![]() |
| The Resurrection Stone |
সেইসব রাতে জানলারা জোলো হাওয়া মাখে... নৈঃশব্দ্যেরা টুকরো টুকরো ছড়িয়ে
পড়তে থাকে ঝুলবারান্দা পেরিয়ে আকাশমণি গাছটার কাছে, যেখানে কুবোপাখিদুটো ঝিম হয়ে
দুপুর গুনতো কোনো এক অঘ্রাণে! পাতাঝরা গাছটার অসুস্থ বাদামী শরীরে হাত রেখে, ভিজে ওঠা
চোখে সযত্নে কাজল পরায় মাঘের তন্ময় অবসর...
সেইসব রাত্রিরা হাত ধরে মিছিলে নামায়... মিছিলের মুখেরা সবাই মুখোশ... হাতে
সময়ের নীলাভ ফানুস... ভিড়ের মাঝেই অদৃশ্য কোনো হাত এসে ঠোঁট চেপে রাখে...
ফিসফিসিয়ে বলে ওঠে, ‘কবে? কবে শেষবার? কবে শেষবার নতজানু হয়েছো? হিমহাওয়ায় ভেসে
আসা চাঁপাগন্ধ জ্যোৎস্নার কাছে? তোমারই চোখের জল মিশে মিশে লবণাক্ত বৃষ্টিকণাটির
কাছে? বালিয়াড়ি ভাঙ্গতে ভাঙ্গতে নিজে এলোমেলো হয়ে যাওয়া প্রতিটি তরঙ্গের কাছে?
তোমার আটকে যাওয়া প্রতিটি সংলাপ, তোমার নিরাশা, তোমার অনাসক্তির কাছে?
প্রেমিক নয়, নিছকই প্রেমের কাছে হাঁটু মুড়ে বসেছো কোনোদিন?
আর...আর... সময়ের কাছে?
মুখোশ-মানুষেরা পথ ছেড়ে দাঁড়ায়...
নতজানু হয়ে বসবার নরম ঘাস খুঁজতে খুঁজতে ছয় সমুদ্র, বারো নদী পেরোতেই
থাকি... ভাঙ্গতে থাকে আয়নামহল... আবারো টুকরো টুকরো ছড়িয়ে পড়তে থাকে নৈঃশব্দ্যের
চিরকুট... আর আমি নিষ্ফল ক্রোধে হাতে তুলে নিই সময়ের ছুরি!
সদ্যোজাত রক্তবিন্দুটি অভিযোগাকুল তর্জনী থেকে সদর্পে ঝরে পড়ে সপ্তম সৈকতে,
ত্রয়োদশ নদীটির মোহনায়... সরে যায় ঝুরো বালুতট...
রক্তবীজ ফুঁড়ে জেগে ওঠে ধানীরঙ গালিচার অভিমান... ডুবোজাহাজেরা আঙ্গুলে
আঙ্গুল রেখে খুঁজে চলে উত্তরফাল্গুনী...
নতজানু হই...
নতজানু হই...

সুন্দর
ReplyDelete