ইদানীং সূর্যাস্তে দানিয়ুবের পাশে গেলে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। একপশলা
হুহু বাতাস শিরদাঁড়ায় হালকা কাঁপুনি ধরিয়ে ভয় দেখায়... বছরের বরফে-মোড়া অর্ধাংশের
অশনিসঙ্কেত!
ওপারের ব্রীজ পেরিয়ে ধীরপায়ে গির্জা-চত্বরে ফেরার সময়ে কখনো সখনো দেখা দেয় জেলেদের
উঁচুনিচু কোয়ার্টারের নামমাত্র বাগানে লতানো হলদে-বেগুনি ঘাসফুল আর ছোটোবড়ো কিছু
ম্যাওপুষি!
এসবেরই মাঝে মুন্সটারের ঘণ্টা ছাপিয়ে শুনতে পাই প্রায় সাড়ে চার হাজার মাইল
দূরের আরশিনগরে শিউলি ফোটার শব্দ... বাবার পাঠানো ছবিতে দেখি আমারি লাগানো
অযত্নলালিত গাছে ফিকে গোলাপি গোলাপের জন্ম... মা দেখায় তিন গোলুমোলু ছানা নিয়ে
আমার কিশোরী মিনির নাজেহাল দশা!
প্রতিটি ছবিতেই আমি শুধু দেখতে পাই অপেক্ষা...
অপেক্ষায় আমার প্রিয় অন্তঃপুরিকা শরৎ... বাংলার বাইরে যে তার পা রাখা মানা!
অপেক্ষায় লাল- সোনালি কবিতার ডায়েরী আর পেঁয়াজপোস্তের বাটি!
অপেক্ষায় প্রিয়মুখের সারি... আর তরঙ্গায়িত কাশ...
আমাকে যে ফিরতেই হবে!

No comments:
Post a Comment