মাঝেমধ্যেই মনে হয়
‘গল্প’ বানিয়ে লিখে ফেলা তুলনায় সহজ। তাতে আবেগ থাকে, দায়িত্ব থাকে কম। অনুভব
থাকে, তাগিদ থাকে কম। স্বপ্ন থাকে, দায় থাকে না। রক্ত- মাংস- মজ্জা- মনন- চেতনা-
স্বপ্ন নিয়ে তৈরি কোন মানুষের জীবনের খণ্ডাংশমাত্র জেনে উপস্থাপনের ভাবনাটিও সহজ
নয়। সহজ হ’ত, যদি অ্যানে স্বনামধন্য হ’ত- উইকিপিডিয়া বা নিদেনপক্ষে পেজ থ্রী! সমস্যা
হোল ও সাধারণ। অসাধারণরকম সাধারণ।
দিনপনেরো আগের সেই
ইলশেগুঁড়ি বরফ-সকাল। শান্ত শহরটির বুক চিরে বারবার পথ করে নিচ্ছিল হিমেল হাওয়ার
অশান্ত স্রোত। হেমন্তের কোল আঁকড়ে পড়ে থাকা হলদে মেপল পাতারা বিবর্ণ হয়ে অবাধ্য
ঝরে পড়ছিল আমার জ্যাকেট ছুঁয়ে রাস্তায় বরফকণাদের মৃত্যু- আলিঙ্গনে। ভিসার
মেয়াদসীমা বাড়ানোর আবেদনপত্রটি জমা দিয়ে গির্জা-চত্বরের কোণাকুণি রাস্তা ধরে
দ্রুতপায়ে এগোচ্ছিলাম স্টেশনের দিকে- সেখান থেকে বাস ধরলে আমার ইউনিভার্সিটি।
হঠাৎই মনে হোল পা আর
এগুতে চাইছেনা। সামনের বিবর্ণ মেপল পাতাদের ধমনী বেয়ে ফিরে আসছে রঙ- রস- রক্ত!
হিমশহরে ধ্বনিত হচ্ছে এক উষ্ণ প্রস্রবণের প্রাণস্পন্দন। কয়েক মিটার দূরত্বের
মধ্যেই কোথাও এক অপার্থিব মূর্ছনায় বাজছে অ্যাকর্ডিয়ন।
“আমার শ্রবণ একক স্বরে স্থিতি পায়!”
ধীরপায়ে এগোলাম শব্দঝোরার উৎস সন্ধানে। প্রৌঢ়া শিল্পীর কপালের গাঢ় সোনালি
চুলে নভেম্বর- সূর্যের নরম আলো। সবুজ গাউনের উপর বেগুনী লংকোটে অতিব্যবহারের
স্পষ্ট জীর্ণতা। সামনে রাখা লাল বাক্সটার দিকে তখনো চোখ পড়েনি। যখন পড়ল, ভাবলুম
ইনি কে? ভিখারীর ছদ্মবেশে রানী?
কাঁধে ভারী ব্যাগের অনেকটা ভিতরের দিকে আমার ছোট্ট লাল পার্স- অন্যসময় হোলে
এড়িয়ে যেতুম না একথা নিশ্চিতভাবে বলতে পারিনা। কিন্তু সুরসাধিকার সম্মোহনী সঙ্গীত
আর লাবণ্যময়ী ব্যাক্তিত্বের যুগ্ম আবেদনে দাঁড়িয়েই রইলুম আরও কিছুক্ষণ- যতক্ষণ না অ্যাকর্ডিয়নের বেলো বন্ধ হোল, শীতের কাঠিন্যে যতক্ষণ
প্রলেপ দিলো অকালবসন্তের মধুগীতি। বাজনা থামলে সামনে গেলুম- ভাঙ্গা জার্মানে
মুগ্ধতা প্রকাশের রীতি তেমন জানা নেই, তাই সম্মানদক্ষিণার ইউরোটি বাক্সে ফেলতে
আলতো ঝুঁকলাম- আর আরও একবার আমার ভারতীয়ত্বের প্রমাণ দিলো আমার পাসপোর্ট নয়,
কপালের মাঝে ছোট্ট কালো টিপ! সম্রাজ্ঞী মৃদু হেসে হাতটা ধরে নিয়ে স্পষ্ট ইংরাজিতে
বললেন, “আর য়্যু কামিং ফ্রম ইন্ডিয়া, মাই চাইল্ড?”
অ্যানের তখন একুশ। আশির দশকের শেষভাগ। মুন্সটারে অর্গ্যান-কয়্যারে অ্যানেই
তখন প্রধান শিল্পী। শৈশবে মাতৃহারা মেয়েটির জীবনে তখন সঙ্গীত আর অসুস্থ বাবাই
অবলম্বন। বাবার ছোট্ট বেকারিতে বসতে হয় বিকেলে। পড়াশুনো কোনদিনও তেমন টানেনি তাকে।
অভাবের সংসারে বাবা-মেয়ের বন্ধনের সেতুটিও সঙ্গীত। বাবার পিয়ানোই ছিল অ্যানের
বন্ধু, দামী পুতুল কখনো চায়নি সে। পরে অবশ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে
বন্ধুবিচ্ছেদ হয়। অ্যানের স্বপ্ন ছিল মায়ের নামে একটা ক্যাফে খোলার- প্রতিদিনের
পরিশ্রম, সবটুকু সঞ্চয় আর অনেকখানি ভালোবাসা দিয়ে। ঠিক এইসময়েই অ্যানের জীবনে পরপর
ঘটে যায় কিছু ঘটনা।
ভারতবর্ষ থেকে ডাক্তারি পড়তে আসা এক সঙ্গীতানুরাগী ছাত্রের সঙ্গে কোন এক
রবিবারের কনসার্ট শেষেই আলাপ হয় তার। ক্রমে বন্ধুত্ব, পারস্পরিক মুগ্ধতা, প্রেম। ছাত্রটির
তখন থাকার জায়গা নিয়ে নানান সমস্যা- তার বৃত্তিতে ভালো কোন এপার্টমেন্টের খরচ চালানো প্রায়
অসম্ভব! নরম মনের অ্যানে ধরে পড়লেন বাবাকে- একটি ঘরে পেয়িং গেস্ট রাখা যাবে কী না!
মেয়ের মন বুঝেছিলেন বাবা। এর একমাসের মধ্যেই এক নভেম্বরের বিকেলে ওয়েডিং গাউন কেনা
হয় অ্যানের।
অ্যানেকে বিয়ে করার সুবাদে জার্মান নাগরিকত্ব পেয়ে
যায় অরবিন্দ দ্বিবেদী। তবে হিন্দু ছেলেকে বিয়ের ‘অপরাধে’ অ্যানের অর্গ্যান বাজানোর চাকরিটি আর থাকে না। মেয়ের জীবনে
কিছুটা স্থিতি ও সুখের সম্ভাবনা দেখারই হয়তো অপেক্ষা ছিল মিঃ হাইল্যান্ডের। মৃত্যুশয্যায়
মেয়েকে দিয়ে এক কঠিন প্রতিজ্ঞা করান তিনি- শত অভাবেও কাউকে সঙ্গীতশিক্ষা দিয়ে
অর্থোপার্জন চলবে না!
বাবা চলে যাওয়ার কিছু সময় পর থেকেই কাছের মানুষটির পরিবর্তন লক্ষ্য করতে
থাকেন অ্যানে। ইন্টার্নশিপের কাজে প্রায়শই হাসপাতাল থেকে বাড়ি ফেরা হয়না
অরবিন্দের। শনিবারের সান্ধ্য পার্টীতে বাড়তে থাকে সুন্দরী শিক্ষিতা সহপাঠিনীদের
ভিড়। অ্যানের সহনশীলতার বাঁধ ভাঙ্গে এক রাতে। চূড়ান্ত তিক্ত অশান্তির পর রাগে-
অপমানে ঘরের দরজা বন্ধ করে চোখের জল ফেলেন সারারাত। সকালে আবিষ্কার করেন,
ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্টের সমস্ত কাগজপত্র নিয়ে স্বামীরত্নটি ফেরার। দিদিমার
থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বাড়ি আর কয়েকটি বাদ্যযন্ত্র ছাড়া নিঃস্ব হয়ে যান
অ্যানে!
অর্থ- সম্মান- খ্যাতি- প্রেম ... প্রাপ্তির ঘরে শূণ্য! তবু নিজেকে সামলে ওঠার পর থেকেই প্রিয় মুন্সটারের কাছে
এসে প্রতি দুপুরে নৈবেদ্য অর্পণ করে চলেছেন অ্যানে। কখনো পথচলতি কোন নাগরিক মুগ্ধ
হয়ে সামান্য কিছু দিলে সেই টাকা সংসারে খরচ করেননা পারতপক্ষে। বাড়িতেই একটি ঘরে
শিশুদের অ্যাকর্ডিয়ন শেখানোর ক্লাস নেন-
অবৈতনিক! আর তাদের জন্যই প্রায়- অচল বেকারিতে নিজের হাতে তৈরি করেন জিঞ্জারব্রেড,
নানারকমের সুস্বাদু কুকিজ়!
ভারতীয়দের প্রতি অটুট শ্রদ্ধা অ্যানের। ভারতের
শিল্পবোধের প্রতিও। আমি ভারতবর্ষের মেয়ে শুনে ইউরোটুকুও নিতে চাইছিলেন না। ওনাকে
আর কী করে বোঝাই যে সেথায় এখন হানি সিং-এর গান একঘণ্টা সামনে থেকে শোনার জন্য বা
আইফা অ্যাওয়ার্ড-এর ভাঁড়ামি দেখার জন্য লক্ষাধিক টাকা খরচ করে বেশ অনেকে। আর
অন্যদিকে সিউডো- আঁতেল শ্রেনী...থাক!
কত অসহিষ্ণু আমরা!
জীবনে একের পর এক বঞ্চনা, অভিঘাতের পরেও অ্যানের মানসিকতায় কোন তিক্ততা চোখে পড়লো
না। অরবিন্দের কথা বলার সময়েও কোন ঘৃণা বা রাগের অভিব্যক্তি দেখিনি... কেমন যেন এক
নিরাসক্ত করুণা! ক্ষমার শান্ত স্রোত ফল্গুধারায় বয়ে চলেছে চেতনায়, ধমনীপ্রবাহে- আর
হয়তো সেজন্যেই অ্যানের সঙ্গীত এত অমলিন, অনায়াস, অপ্রতিম। ক্ষমা করতে পেরে
ভীষণভাবে জিতে গেছেন অ্যানে- জগতের চিরায়ত আনন্দযজ্ঞে!
আমাদের জীবনটাও হয়তো এক
বাজতে- চাওয়া অ্যাকর্ডিয়ন। কখনো সুরতরঙ্গে
বাতাসে পলাশ- কাঁপন, কখনো অনবধানে নিঃস্পৃহ ছন্দপতন- দায়ভার একান্ত আমাদের। জীবনকে
শিল্পের মতো সৃজন করার সুচারু দক্ষতার সেই অসমসাহসিক পরীক্ষায় স্কুলছুট অ্যানে
সসম্মানে উত্তীর্ণা!
‘ক্ষমা’ প্রসঙ্গে আরেক প্রিয় মানুষ নবনীতা দেবসেনের একটি কবিতার পঙক্তি মনে
আসছিল-
“তুমি মেরেছিলে বলে আজ আমার ফলন্ত বাগান!”
“তুমি মেরেছিলে বলে আজ আমার ফলন্ত বাগান!”
প্রতিশোধ- প্রতিহিংসা-
প্রমাণ করে দেওয়ার দৌড়ের হুইসল বেজে গেছে আর আমরা অনভ্যাসে ভুলেই যাচ্ছি ক্ষমা করে
দিলে ঠিক কতখানি শান্তিতে থাকা যায়! অ্যানেকে চেনার পরেও আমরা তুচ্ছ কারণে মান-
অভিমান করবো, আদর্শগত অনৈক্য থাকলে ব্যাক্তিগত আক্রমণ শানাবো, তীব্র যন্ত্রণা পেলে
আহত বাঘের মতো শাস্তি ফিরিয়ে দেওয়ার ছক কষবো আর নিজেদের সৃষ্টি করা বিষে নিজেরাই
ধ্বংস হবো প্রতিদিন... গাঢ়
অ্যাসিড ধরে রাখা পাত্রটি যেভাবে ক্ষয়ে ক্ষয়ে যায়!
ততক্ষণে দক্ষিণ জার্মানির এই ছোট্ট শহরে নতুন সূর্য উঁকি দেবে ইতস্তত... অ্যাকর্ডিয়নের রীডে নতুন কোন অনুপম সুরের লহর
তুলবে এক ক্ষমাসুন্দর জাদুকরী!

No comments:
Post a Comment