Wednesday, October 18, 2017

সোনামুঠি-ধুলোমুঠি


ডিসেম্বরে বড়দিনের ছুটিতে দেশে ফেরার আগেরদিন সদ্যবান্ধবী আনা জিজ্ঞেস করেছিল আমার বিশেষ খুশির নির্দিষ্ট কারণটি কী! বাবা-মা? বন্ধুরা? বিশেষ কেউ? নাকি শুধুমাত্র ‘ভারতে’ ফেরারই উচ্ছ্বাস?

আনা আর্জেন্টিনার মেয়ে, একবছরের প্রোজেক্ট করতে এসেছে দক্ষিণ জার্মানির এই ছোট্ট শহরে! রোজ রাতে লুকিয়ে কাঁদে পোষ্য সারমেয়শাবক দুটির জন্য। বাবা-মায়ের সঙ্গে তো কথা বলা চলে, কিন্তু ওই অবোলা জীবেরা স্কাইপের ওপার থেকে করুণ চোখে তাকিয়ে থাকে, ওর গায়ের গন্ধ পেতে চায়। এত সংবেদনশীল তরুণীটিকে দেওয়ার মতো সঠিক উত্তর ছিলোনা সেদিন আমার কাছে- বলেছিলুম, ‘হয়তো সবটা মিলিয়েই’! ফ্লাইটে বসেও কিছুক্ষণ ভেবেছি ওর প্রশ্নের গভীরতা, আর তারপর ঘরে ফেরার আনন্দে ভুলে গেছি- স্বপ্নের মতো কেটে গেছে ছুটি- ছুটি সপ্তাহেরা!

যখন ফিরলুম, বরফের পশমিনায় মোড়া শহরে অভ্যস্ত হতেই কাটল সপ্তাহান্ত; তারপর শুরু হোল সায়েবছানা-মেমছানাদের ক্লাস নেওয়ার পর্ব! তেইশের সকাল থেকে মুখবইয়ের দেওয়ালে দেওয়ালে ফিরে এসেছেন নেতাজি, ফিরে এসেছে সত্যি-মিথ্যে দেশপ্রেম। তাই আনার প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে ছুঁড়ে দিচ্ছি নিজের দিকে- আমার কাছে ‘ভারতবর্ষ’ কী?

|| ১ ||

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা ধানবাদের সোনালির স্বপ্নেরা এক রাতে থমকে গেছিল এক বোতল অ্যাসিড হাতে অপেক্ষমাণ নিশাচরদের কাছে। ঝলসানো শরীর নিয়ে বেঁচে যাওয়ার পর তার নতুন করে এক চোখে স্বপ্ন দেখার শুরু- ভালো থাকার, ভালো রাখার বাণী ছড়িয়ে দেওয়ার কাজে! তার মতো এমন অনেক ঝলসানো দেহমনে সোনালি প্রতিনিয়ত সঞ্চারিত করে চলেছে সাহস, স্থৈর্য, আশা। সোনালির লড়াইয়ের কাহিনী শুনে টিভি চ্যানেল থেকে ফোন নম্বর জোগাড় করে আলাপ করেছিল চিত্তরঞ্জন। জীবনসঙ্গীর প্রেরণাময় সাহচর্য এখন সোনালির অন্যতম শক্তি। সোনালি আর চিত্তরঞ্জন আমার ভারতবর্ষ!
|| ২ ||

রীনাদির রাঙাঠাম্মার কাছে গেলেই পাওয়া যেত নারকোলের তক্তি, নিদেনপক্ষে দু’এক টুকরো পাটালি। বালবিধবা শুদ্ধাচারিণী রাঙাঠাম্মা স্বপাক ছাড়া মুখে তোলেননি সারাজীবন। স্নানের পর প্রিয় নাতিনাতনিরা ছুঁয়ে দিলে তাদের জড়িয়ে আদর করলেও দ্বিতীয়বার স্নানটি সেরে নিতে ভুল হতো না তাঁর। আমাদের না-দেখা সেই রাঙাদাদুর মৃত্যুদিনে দান করতেন মুক্তহস্তে আর শিবুদাকে কড়া হুকুম ছিল- কাঙালিভোজন বা কম্বল-বিতরণ থেকে পাশের মুসলমান বস্তির দুঃখীরা যেন বাদ না পড়ে! রাঙাঠাম্মা আমার ভারতবর্ষ!

|| ৩ ||

মথুরার নীরজ কুমারী ভালবেসেছিল অজয়কে। সেই রাতে যখন প্রিয় দুটো হাত সাঁড়াশির মতো চেপে ধরেছিল তার গলা, তখনো সে ঠিক বুঝে উঠতে পারেনি যে হাতে সে জ্ঞানবয়স থেকে রাখী পরিয়ে এসেছে, যে হাত তাকে কাঁধে তুলে গ্রামের মেলায় ঘুরেছে অক্লান্ত, সেই হাতেরা তাকে কোন অপরাধের শাস্তি দিচ্ছে! তার শরীরটাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলতে চাইছে অন্য দুটো হাত- যে মা তার জ্বর হোলে সারারাত জেগে মাথায় হাত বুলিয়েছে সেই আঁচলেই আজ কেরোসিনের গন্ধে দম বন্ধ হয়ে যায়। জ্বলতে জ্বলতে নিভে যায় জাতিভেদে বিশ্বাস না করা নীরজ, সাহসিনী প্রেমিকা নীরজ, মানবতায় আস্থা রাখা নীরজ। নীরজ আমারি ভারতবর্ষ!

|| ৪ ||

তৃতীয় সন্তানটিও মেয়ে হোলে বাসন্তীর মাথা থেঁতলে দেওয়ার ভয় দেখিয়েছিল স্বপন। বাতের ব্যথায় ঘুম ভেঙে যাওয়া সেই রাতে ব্যথা কমার পরেও ঘুম আসেনি কাবেরীদেবীর। পরদিন সকালেই গ্রামের উকিলবাবুর সঙ্গে পরামর্শের পর পুত্রবধূকে বাড়িটি দানপত্র করে দিয়ে ছেলেকে ত্যাজ্যপুত্র করেন তিনি। তিনটি ফুটফুটে পরী নিয়ে এখন দুই স্বাধীন মানবীর নির্ভয় আনন্দের সংসার। মহা উৎসাহে চলছে জ্যাম-জেলি-আচার তৈরির ঘরোয়া কারখানা। নাতনিদের ভালো স্কুলে পড়িয়ে স্বাবলম্বী করতেই হবে যে! কাবেরীদেবী আমার ভারতবর্ষ!

|| ৫ ||

বাবার জন্মদিন কিছুটা অন্যরকমভাবে পালনের উদ্দেশ্যে ইন্দোরের এক অনাথ-আশ্রমে গেছিলেন পুনের তরুণ সফটওয়্যার ইঞ্জিনীয়ার আদিত্য। প্রথম দর্শনেই ভালোবাসা। এবং কোন সুহাসিনী- সুভাষিণীর প্রতি নয়; সকলের নজর এড়িয়ে কিছুটা দূরের ছোট্ট খাটে শুয়ে থাকা অবহেলিত শিশু বিন্নির প্রতি। আদিত্যর আঙুলগুলো নিজের ছোট্ট মুঠিতে জড়িয়ে সে যে ছাড়তেই চাইছিল না আর! ডাউন্স সিনড্রোমে আক্রান্ত বিন্নির হার্টেও রয়েছে ছিদ্র। তাই অন্য শিশুদের একে একে দত্তক নিলেও বিন্নির দায়িত্ব নিতে অনাগ্রহী সম্ভাব্য পালক পরিবারেরা। মাত্র কিছুদিন ভেবেই একক পিতা হিসেবে বিন্নিকে দত্তক নিতে চাইলেন আদিত্য। হাজারো সামাজিক বাধা আর লালফিতের ফাঁস পেরিয়ে আইনিভাবে পিতৃত্বের স্বীকৃতি পেতে কেটে গেলো বেশ কিছুটা সময়। সন্তানের চিকিৎসা এবং আনুষঙ্গিক সকল দায়িত্ব একা নিতে প্রস্তুত পৃথিবীর কনিষ্ঠতম একক পিতা। কুর্নিশ, আদিত্য! আপনিও আমার ভারতবর্ষ!


কর্ণাটকের কাবেরীসঙ্গমে শান্তিধারায় বয়ে চলেছে আমার স্রোতস্বতী ভারতবর্ষ।

দাবদাহদগ্ধ রাজস্থানের প্রত্যন্ত গ্রামে মাইলের পর মাইল আগুনপায়ে জলের সন্ধানে হেঁটে চলেছে আমার দৃপ্ত ভারতবর্ষ।

স্বপ্নশহর মুম্বাইয়ের অলিগলিতে তারা হয়ে ওঠার ঝিলমিল স্বপ্ন বুকে ঘুরে ঘুরে সন্ধ্যের মেরিন ড্রাইভে নরম সূর্যাস্ত দেখে মুগ্ধ হচ্ছে আমার শ্রান্ত ভারতবর্ষ।

শিখর- অভিযানের মূলপর্ব শুরুর আগে এভারেস্ট বেসক্যাম্পে বসে ইথারতরঙ্গে সদ্যোজাত কন্যার কান্নাবুলি শুনে নিতে চাইছে আমার অসমসাহসী ভারতবর্ষ!

ধুলোয় সোনা খুঁজে নিচ্ছে আমার ভারতবর্ষ।
সোনাকে পায়ে ঠেলে দিচ্ছে আমার ভারতবর্ষ।

‘বারে বারে ভুল করে ফেলা’ ভারতবর্ষ...
‘বারে বারে ভুল শুধরে নেওয়া’ ভারতবর্ষ...

“সময় কেবলি নিজ নিয়মের মতো; তবু কেউ
সময়স্রোতের পরে সাঁকো
বেঁধে দিতে চায়;
ভেঙে যায়;
যত ভাঙে তত ভালো...”

(জীবনানন্দ)

No comments:

Post a Comment