বলে ওঠে, ‘কবে? কবে শেষবার? কবে শেষবার নতজানু হয়েছো? হিমহাওয়ায় ভেসে আসা চাঁপাগন্ধ জ্যোৎস্নার কাছে? তোমারই চোখের জল মিশে মিশে লবণাক্ত বৃষ্টিকণাটির কাছে? বালিয়াড়ি ভাঙ্গতে ভাঙ্গতে নিজে এলোমেলো হয়ে যাওয়া প্রতিটি তরঙ্গের কাছে? তোমার আটকে যাওয়া প্রতিটি সংলাপ, তোমার নিরাশা, তোমার অনাসক্তির কাছে?

প্রেমিক নয়, নিছকই প্রেমের কাছে হাঁটু মুড়ে বসেছো কোনোদিন?

আর...আর... সময়ের কাছে?

মুখোশ-মানুষেরা পথ ছেড়ে দাঁড়ায়...

নতজানু হয়ে বসবার নরম ঘাস খুঁজতে খুঁজতে ছয় সমুদ্র, বারো নদী পেরোতেই থাকি... ভাঙ্গতে থাকে আয়নামহল... আবারো টুকরো টুকরো ছড়িয়ে পড়তে থাকে নৈঃশব্দ্যের চিরকুট... আর আমি নিষ্ফল ক্রোধে হাতে তুলে নিই সময়ের ছুরি!

সদ্যোজাত রক্তবিন্দুটি অভিযোগাকুল তর্জনী থেকে সদর্পে ঝরে পড়ে সপ্তম সৈকতে, ত্রয়োদশ নদীটির মোহনায়... সরে যায় ঝুরো বালুতট...

রক্তবীজ ফুঁড়ে জেগে ওঠে ধানীরঙ গালিচার অভিমান... ডুবোজাহাজেরা আঙ্গুলে আঙ্গুল রেখে খুঁজে চলে উত্তরফাল্গুনী...

নতজানু হই...

নতজানু হই...