১.
খাঁচাটি উঠোন হয়, ধুলো জমে
অতীত উড়ে আসে, অতীত ছোলা খায়
উনুনেতে জল ঢেলে শুয়ে গেলি অবেলায়
সখি, ক্ষমা করা এতই সহজ?
২.
চীনেমাটির পেয়ালার মতো
ভঙ্গুর এই জন্মভিটে, তবু
তুই এসে দাঁড়ালেই
জোনাকি জন্ম নেয়
কৃষ্ণচূড়াটির ধূসর কঙ্কালে
চুমু দেয় পঞ্চমীর চাঁদ
পায়ে কিছু ঠেকে গেলে অসাবধান
আঁচলে শ্যাওলা মুছে দেখ :
সেই শাঁখ, যা তোর জন্মে বাজেনি!

No comments:
Post a Comment