Wednesday, October 18, 2017

নুলিয়া




ইউরোপের, অন্ততঃ জার্মানির সেপ্টেম্বরকে বলা চলে ‘অতিথি বৃষ্টির মাস’! জুলাইয়ের উসকোখুসকো দুপুরের ঝিমধরা উষ্ণতা আর আগস্টের মাঝ থেকে শেষবিকেলের মধুমালতী হাওয়ায় চুলে এসে আটকে যাওয়া কাঁচা মেপল পাতার আলিম্পন পিছনে ফেলে এসেছে আমার প্রতীক্ষিত ‘ঘরে ফেরার মাস’! অবশ্য ঠিক এক বছর আগে এইটিই ছিল ‘ঘর ছাড়ার মাস’! এঘর থেকে ওঘর। সেঘর থেকে উঠোন।

উঠোন ডিঙ্গিয়ে কত সবুজ বনানী, কালচে পাহাড়, মেটেরঙ্গা নদী আর নীলচে সমুদ্দুর পেরিয়ে মনপবনের নাও পাড়ি দেয় কম্পাসবিহীন অভিযাত্রায়। পথের শেষ আছে বুঝি? মিলেমিশে একাকার হয়ে যায় বিরহব্যাঞ্জনা থেকে মিলন-ঔৎসুক্য... ঘর ছাড়া আর ঘরে ফেরার চিরন্তন দ্বৈতগানে... পৃথিবীর ‘করুণ রঙিন পথ’ জুড়ে...

মনে একবার আগমনী বেজে উঠলে আর সে মনে চাবুক লাগায় কার সাধ্যি? অতএব কাজে মন লাগছে না অতি সঙ্গত কারণেই। ঠিক এইরকম ইতিউতি উঁকিঝুঁকি মন নিয়ে সাতপুরনো এক ফোল্ডারে খুঁজে পেলাম বাংলাসাহিত্যের কিছু অগ্রণী লেখকের ‘প্রথম সাড়া জাগানো গল্প’-এর একটি সংকলন। এক কাপ বন্যবেরি-সুবাসিত চা নিয়ে নীল-সবুজ জংলা লেপের ওমে পা ডুবিয়ে সূচীপত্রটি দেখতে শুরু করতেই মন পুরো চুপসানো বেলুন! অধিকাংশ গল্পই যে পড়া! বিমল করের ‘আত্মজা’ থেকে আবুল বাশারের ‘অন্য নকসি’। অতীন বন্দ্যোপাধ্যায়ের ‘এক বর্ষার গল্প’ থেকে মতি নন্দীর ‘বেহুলার ভেলা’।

না-পড়া গল্পের চিরুনিতল্লাশিতে মিলল রমাপদ চৌধুরীর ‘আমি, আমার স্বামী ও একটি নুলিয়া’। রমাপদ চৌধুরীর ছোটগল্প আমার বিশেষ পড়া নেই- যদিও তাঁর উপন্যাসসমগ্রটি কোন এক রেসাল্ট- উচ্ছ্বাসে বাবামায়ের উপহার এবং কালক্ষেপ না করে ফাঁকিবাজ কন্যাটির আদ্যোপান্ত চেটেপুটে সাবাড়! গল্পকথনের নিটোল ভঙ্গী এবং ভাষার অকপট সারল্যে ওনার লেখনী বেশ প্রিয় হয়ে উঠেছিল ‘ঠোঙাটুকুও না-পড়ে না-ফেলা’ কিশোরী আমার।

যাইহোক, গল্পে ফিরি। সাদামাটা কথকতার ধাঁচে এক নবপরিণীতা বধূর আটপৌরে জীবনের কয়েকটা দিন। কোন চমক বা চটক এ গল্পের উদ্দেশ্য নয়...

সে ঢেউ দেখেনি কখনো। মধুচন্দ্রিমায় এসে সমুদ্রের বিশালত্বে সে বিস্মিত, পুলকিত। তবু ঢেউয়ের খুব কাছে যেতে তার সশঙ্ক কুণ্ঠা, যেভাবে ফুলশয্যার রাতে অদ্ভুত ভালোলাগা বুকে নিয়েও সদ্যচেনা মানুষটির কাছে সলজ্জ সঙ্কোচটুকু ছিল! সদ্য স্বামীপদপ্রাপ্ত তরুণটি স্ত্রীর কাছে নায়কোচিত বীরত্ব প্রদর্শনের প্রথম সুযোগটি হারাতে নিতান্ত নারাজ... সমুদ্র তো তার কাছে নতুন কিছু নয়! নুলিয়ার সাবধানবাণী অগ্রাহ্য করে একাই সমুদ্রস্নানে নামে সে, আর বেশ নিপুণ দক্ষতায় ঢেউয়ের উপর লাফ আর ঢেউ নামার সময়ে ডুব দিয়ে দিয়ে সরে যেতে থাকে তটরেখা থেকে। কয়েক মুহূর্তের মুগ্ধ গর্বের ঘোর কেটে গেলে তরুণীটি বোঝে যে স্রোতের টানে অসহায় হয়েই স্বামী ভেসে যাচ্ছে অনেক দূরে। দিকভ্রান্ত হয়ে ছুটে নুলিয়ার হাতে ভারী সোনার বালাদুটো গুঁজে দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর আর্জি জানিয়েই তীব্র মানসিক উত্তেজনায় জ্ঞান হারায় সে!

বালাদুটি তরুণীর কাছেই রেখে জলে ঝাঁপ দিয়ে নুলিয়া বাঁচায় স্বামীটিকে। কিন্তু শ্রান্ত শরীর আর ধ্বস্ত মন নিয়ে হোটেলে ফিরে যাওয়ার সময় সে ভুলে যায় বালা দেওয়ার কথা। না, সে অকৃতজ্ঞ নয়- বারেবারেই তিনভরির বালার দিকে চেয়ে মনে হয় যে প্রিয় মানুষটির প্রাণের কাছে এ অতি তুচ্ছ; কিন্তু ওবাড়িতে যদি কেউ খুব বকে? নতুন সংসারে তার নতুন সখী বড়জায়ের পছন্দের এই বালা দান করে বসলে তার বিষয়বুদ্ধির উপর আর আস্থা থাকবে কারো? তবে কি একজোড়া চুড়ি? এক ভরি তো হবেই, নুলিয়া তার বউকে পরাবে বেশ? কিন্তু দিদির সাধের ডিজাইনের চুড়ি যে- দিদি যে তার বড্ড আদরের! তবে কি আংটি? কিন্তু জামাইবাবু বড় স্নেহ করেন তাকে, যদি হঠাৎ পরে দেখাতে বলেন একদিন? সে বড় অনুচিত হবে! আর নুলিয়াদের কর্তব্যই তো ডুবন্ত মানুষকে বাঁচানো... সরকার থেকে রীতিমতো টাকা পায় যে ওরা?

ফিরে যাওয়ার দিন হোটেল থেকে বাক্সপ্যাঁটরা রিক্সায় তোলার সময় নুলিয়ার সঙ্গে দেখা... মনে বেশ আত্মগ্লানি। কিন্তু এবারো সমস্যা- দশটাকার নোটে যে বটুয়া ভর্তি! অগত্যা এক টাকার একটি নোট দিয়ে বিদায় নেওয়া। নুলিয়াও হাসিমুখে সেলাম জানিয়ে গল্পে শেষ টানে। এখানেই গল্পের শেষ এবং আমার বীক্ষণের শুরু। এই গল্পের মধ্যে অনর্থক ধনী কর্তৃক দরিদ্রের শোষণ, প্রতিশ্রুতি-ভঙ্গ ইত্যাদি জটিলতার সন্ধান না করাই শ্রেয়। আনাড়ি আটপৌরে বৌটিকে আর যাই হোক ঠিক শোষকশ্রেণীর প্রতিভূ ভেবে ওঠা যায়না। তার দোষ যদি কিছু থেকে থাকে তা হ’ল ‘মোহ’... আঁকড়ে রাখার চেষ্টা... আর সেই দোষে কি আমরা সকলেই অল্পবিস্তর দোষী নই?

নিয়তই নিজেদের কাছে চলছে আমাদের মনকে চোখ ঠারার পালা। আত্মবিস্মৃতি। আত্মপ্রবঞ্চনা। নিঃসাড় বস্তু, এমনকি সারহীন সম্পর্কগুলিও টিকিয়ে রাখার কী প্রবল হাস্যকর চেষ্টা! প্রতিশ্রুতিভঙ্গের প্রায় সমতুল অপরাধ নিজেকে স্তোকবাক্যে বশীভূত করা। আমাদের সকলেরই জীবনে এমন হাজারো নুলিয়ার আনাগোনা। প্রতিটি ডুবে যাওয়ার মুহূর্তে হয়তো নিজেরই অজান্তে তাকে কোন কথা দেওয়া হয়ে গেছে আর আবার অজান্তেই একা একা এই দর কষাকষির খেলা খেলে চলেছি... বালা থেকে চুরি-আংটি হয়ে শেষকালে একটাকার নোট হাতে দাঁড়িয়ে রয়েছি কোন এক হিসেবী সৈকতে, নুলিয়াদের অপেক্ষায়!

হয়তো তাদের কেউ ভুলে- যাওয়া কৈশোরসঙ্গিনী।

কেউবা শাওনবেলার দোসর।

রক্তসম্পর্ক অতিক্রম করা কোন প্রিয় অবয়ব।

প্রিয় লেখক। চিত্রকর। প্রত্যক্ষ- পরোক্ষ শিক্ষকেরা।

এই সকল নুলিয়াদের কাছেই আমাদের ঋণ... হয়তো বা ভিন্ন ভিন্ন পরিমাপে, বিবিধ পরিচয়ে... আকাঙ্ক্ষার চৌহদ্দি অনায়াসে পেরিয়েই স্নেহ-প্রেম-শিক্ষা-শিল্প-সৃজন- সাহচর্য- সমমর্মিতায় এই নুলিয়ারা পৃথিবীর উপর আরও একটু আস্থা বাড়িয়ে দিয়েছেন তোমার- আমার।
অন্তর ও সমাজের অন্ধকার সময়ের স্রোত যতদিন গ্রাস করে নিতে চাইবে আমাদের মনন ও চেতনা, ততদিন নিঃসীম শূন্যতার মহামারী পরাস্ত করে আমাদের সুরম্য আশ্রয় সুনিশ্চিত করবেন নতুন কোন নুলিয়া... তাঁরা সংখ্যায় অগণ্য, বহুধাবিস্তৃত তাঁদের ক্ষমতার পরিসর...
তাঁরা যার প্রদীপের দৈত্য, সেই আলাদিন শুভচিন্তক মানুষের অন্তরে লালিত অনির্বাণ আলো...
সত্যে... প্রজ্ঞায়... সুন্দরে...

“যতই শান্তিতে স্থির হয়ে যেতে চাই;
কোথাও আঘাত ছাড়া- তবুও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই।...” (জীবনানন্দ)

No comments:

Post a Comment