Wednesday, October 18, 2017

সুজাতা




“সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে,
শুনেছি তো লাখপতি স্বামী তার-
হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে
গাড়িবাড়ি সবকিছু দামী তার!”


‘সুখ’ কাকে বলে গৌরীপ্রসন্নবাবু? আর আপনিই বা কীভাবে জানলেন আমার সুখে থাকার খবর? আমাদের কফিহাউসের আড্ডার সবচেয়ে অনিয়মিত সদস্য তো আপনিই! এতবছরে একটাও ফোন পাইনি আপনার। অথচ আপনি আর মান্নাদা মিলে সমস্ত বাঙালিকে ঠিক চারলাইনে বুঝিয়ে দিলেন আমার সুখ- প্রাচুর্য- ঐশ্বর্য- ভালো থাকা!

অবনঠাকুরের ‘নালক’ পড়ে মা আমার নাম রেখেছিলেন ‘সুজাতা’। হয়তো ভেবেছিলেন ঐরকম নিবেদিত স্নিগ্ধ মনের অধিকারিণী হবে তাঁর মেয়ে। মায়ের ভাবনা ঠিক ছিল কিনা জানা নেই, তবে পায়েসটা আমি বেশ ভালই রাঁধি!

আমি কিন্তু কাউকে ভুলিনি। ছেলে- বৌমা দুজনেরি আজ হাসপাতালে রাতের ডিউটি। ছোট্ট হিয়াকে ঘুম পাড়াতে পাড়াতে মনে পড়ছিল পুরনো দিনগুলো। মাঝে মাঝেই মনে হয় রমাদির কথা। আমাদের সম্পর্কটা চিরকালই অম্লমধুর, সেই অর্থে ‘সখীত্ব’ আসেনি কখনো। রবিঠাকুর যাকে বলতেন ‘দারিদ্রের অভিমান’ – তা ছিল ওর মধ্যে প্রবল! প্রেসিডেন্সি থেকে বেরিয়ে অফিসপাড়ায় ওকে দাঁড়িয়ে থাকতে দেখে লিফট দিতে চেয়েছি কতদিন, উত্তরে একটিবারের জন্যেও কঠিন, সংক্ষিপ্ত ‘না’ ছাড়া কিছু পাইনি। অল্প বিরক্ত হয়েছি কতবার... এক সাদাসিধে চেহারার মেয়ে, যার পড়াশুনোতেও ইতি পড়েছিল মাঝপথে, কলেজ পেরোয়নি... ভাইবোনদের মানুষ করার জন্য দশটা-পাঁচটার চাকরি ভরসা... সুজাতা সেনকে অবজ্ঞার জোর পায় কোথায়? তবে তাকে নতুন করে চিনেছিলাম একদিন- যেদিন আড্ডার সবাই মিলে গেছিলাম রমাদির অফিস- সোশ্যালের পাস পেয়ে। ‘রক্তকরবী’। সবাই দেখেছিল ধানী রঙের শাড়ি, কানে রক্তকরবীর গুচ্ছে সজ্জিত এক অন্য রমা রায়কে। আমি দেখতে পেয়েছিলাম সব সাজ, সব আলোর কারসাজি ছাপিয়ে এক অনন্যা নন্দিনী, যে খুঁজে ফেরে তার রঞ্জনকে -

“জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে... পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ!”

মুগ্ধ হলাম। লজ্জা পেলাম। হিংসেও হল। শুধু অমলদাই ওকে চিনল না। জীবন অমলদাকে ক্ষমা করুক বা না করুক, এই একটা কারণে আমি অন্তত কোনদিন ক্ষমা করিনি। লুম্বিনিতে মানসিক রোগের হাসপাতালে শেষবার যখন রমাদিকে দেখতে গেছি, হয়তো চিনতে পেরেছিল আমায়। নীলচে শিরা বেরিয়ে থাকা ফর্সা গালে জল ঝরছিল টপটপ... আমার সোনালি ব্যান্ডের ঘড়িপরা হাতটা চেপে ধরে বিড়বিড় করেছিল... “সখী, ভালোবাসা কারে কয়?” পড়তি জমিদারবংশ অমলদাদের, সেই জলসাঘরে হয়তো কোন ঝাড়বাতিই মানায়। আমাদের রমাদি ছিল পিলসুজের প্রদীপ... ছদ্মবেশী নন্দিনী!

রমাদি যেমন ছিল আমার ‘নন্দিনী’, তেমনি রবার্ট ডি’সুজাকে দেখলেই কেন জানিনা আমার মনে হত ‘উত্তীয়’র কথা। শ্যামার কিশোর প্রেমিক! ওর ভাসা ভাসা চোখে যেন থমকে ছিল হাজার বছরের না-বলা কথা... খুব মায়া হত আমার। সব কথা প্রাণ পেত ওর হাতের গীটারে। সকলের আবদারে সলজ্জ হেসে যখন বাজিয়ে চলত সত্তরের সোনালি রক। এতো নরমসরম লাজুক ছেলেটা কবে যেন ড্রাগ নিতে শুরু করলো, জড়িয়ে পরল ড্রাগপাচারচক্রে। কারোর অপরাধের শাস্তি নিজে মাথা পেতে নিল ঠিক উত্তীয়েরই মতো। জেল থেকে ছাড়া পাওয়ার পর একদিন অবসাদ থেকে আত্মহত্যা... রয়ে গেলো আমায় উপহার দেওয়া রেকর্ডগুলো, ওর নীরব অভিমানের সাক্ষী হয়ে!

অমলদার কবিতা কোনোদিনই আহামরি লাগতো না আমার। বেশ অসহ্যই লাগতো বড়োলোক বাড়ির ছেলের কাব্যখেপামি নিয়ে বাকিদের আদিখ্যেতা। হয়তো আমাদের নন্দিনীর যোগ্য রঞ্জন হতে পারেনি বলেই আমার বিশেষ রাগ ছিল। কিন্তু কবিতার প্রতি ওর সম্মান, ভালোবাসার কাছে মানুষটা খুব অসহায় ছিল আর তাই অনেকে বলা সত্ত্বেও নিজের টাকায়  বই ছাপতে রাজি হয়নি কখনো... হন্যে হয়ে ঘুরেছে প্রকাশকদের দরজায় দরজায়। জমিদারির আগের রমরমা আর ছিল না, তবু প্রাণখোলা অমলদা প্রায়শই আমাদের সব্বাইকে নিয়ে যেত ওদের উত্তরপাড়ায় নদীর ধারের বাগানবাড়িতে, পিকনিকের হুজুগ তুলে! পরে বুঝতে পারতাম- নতুন অনেক কবিতা জমে উঠেছে, শোনাবার আসর চাই! আর রাগ করে থাকা চলত না। মাছধরা, কবিতা, গান, তর্কে জমে উঠত আসর। একের পর এক কেমোথেরাপির যন্ত্রণায় সে এখন এক ভগ্নস্তূপ। শেষদিন বলছিল, “হ্যাঁ রে, একালের অমলের জন্য আর কতদিন পর চিঠি আসবে ডাকঘরে?”

মনে পড়ছে মইদুলদাকে। আড্ডার সবচেয়ে মজার মানুষ। খবরের কাগজের অত গুরুদায়িত্ব সামলেও ঠোঁটের কোণে হাসি। কথার ফুলঝুরি। অশান্ত সময় সেটা। রাজনীতি- সমাজ- অর্থনীতি- সংস্কৃতিতে সার্বিক পালাবদলের ঠিক আগের থমথমে বোবা পরিসর। তবু বিজ্ঞান থেকে ইতিহাস, সাহিত্য থেকে দর্শন- জটিল তাত্ত্বিক বিষয়গুলোকে সকলের মনোগ্রাহী আর প্রাঞ্জল করে বোঝানোর এমন সহজাত প্রতিভা খুব কম মানুষেরই থাকে! তবে মইদুলদা ঢাকায় চলে যাচ্ছে শুনে খুব আনন্দ পেয়েছিলাম... তার ইয়াসমিন অপেক্ষায় ছিল যে! আর অন্তর দিয়ে জানতাম, মইদুলদাদের মতো প্রগতিশীল চিন্তার, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী মানুষদের কোন দেশ হয়না। ওরা সকল কালের। ওরা সকলের।

তোমার কথাও মনে পড়ে বৈকি নিখিলেশ! চৈত্রমাস ছিল কিনা আজ আর মনে নেই, তবু প্রথম আলাপের দিন থেকেই তোমার চোখের চাপা আগুনে একটু একটু করে পুড়েছে আমার তারুণ্যের ডানা... তোমার তুলির টানে ফুটে উঠতে দেখেছি বর্ষা- বসন্তের ক্যানভাসে হেঁটে যাওয়া নিঃসঙ্গতা! দিনে আর্ট কলেজ আর রাতে বন্ধুদের গুপ্তডেরায় অস্থির রাজনীতি- তোমার এই ছোট্ট পৃথিবীটাও একটু একটু করে বদলে যাচ্ছিল আমার উপস্থিতিতে। হয়তো নিজেকে একটু গোছানোর জন্যেই অপছন্দের তালিকায় থাকা বিজ্ঞাপনের ছবি আঁকার চাকরিটা নিয়েছিলে তুমি। কিন্তু তোমার যেটা চিরকালের রোগ- মনস্থির করতে পারলে না কোনোদিনও! তোমার রোমান্টিকতার মধ্যেও এক নিষ্করুণ ঔদাসিন্য ছিল। হয়তো মানসপ্রতিমা করেই রাখতে চেয়েছিলে আমায়। তোমার প্যারিসে যাওয়ার সুযোগটা যখন এলো, আমার চেয়ে বেশি খুশি তুমি নিজেও হওনি। বলেছিলাম যাওয়ার আগে বাবার সাথে একটিবার দেখা করে যেও... তুমি শোনো নি, বা ইচ্ছে করে ভুলে গেছ! অপেক্ষা করতে আমার কোনোদিনও আপত্তি ছিল না নিখিলেশ, আপত্তি ছিল অনিশ্চয়তায়!

বাবা ছিলেন ডাক্তার, যুক্তিবাদী। তোমাদের কালাপাহাড়ি রাজনীতির প্রতি তাঁর ছিল নিরাশামিশ্রিত অবজ্ঞা। আমাকে সবসময় শিক্ষা দিয়েছিলেন সবটুকু স্পষ্ট করে জানতে। আর সেই মন নিয়ে স্পষ্ট বুঝেছিলাম তুমি আর কখনোই ফিরবেনা... মঁমার্তে নামকরা শিল্পীদের সঙ্গে বসে ছবি আঁকবে, দিনের শেষে যখন এপার্টমেন্টে ফিরবে, ক্লান্তি ছাড়া আর কেউ ঘুম পাড়াবেনা তোমায়। আর কোন বন্ধনে তোমায় বাঁধার সাধ্য কার?

তবু তোমায়-আমায় বেঁধেছিলেন একজন- বিষ্ণু দে! রাবীন্দ্রিক পরিমণ্ডলে বেড়ে উঠেছি আমি। তুমিই জন্মদিনে প্রথম উপহার দিয়েছিলে ‘সন্দীপের চর’! না পড়েই রাখা ছিল টেবিলে, সামনে এম.এ ফাইনাল যে! তারপর একদিন কাপুচিনোয় চুমুক দিয়ে মইদুলদা কবিতা শুনতে চাইল। তুমি আমার চোখে একবার চোখ রেখেই সরিয়ে নিয়ে উদাত্ত গলায় শুরু করলে-

“গবাক্ষে গবাক্ষে চোখ, মোড়, গলি, রোয়াক, চাতাল
গুপ্ত মন্ত্রণায় কাঁপে যন্ত্রণায়, তবু ক্ষণে ক্ষণে
রুদ্ধশ্বাস নীল শুন্যে হাওয়া ওঠে, হৃদয় ভিখারী-”

আগুন কত রঙের হয় তা যদি তুমি জানতে, রঙওয়ালা! তোমার বুকের ভেতর বিপ্লব- প্রতিবাদ- প্রেম- হতাশা- উদ্বেগ সব মিলেমিশে এক আগুনের রঙধনু বেড়ে উঠছিল প্রতিদিন!

এখন তোমার ছবির প্রদর্শনী দেশে-বিদেশে, খবরের কাগজে নিয়মিত তোমার কলাম। আমার শুধু একটাই অভিযোগ, নিখিলেশ... আমার বিয়ের খবর পেয়ে উপহারে যামিনী রায় পাঠিয়েছিলে কেন? তোমার তুলির কয়েক আঁচড় যে অনেক বেশি আকাঙ্ক্ষিত ছিল...

আমি কেমন আছি? আয়নায় দেখতে পাই কপালের উপর দু’গুছি সাদা চুল, বলিরেখা। আমার বিচক্ষণ বাবারও একটা ভুল হয়েছিল। আমার স্বামী খুব খারাপ মানুষ ছিলেন না। তবে তিনি ছিলেন বড় সাধারণ, গোঁড়া। রূপ- গুণ- বিদ্যার অহংকার এককালে আমার ছিল বটে, তবে তা থেকে বলছিনা। এ হ’ল রুচির অমিল, চেতনার অমিল। তাঁর ছিল অদ্ভুত সন্দেহবাতিক। জীবনের শেষভাগে অসুস্থ হয়ে কিছুটা নরম হয়েছিলেন বটে, কিন্তু আমার সংস্কারমুক্ততা, স্বাধীন চিন্তাশক্তি, স্বাতন্ত্র্য – সবেতেই তিনি খুঁজতেন এক তৃতীয় ব্যক্তির ছায়া! তোমার দেওয়া ‘সন্দীপের চর’ বহুকাল আগেই পুড়িয়ে ফেলেছিলেন আমার সামনে। শান্ত, শীতল চোখে তাকিয়ে ছিলাম মাত্র! ভিতরের পাতায় লেখা ছিল ‘নাম রেখেছি কোমল গান্ধার’, তুমি নিজের নামটুকুও লেখোনি- তবু অলীক সন্দেহে নিজেও পুড়েছেন আর আমাকেও রেহাই দেননি। বাকি সময়ে তিনি সফল ইঞ্জিনীয়ার, কর্তব্যপরায়ণ গৃহকর্তা, স্নেহশীল পিতা। অতীত ভুলে আন্তরিকভাবেই সংসার করতে চেয়েছিলাম। তবে যিনি বিষ্ণু দে পুড়িয়ে ফেলেন অনায়াসে, জ্যোৎস্নারাতের খোয়াই-কোপাই যাঁর কাছে ‘ন্যাকামির আখড়া’, তাঁর প্রতি জীবনের বিভিন্ন সময়ে শুধু অনুভব করতে পেরেছি অনুকম্পা, মমতা, ঘৃণা, করুণা। অনুরাগ নয়।

উনি সত্যি লাখপতি না হলেও সচ্ছলভাবে কেটেছে সংসার। গাড়ী-বাড়িও নেহাত কমদামী ছিল না। হীরে- জহরতে আলাদা আকর্ষণ ছিলোনা কখনো, তবু প্রতি বিবাহবার্ষিকীতে বড় পার্টী হয়েছে বাড়িতে, উপহার দিয়েছেন দামী পারফ্যুম- হীরের দুল- মুক্তোর ফাঁস... তাই পরে হেসে হেসে অভ্যর্থনা করেছি। মাদ্রাজী সিল্কের মেরুন আঁচল গায়ে জড়িয়ে ঢেকে রেখেছি কাঁধের নীচে সিগারেটের চকিত আদর, সন্দেহের বিষ! যতক্ষণ সম্ভব কাটিয়ে এসেছি ইউনিভার্সিটিতে, অতিরিক্ত ক্লাস নিয়েছি উৎসাহী ছাত্রীদের। বাড়িতে থাকার প্রায় পুরোটা সময় দিয়েছি তাতাইকে। সুগৃহিণী হওয়ার অতিরিক্ত চেষ্টা ছেড়েছি বহুকাল, শত অশান্তিতেও চাকরিটা ছাড়তে রাজি হইনি কখনো। যখন ইচ্ছে বই পড়েছি। অপর্ণাদি আর চিত্রাকে নিয়ে নন্দনে গেছি। জীবনকে খোঁজার চেষ্টা করেছি নিজের আঙ্গিকে।


‘সুখ’ বড় কঠিন শব্দ, গৌরীবাবু। তবে সুজাতা ‘আনন্দে’ থেকেছে, অন্তত চেষ্টাটা ছাড়েনি। নিজের ভিতরকুঠুরির আলোঘরের চাবি অন্যের পকেটে গচ্ছিত রাখেনি কখনো। আর তাতেই সে ভালো থাকতে পেরেছে... সেই ভালো থাকার কাছে অনায়াসে তুচ্ছ হয়ে যায় গাড়ী-বাড়ি-স্বামী-হীরে-জহরত-কুবেরের ঐশ্বর্য! আর এই ভালো থাকায় অনেকটা জুড়ে আছে কফিহাউসের সেই বিকেলগুলোর স্মৃতি। আড্ডা... বুদ্ধিদীপ্ত তর্ক... ব্ল্যাক কফির ধোঁয়াওঠা আমেজ... স্পেশাল ফিশ কাটলেট... মইদুলদার অট্টহাসি... অমলদার স্নেহ... রমাদির গান... ডি’সুজার গীটার... আড্ডার ফাঁকে সকলের চোখ এড়িয়ে নিখিলেশের এঁকে ফেলা আমার খোঁপায় বসা ছোট্ট প্রজাপতি...

আছেন বিষ্ণু দে, যামিনী রায়। আছেন নিভৃত হৃদয়ের দেবতা... আমার প্রাণের রবিঠাকুর! একটা কবিতা মনে পড়ছে খুব। ‘সন্দীপের চর’ তো আর কেনা হয়নি, তবে এই কবিতাটা অমলদার বাগানবাড়ির শেষ পিকনিকে বলেছিল নিখিলেশ-

“তোমার আমার মিল, সেই সত্যে আমাদের একান্ত বিস্তার
যে কথা যায় না বোঝা, যেটুকু যায় না পাওয়া
সেটুকুতে কবিতাই, তাতে চলে গান গাওয়া
তৃপ্তিহীন সে চাওয়ায়, আমাদের মিলের উপমা-”


সুজাতারা ভালো থাকে। এভাবেই! 

No comments:

Post a Comment