Saturday, April 11, 2020

সেতার



|| ১ ||

অঘ্রাণের শিশির যখন বাগানের মরশুমি ঘাসফুলের গায়ে গয়না পরায়, জানলার বাইরে চৌকোণো একটুকরো আকাশের গায়ে ডানা মেলতে শুরু করে নতুন দিন... নাইট শিফট সেরে রূপক ফেরেনা তখনো। 

নীলার ঠিক সেই সময়েই সেতার বাজাতে ইচ্ছে করে!

|| ২ ||


রূপকের দেরি হয়ে যায় রোজ, খানিকটা ইচ্ছে করেই৷ নীলার পড়ে পাওয়া চোদ্দ আনা একলা সময়টাকে দীর্ঘায়িত প্রশ্রয় দিতে মন চায়৷ ওর সামনে বহুদিন বাজায়নি নীলা, হয়তো ওর চোখেমুখে ফুটে ওঠা ভয়ের আভাস দেখেই!

বেশি কথা বলতে শেখেনি রূপক, বোঝাতে পারেনি নীলাকেও৷ সেতার কোলে নীলার ধ্যানমগ্ন উদাসী রূপ দেখলেই অজানা ভয়ে কেঁপে ওঠে সে! চোখ বুজে শুনলে লহরীর অপার মধুছন্দে মন ভরে ওঠে কানায় কানায়... অথচ দৃষ্টির সামনে এক অন্য নারী, তার নীলা নয়!

তার নীলা হলুদের হাত অনায়াসে আঁচলে মুছে এসে ছদ্ম বিরক্তিতে বলে ওঠে, "পুরো বাজারটাই উঠিয়ে এনেছো দেখছি!" তার নীলা জ্বর হলে এখনো ছোটদের মতো বায়না করে, ভাত মেখে গোল্লা পাকিয়ে খাইয়ে দিতে হয়। কিন্তু ওই তপস্বিনীমূর্তিকে আলতো ছুঁতেও ভয় হয় রূপকের!

জানলার পাশের ঝাঁকড়া লেবুগাছে কোন কোন রাতে অজস্র জোনাকি আসে৷ নীলা খুশি হয়ে বলে, "বাজাবো! শুনবে?"

ঘরের কোন আলো জ্বলে না তখন... ওরা কেউ কারো মুখ দেখতে পায়না৷ শুধু সিঁধ কেটে ঘরে ঢুকে পড়া পেলব জ্যোৎস্নায় ধুয়ে যায় নীলার আঙুল!

অনামিকায় চুনিবসানো সোনার আংটির অধিকার, অহং ম্লান হয়ে যেতে থাকে ক্রমশঃ... মধ্যমায় লোহার তারের সরু মেজরাব সদর্পে ঝড় তোলে সেতারের উন্মুখ শরীরে...
|| ৩ ||
নীলাকে কখনো দুঃখ প্রকাশ করতে দেখেনি রূপক। প্রায় বছরতিনেকের দাম্পত্যের বিভিন্ন অণুপর্বে ঘুরেফিরে অনুভব করেছে নীলার যত্ন, ভালবাসা, উদ্বেগ, বিরক্তি, প্যাশন। শুধু ওই আলোছায়া খেলে যাওয়া চোখের কোণ ভিজে উঠতে দেখেনি কোনদিন!
প্রথমদিকে আশ্বস্ত হয়ে ভেবেছে নীলা তাকে পেয়ে এতটাই তৃপ্ত আর সুখী যে কোনো যন্ত্রণাই তাকে আর সেভাবে স্পর্শ করেনা, প্রেয়সীর সুখের আভাসে সেও থেকেছে সুখী।
রূপকের প্রথম আশঙ্কা হয় নীলার বাবা মারা যাওয়ার রাত্রে- হাসপাতালের জরুরি কাগজপত্র সই করা থেকে মাকে সামলানো কিংবা শ্মশানযাত্রার বন্দোবস্ত সবেতেই নীলা ছিল তৎপর, সজাগ। রূপককে অত্যন্ত স্নেহ করতেন অমিতবাবু, তাঁর মৃত্যুতে গভীরভাবে আহত হয়েছিল নরম মনের রূপক। সে ভেবেছিল নীলা বেচারি হয়তো কাঁদার সময়টুকুও পাচ্ছে না, হয়তো বা মায়ের মুখ চেয়ে সংযত রেখেছে নিজেকে। অমিতবাবু যে শুধু ওর বাবা ছিলেন না- ওর শক্তি, ওর প্রেরণা, ওর সুরের দীক্ষাগুরু! তাঁর মৃত্যুতে কীভাবে অবিচল থাকতে পারে কেউ?
পারলৌকিক কাজকর্ম মিটে যাওয়ার পর যেদিন ওরা নিজেদের কলকাতার বাসায় ফিরে গেল, নীলা নিভৃতি পেয়ে বালিশে মুখ গুঁজলো না, দরজা বন্ধ করে সেতারে ডুবলো না। উল্টে রীতিমতো ঝাড়ামোছা শুরু করলো কদিনের ধুলোজমা ঘরদোর, ফ্রীজ ফাঁকা বলে রূপককে ঠেলে বাজারে পাঠালো, ধনেপাতা আর বেগুন-বড়ি দিয়ে পার্শের ঝাল রাঁধলো মন দিয়ে। বিকেলে পাড়ার বাচ্চারা পড়তে এলে হোমওয়ার্ক দেখে হাল্কা বকুনি দিতে দিতেই কখন যেন ম্যাজিক করে ভেজে ফেললো বেগুনি আর ফুলকপির বড়া!
রূপক ভেবেছিলো কয়েকদিন ছুটি নিয়ে নীলার সাথে গল্প করবে, একা একা কষ্ট পেতে দেবেনা কিছুতেই! কিন্তু ঠিক আটটার মধ্যে ডিনার মিটিয়ে তাকে অফিস যাওয়ার তাড়া দিতে থাকলো নীলা। বললো, "অকারণে অফিস কামাই কোরোনা আর। এই কদিন আমারও খুব খাটনি গেছে , ঘুমে জুড়ে আসছে চোখ। তুমি বেরুলেই ঘুমিয়ে পড়বো আমি। কয়েকদিন খুব ফাঁকি হলো, ভোরবেলা উঠে রেওয়াজ করতে হবে না?"
অগত্যা!
একবার বিবাহবার্ষিকীতে নীলাকে দুটো ছোট্ট খরগোশ উপহার দিয়েছিলো রূপকের বন্ধুপত্নী কেয়া। লাল পুঁতির মতো চোখ, দুধসাদা। কয়েকদিনের মধ্যেই ছোট্ট বাগান দাপিয়ে বেড়াতে শিখলো তারা। নীলার আবদারে রূপকের বাজারের ব্যাগ ভরে উঠতে লাগলো কচি গাজর আর আঁটি আঁটি পালংশাকে! এক বর্ষার রাতে আর ফিরলোনা তারা। চারচোখ ঠায় জেগে রইলো সারারাত, অপেক্ষায়।
পরদিন কাগজওয়ালা ছেলেটি এসে জানিয়েছিল পাশের গলিতে ভিজে চুপ্পুস চুনির প্রাণহীন পড়ে থাকার খবর। পান্নাকে খুঁজে পায়নি ওরা আর। ছাতা নিয়ে বেরিয়ে আঁচলে জড়িয়ে নিথর চুনিকে নিয়ে এসেছিলো নীলা। টানা তিনদিন বৃষ্টি থামেনি। স্নানঘরে শাওয়ার চালিয়ে ডুকরে ওঠা কান্নাকে চাপা দিতে দিতে ক্লান্ত হয়েছে রূপক।
নীলা কাঁদেনি।
নীলা কাঁদে না। রূপকের অস্থির ভয় বেড়ে যায় শুধু!

|| ৪ ||
সব ঠাটের আশ্রয় রাগের চলন যেমন অন্ততঃ একটি স্বরে ভিন্ন, তেমনই প্রত্যেক সূর্যোদয়ের মুহূর্তে নীলা সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করে এক একটি গান। প্রতিটি দিনের বৃত্ত তার কাছে ধরা দেয় বহুমূল্য অজানা খনিজের অনাবিষ্কৃত আকরে।
আকাশের দিকে আধোঘুমে একপলক চেয়েই ও বুঝেছে আজ ভৈরবীর ভোর নয়। ভৈরবী লাজুক তরুণীমাত্র, রক্তিম ঊষার রাগ... সবকটি স্বর নিখুঁত কোমলে লাগাতে পারা চাই। কিন্তু কোমল ঋষভটি সরিয়ে দীপ্যমান শুদ্ধ 'রে' বসালেই লালিমাটুকু মিলিয়ে গিয়ে উঠে আসে স্নিগ্ধশুভ্রা দীপ্তা আশাবরী
একালের মুখে মুখে ফেরা 'বিকৃত' কোমল আশাবরী নয়, প্রকৃত শুদ্ধ আশাবরী
বাবার কাছে কুমার গন্ধর্বের একটা পুরোনো রেকর্ড ছাড়া কখনো শুদ্ধ রে-যুক্ত আশাবরীর খেয়াল শোনেনি নীলা। আর আছে তার নিজেরই একটি কিশোরীকালের রেকর্ডিং, সঙ্গীতের ব্যাকরণ নিয়ে তখনো সে চূড়ান্ত রক্ষণশীল। চাপা গর্বও আছে।
পাশবালিশটা কাছে টেনে নিয়ে মুখ গুঁজে আরেকটু ঘুমের কাছে যেতে চায় নীলা। কুয়াশার ক্যালাইডোস্কোপে ভেসে উঠতে থাকে পরপর জঙ্গম দৃশ্যপট...
সদ্য শাড়ি ধরেছে চতুর্দশী নীলা। স্কুলের সারি সারি ইউক্যালিপটাস... তার সবুজপাড় শাড়ির চেয়ে অনেক বেশি গাঢ় সেইসব গন্ধপাতা... মধুমাধবী রোদে রবীন্দ্রজয়ন্তী... বাদামী চশমার আড়ালে উজ্জ্বল চোখের সুনন্দাদি বলছেন, "আশাবরীই বাজা, নীলা। যে মানুষটা চির-আধুনিক, তাঁর জন্মক্ষণও তো সূর্যোদয়ই!"
চারপাশের চাপা অসূয়া-গুঞ্জনের ভিড়ে সে তুলে নিচ্ছে সেতার... কোলে উড়ে এসে পড়ছে শুকনো তেঁতুল... তড়পের তারে লীলায়িত অথচ যান্ত্রিক বয়ে যাচ্ছে তার দক্ষ আঙ্গুল- "তোমার সুর শুনায়ে যে ঘুম ভাঙাও..." সবার অলক্ষ্যে উথালপাথাল ঝড় উঠেছে মনে...
অনুষ্ঠান-শেষে একছুট্টে বাড়ি ফিরছে সে... মায়ের তৈরি মোহনভোগ ফেলে ডুবে যাচ্ছে লাইব্রেরি-ঘরে, বাবার ওম-মাখা আরামকেদারায়। তন্নতন্ন করে খুঁজছে শাস্ত্রীয়সঙ্গীতের একের পর এক বই। উত্তর মিলছেনা।
বাবা ফিরেছেন সম্মেলন-শেষে... উদগ্রীব নীলা তার প্রশ্ন নিয়ে ব্যতিব্যস্ত করে তুলছে তাঁকে। শান্ত চোখে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন বাবা। উষ্ণ ঠোঁট কপালে এঁকে দিচ্ছে রাজটিকা।
রবিবারের দুপুর। মনোহরকাকা গাড়ি বের করছে। মাঝ-আশ্বিনের আকাশ প্রায় অপরাজিতা-নীল। অনাবিল খেলে বেড়াচ্ছে পরিযায়ী মেঘেদের অগণ্য শিশু। কুমোরটুলি এর আগেও অনেকবার গেছে সে। পথের দুধারে এখন আহ্লাদী কাশফুলের মায়াঢেউ...
ধীমানজেঠুর সঙ্গে কথা বলছেন বাবা, মূর্তি দেখছেন ঘুরে ঘুরে। তার অভিমান বাড়ছে... প্রশ্নটা কি তবে এড়িয়েই যাচ্ছেন বাবা?
পরিচিত শিল্পীরা সরে গেলে বাবা তাকে হাত ধরে দাঁড় করিয়ে দিচ্ছেন এক খড়মাটির কাঠামোর সামনে। নিরাভরণ। নিরাবরণ। বাবার মুখ আর ভালোভাবে দেখতেও পাচ্ছে না সে... যেন মেঘের আড়াল থেকে ভেসে আসছে কিছু মন্দ্র ভাষ্য...
"নীলি, শাস্ত্রীয়সঙ্গীতের ব্যাকরণ হল এই কাঠামো মাত্র... এই প্রতিমাকঙ্কাল কেমন আবশ্যিক, কিন্তু সর্বাঙ্গসুন্দর নয়; তেমনই মধ্যম- কড়ি হোক বা তীব্র, স্বর- শুদ্ধ হোক বা বিকৃত-কোমল, সেইটুকু যথাযথ হওয়াই ভাবসঙ্গত না। কাঠামোয় রঙের কাজ সেরে চক্ষুদান কর, মা!
সঙ্গীত যদি রসোত্তীর্ন না হয়, তবে ব্যাকরণ বিফল। স্বরবিচ্যুতি আজ তোকে পীড়া দেয় আমি জানি, কিন্তু প্রকৃত সাধিকাকে পীড়া দেবে আনন্দবিচ্যুতি।শিল্পে সত্যের স্থান ব্যাকরণে নয়, আস্বাদনে।
তোর প্রতিটি বন্দিশে তৈরি হবে রঙ, বদলে যাবে দিনের প্রহর, ঋতুকাল।...''
রূপ খর্ব হলে ব্যাকরণ তার সঙ্কীর্ণ সীমায় সঙ্গীতের উত্তুঙ্গ দর্শন উপলব্ধি করাতে পারে না।
প্রতিটি রাগিণী বন্ধনহীন, তাই সে সত্য। তাই সে চৈতন্যময়। শাসনে শাসনে বিকলাঙ্গ সমাজে অন্ততঃ শিল্প কি মুক্ত থাকতে পারে না?
নীলার সেদিনের অন্তর্দ্বন্দ্বের মূল কারণ ছিল 'তোমার সুর শুনায়ে'র আরোহণে শুদ্ধ আর অবরোহণে কোমল ঋষভের ব্যবহার। শুদ্ধ আশাবরী তার প্রিয় রাগ- কোমল আশাবরীকে তার মনে হয়েছিল তীব্র বিচ্যুতি... বাবার কথায় কিছুটা হলেও তার অবুঝ ক্ষতে প্রলেপ পড়েছিল।
কিছুদিন পর বাবারই রেকর্ড ঘেঁটে সে পেয়েছিল পন্ডিত ভীমসেন জোশীর কোমল আশাবরী- "ম্যায় তো তুমহারি দাস/ জনম জনম কে..." নীলা তখনো স্বচক্ষে পাহাড় দেখেনি... কিন্তু দ্রুত ত্রিতালের এই মায়াবী খেয়াল তাকে নিয়ে গেছিল এক অলীক উচ্চতায়... তুষারশুভ্র হিমালয়ের গায়ে ঊষার কিরণে যে বিচ্ছুরণ, সেই তীক্ষ্ণ সত্যে তার কাছে প্রথমবারের মতো স্পষ্ট হয়ে উঠেছিল 'আশাবরী'। চিরন্তন প্রেমিকার আকুতি নিয়ে সেই স্বরসৌকর্যের কাছে প্রণত হয়েছিল নীলা!
বাবার মৃত্যু তাকে ফিরিয়ে এনেছে এই প্রায়-বিস্মৃত সত্যের কাছে। শুধুমাত্র সুর-তাল-লয়ের মাপা সাযুজ্যের বাইরে যে নিজস্ব সৃষ্টির অপার অবকাশ, সেই বিচ্যুতিকেই আজ 'চরম' বলে স্বীকার করে নিতে উৎসুক শিল্পীর গহিন হৃদয়।এত বছরের অনুশীলন, শাস্ত্রচর্চায় নীলা আরও নিপুণ বাদিকা হয়েছে, গভীরতর হয়েছে তার সঙ্গীতবীক্ষা। শুধু নিজের হাতে 'বিচ্যুত রাগ' বাজানোর অগ্নিপরীক্ষায় সে আজও কুন্ঠিত।
বাবার ছবির সামনে মাদুরে সেতার কোলে বসে নীলা। পাটভাঙ্গা ফিরোজা শাড়ির খসখসের সঙ্গতে একবার নির্ভুল বাজিয়ে নেয় কোমল আশাবরীর সম্পূর্ণ ঠাট। উত্তরের জানলা দিয়ে চুপিসারে ঢুকে পড়া কমলা রোদ যেন প্রকৃতির সমস্ত করুণা নিয়ে ফুটে ওঠে সাধিকার ঘাড়ের কাছে এলিয়ে থাকা আলতো ভিজে খোঁপায় আনমনে গুঁজে রাখা একটিমাত্র পলাশ হয়ে...
''... ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-
আপনার ফেল দূরে-
সহজে তখনি জীবন তোমার
অমৃতে উঠিবে পুরে...''

|| ৫ ||

সন্ধ্যে সন্ধ্যে ফিরলে প্রায়শই স্টেশনের পাশের বাজারে ঢুঁ মারে রূপক। নামী বহুজাতিক সংস্থায় চাকরি করলেও চাকরবাকর দিয়ে নয়, নিজের হাতে টাটকা ফুলকপি, লকলকে সবুজ পুঁইশাক, আলোর ফালির মতো মিষ্টিকুমড়ো বেছে বেছে কিনেই তার আনন্দ।
অনায়াসে ধোপদুরস্ত প্যান্টশার্টে বসে যায় মাছের পসারের পাশে শিবমন্দিরের চাতালে। নন্তুর দোকান থেকে ভাঁড়ের চা আর ক্রীমরোল কিনে এগিয়ে দেয় শেষ কয়েক আঁটি কলমিশাক বিক্রীর অপেক্ষায় বসে থাকা আরতিদির দিকে। নিজেও নেয়। অশোক ততক্ষণে চিতল মাছের গাদা আর পেটি আলাদা আলাদা করে গুছিয়ে দিচ্ছে মুইঠ্যা আর সর্ষে-ঝালের জন্য।
এইভাবে স্টেশন বাজারেই বছরতিনেক আগের এক সন্ধ্যায় পাপিয়াকে দেখতে পেয়েছিল সদ্যবিবাহিত রূপক, আরতিদির জায়গায় শাকের ঝুড়ি নিয়ে... বাকি পসারিণীদের মতো হাঁকডাক নেই, গোলাপি জামার সঙ্গে কাছেরই মেয়েস্কুলের গাঢ় নীল স্কার্ট। আরতিদির স্বামীর কারখানায় লকআউটের খবর অজানা ছিল না রূপকের। শাকের ঝুড়ির পাশে মাধ্যমিকের ইতিহাস-সহায়িকা নিয়ে বসে থাকা মেয়েটিকে দেখে মায়ার সঙ্গে সঙ্গে একপ্রকার দায়িত্বই অনুভব করেছিল সে!
তার কথা শেষ না করতে দিয়েই নীলা বলেছিল, 'নিয়ে এসো। স্কুল থেকে রোজ এখানেই চলে আসবে, আমি পড়াবো ওকে!' স্বর্গতা সুনন্দামাসীকে মনে মনে প্রণাম করেছিল রূপক- তাঁর হাতযশ ছাড়া এই গুণী এবং সমমনা নারী হয়তো তার অধরাই থেকে যেত! কিন্তু সত্যিই কি নীলার সবটুকু ছুঁতে পেরেছে? নীলার রহস্যময়তা হয়তো তার আবেদন বাড়িয়ে দিয়েছে চতুর্গুণ, কিন্তু আবেগের সম্পূর্ণ স্ফুরণে একটি মাত্রা কম পড়ে গেছে বারবার।
সে মাত্রা অশ্রুর। সে মাত্রা অভিঘাতেরও।
সহজে রাজি হননি আরতিদি। তীব্র মর্যাদাবোধ তাঁর। সাহায্যের অভিপ্রায়ে কখনো শুকনো শাকের আঁটি কিনে নিতে চাইলেও মৃদু হেসে এড়িয়ে যান তিনি। নীলাই পথে নামে এরপর। অন্ততঃ রূপকের নাইট শিফটের রাতগুলোয় একজন কেউ সঙ্গে থাকলে তার সুবিধে হয়, এই অকাট্য যুক্তিতে পাপিয়াকে নিজের জিম্মায় আনে নীলা।
আরতিদির সম্মানার্থে পাপিয়ার মাসোহারা একটা ধার্য হলেও হাতে হাতে সামান্য সবজি কেটে দেওয়ার বেশি কোনদিন কিচ্ছুটি করতে দেয়নি নীলা। পাড়ার বাচ্চারা চলে গেলে সন্ধ্যের পর থেকে শুধু পাপিয়াকেই পড়িয়েছে, মাধ্যমিকে লেটার পাওয়ার খবরে তাকে নিয়ে ছুটেছে ঘড়ি, শাড়ি, ফাউন্টেন পেনের বাক্স কিনে দিতে।
আজকের পাপিয়া যেন নীলারই সৃষ্টি। অসীম ধৈর্য্য নিয়ে সে শুধু শিক্ষাই দেয়নি, গড়ে তুলেছে সুস্থ আধুনিক রুচিবোধ। পড়তে বসতে না-চাওয়া সন্ধ্যেগুলোয় দুই অসমবয়সী নারী একের পর এক কালজয়ী ছবি দেখেছে... 'কলকাতা ৭১' দেখে হাজারো প্রশ্ন ছুঁড়েছে পাপিয়া, নীলা মনে মনে ভেবেছে ও ইতিহাস পড়লেই বেশ হয়...নাকি সমাজতত্ত্ব? 'মেঘে ঢাকা তারা'র চর্চিত শেষদৃশ্যে নীলার কাঁধে মুখ গুঁজে ফুঁপিয়ে উঠেছে সত্তরের এক মধু মিত্র লেনের সবজিমাসীর মেয়ে! সংগ্রাম এমনও হয়?
কলিংবেল যখন বাজলো, নীলার সান্ধ্য রেওয়াজ শেষের পথে। আজ সে অভ্যাস করছিল পূর্বী, পড়ন্ত গোধূলির রাগ, করুণ রসে আশ্রয়। তবে বারেবারেই তার মনে হয়েছে আজকের রাগচয়ন যথাযথ হয়নি। হেমন্তের শেষভাগে হালকা শীতের আমেজ এখন... সীগ্রীন কাফতানের উপর রূপকেরই একটা পুরোনো ফুলশার্ট চাপিয়েছে সে। শার্টের কলার থেকে ভেসে আসছে ওল্ড স্পাইসের সাবেকী পুরুষালি গন্ধ...
একবার পারফ্যুম বানানোর শখ হয়েছিল নীলার, পড়াশুনো বিস্তর হলেও শেষ অবধি বানিয়ে ওঠা হয়নি আর... হয়তো বা সুগন্ধে ধরে রাখতে চেয়েছিল কোনো রাগের উন্মেষ। বাবা বলেছিলেন রাগ ও বর্ণের দর্শনের কথা, রাগের নিজস্ব সুরভি থাকাও কি অসম্ভব?নীলার আঙ্গুল চড়ে কোমল ধৈবতে... মিডল নোটের মৃদু খুশবু... জুঁই, কারনেশন... সে ফিরে আসছে মধ্যম আলতো ছুঁয়েই বাদী গান্ধার পেরিয়ে ঋষভের কোমলে... বেস নোটে ভ্যানিলা আর কস্তুরীগন্ধ... মৃদু কেঁপে উঠে লক্ষণগীত শেষ করে সে... ''মানহি মানমে গাওয়ে সখিরি..."
ঠিক তখনই কলিংবেল বাজে। ডানহাতে ল্যাভেন্ডার রঙের অর্কিডের গোছা আর বাঁহাতে বাজারের ব্যাগ থেকে উঁকিঝুঁকি দেওয়া রকমারি মরশুমি সবজি। খেলনাবাটির সংসারে তারা কাজ ভাগ করে নেয়। বাজার গুছিয়ে তুলে নীলা ফেরে ইলিশে ম-ম রান্নাঘরে... ডালসেদ্ধয় ভেঙ্গে দেয় কাঁচালঙ্কার গন্ধখুশি। ইলিশ ভাজা। ইলিশের তেল।
সে রাতে সেতার নীরব থাকে। রূপকের খোলা পিঠে নীলার চঞ্চল আঙ্গুল আঁকে অসময়ের অথচ প্রকৃত শৃঙ্গারের রাগ, টোড়ি। সন্ধ্যের করুণ পূর্বীর সঙ্গে তার ফারাক কেবল একটিমাত্র কোমল গান্ধারে!
ঠিক তখনই মধু মিত্তির লেন ছেড়ে দ্রুতপায়ে ডানদিকে মোড় নেয় পাপিয়া। মা কিছুতেই একগাল ভাত না খাইয়ে বেরোতে দিচ্ছিল না যে! প্রায় মাসখানেক চিকেন পক্সে কাবু ছিল সে। বৌমণি রোজই ফোনে খোঁজ নিয়েছে, মায়ের হাতে পাঠিয়েছে রকমারি ফল, পেস্তা, তার পছন্দের কেক। মা এসবে বিশেষ খুশি নয়, সে বেশ বুঝতে পারে। মায়ের ভয়, সে বদলে যাচ্ছে! এতখানি বদল যদি না ক্ষমা করে তাদের চৌহদ্দি? কিন্তু, বৌমণির হাত ধরেই তো বেঁচে গেছে সে! এই মধু মিত্তির লেনের বাইরেও যে একটা আস্ত আকাশ আছে, স্বপ্ন দেখার অধিকার যে সকলের... এসব তো অজানাই থেকে যেত! বিকেলের ফোনেও আসার কথা জানায়নি সে, হয়তো আরো কিছুদিন বিশ্রাম নিয়েই আসতে বলতো বৌমণি! কিন্তু আর অপেক্ষা করা হয়তো ঠিক হচ্ছেনা... এরপর বড্ড দেরি হয়ে যাবে না তো? পড়াশুনায় ফাঁকি হয়েছে বেশ কিছুদিন, উচ্চমাধ্যমিকে যুৎসই রেজাল্ট না করলে স্কলারশিপ পাবে না তো! কলেজে ভর্তি হলে সেও বৌমণির মতো পড়াবে... মাকে আর বাজারে বসতে দেবে না!
আর, আর, বৌমণিকে সেই কথাটাও বলা হয়নি যে! অসুস্থতার দিনগুলোয় সব বইপত্র পেরিয়ে যা ছিঁড়েখুঁড়ে দিচ্ছিল তার অবসন্ন চিন্তা... যতবার ফোনে চোখ রেখেছে, মনে পড়ে গেছে সেই হিমশীতল হুমকি- শিরদাঁড়া দিয়ে নেমে গেছে ভয়ের চোরাস্রোত।
অন্ততঃ তুমি আমার পাশে থাকবে তো, বৌমণি?

|| ৬ ||

মাঝরাত থেকে দুটি ফোন পালাক্রমে বেজেই চলেছে। নীরবে। মানব-মানবী তখন নিশ্চিন্ত ঘুমে। ল্যান্ডফোনটাও দেহ রেখেছে সপ্তাহখানেক হল।
চোখ খুলে পাপিয়ার প্রথম মনে হল সে সমুদ্রে ডুবে রয়েছে। তখন সে অনেকটাই ছোট, পাড়া থেকে দীঘার বাস ছেড়েছিল...বাবার কারখানা তখনো খোলা... তাকে বেলামাসির ঘরে রেখে কোনো কোনো শনিবার মাকে নিয়ে সিনেমাও যেত। দীঘায় ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে অনেকটা এগিয়ে গিয়েছিল সে... জুলাইয়ের ভ্যাপসা গরমে সমস্ত শরীর যেন শান্ত হয়ে যাচ্ছিলো ঠান্ডা আদরের ঝাপটায়... কিন্তু এখন এত জলের মধ্যে এভাবে শুয়েও এত জ্বালাপোড়া হচ্ছে কেন?
আকাশী পোশাকের নার্সরা তাকে চোখ বুজে নিতে বলছে বারবার... গালে চিবুকে অসহ্য যন্ত্রণা... মনে হচ্ছে মাংস খুবলে নিয়েছে কেউ... মাথা ঘোরাতে গেলেই টান ধরছে গলার চামড়ায়... খুব যত্ন করে তার ভেজা চুলে তোয়ালে জড়িয়ে দিচ্ছে কেউ... তুমি এলে, বৌমণি? আমার কি খুব জ্বর? একটু ঘুম পাড়িয়ে দেবে?
উদভ্রান্ত স্বপনের কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকে শাড়ি বদলে নেয় নীলা। ঘটনার আকস্মিক আঘাতে রূপক তখনো কিংকর্তব্যবিমূঢ়!
"তুমি তৈরি হয়ে নাও, রূপ। স্বপনদা, এদিকে আসুন। আমি গাড়ি বের করছি!'' নীরবে সরে যায় রূপক।
নীলার উৎকণ্ঠিত চোখ স্টিয়ারিংয়ে নিবদ্ধ। শুধু পাশে বসে থাকা রূপককে একের পর এক ফোনের নির্দেশ দিয়ে যাচ্ছে, কখনো বা লাউডস্পীকারে নিজেও কথা বলে নিচ্ছে। থানা। লোকাল মহিলা সমিতি। ঊষাদি। মিসেস সামন্ত। অপর্ণা ম্যাডাম। ডাঃ দেবপ্রিয় চৌধুরী।
আর... অ্যাসিড অ্যাটাক ভিক্টিমদের আইনী সাহায্য কমিশন, নালসা (NALSA)।
হাসপাতালের করিডরে বাজ পড়া নারকেলগাছের মতো দাঁড়িয়ে আরতিদি। নীলা কাছে গিয়ে পিঠে হাত রাখতেই অগ্ন্যুৎপাত হয়... ''আমাদের এত বড়ো ক্ষতিটা কেন করলেন দিদি? মেয়েটা তো কবে থেকেই আর আমাদের নেই, আজ চোখের উপর থেকেও কেড়ে নিলেন?"
ততক্ষণে যান্ত্রিক ঘোষণা শুরু হয়েছে নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্যে... থার্ড ফ্লোরের ৩০/এ কেবিনের পেশেন্ট পাপিয়া সরকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না...
পেইনকিলারের প্রভাব কাটতেই মর্মান্তিক যন্ত্রণায় চিৎকার করে ইনজেকশনের ঘুম ভেঙে গেছিলো পাপিয়ার। মনে পড়ে যাচ্ছিল রাতনার্সটির ভয়ার্ত চোখ: ''প্লাস্টিক সার্জারি করাবে কি গো রুবিদি, বাইরে মা-টাকে দেখে এসো একবার!"
গলা শুকিয়ে যাচ্ছিল... কোনোক্রমে পাশ ফিরে দেখতে পেয়েছিল বেগুনী ঝোলাব্যাগটা। ভেতরে জলের বোতল নিয়ে বেরিয়েছিল কি? হাতড়ে দুটো লেবুলজেন্স... একটা গালে ফেলে... দেওয়ালঘড়ির প্রতিটি সেকেন্ডের কাঁটা যেন এক এক প্রহর নিচ্ছে। বাবা দিয়েছিল লজেন্সদুটো... আজকাল বাবাকে দেখলে কেমন একটা ভাঙাচোরা মানুষ মনে হয়... রবিকাকুর শার্টপ্যান্ট কাটার দোকানে বসে রোজ সন্ধ্যেয়... কতদিন পর হাতে করে কিছু এনেছিল পরশু... পেপসির বোতলে তেঁতুলজল, শালপাতায় মোড়া আলুমাখা, দুটো কালো প্লাস্টিকে ভরা ফুচকা। আর একমুঠো লেবু লজেন্স। গজগজ করতে করতে বাটি সাজানো মায়ের ঠোঁটের চিলতে হাসিটা নজর এড়ায়নি বাপবেটির।
আরেকটা লজেন্স ঢুকিয়ে রাখতে গিয়েই বৌমণির দেওয়া ছোট্ট পকেট-আয়নাটায় হাত ঠেকে গেছিল পাপিয়ার...
অনেকটা সময় লাগলো আরতিকে কিছুটা সামলাতে। ভরা করিডরে দাঁড়িয়ে একের পর এক বিষাক্ত বাক্যে অপমানিত হয়েছে নীলা। স্বপন ও রূপক- সমাজের সম্পূর্ণ দুই ভিন্ন ক্লাসের পুরুষেরই ভূমিকা ছিল সমান... অসহায় দর্শকের। ভিড়ের মাঝে প্রথমে বিব্রত ও বিরক্ত হয়েছে নীলা। তারপর নিজেকে সংযত রেখে আরতিদির পিঠ থেকে হাত সরিয়ে নিয়ে পাশাপাশি বসে থেকেছে দীর্ঘ সময়।
কাগজপত্রের হাজারো ঝামেলা, পুলিশি তদন্তের প্রাথমিক পাঠ আর বিল মিটিয়ে এসে নীলাকে ডাকতে গিয়েও থমকায় রূপক...আরতিদির স্বর ক্লান্ত, দুই হাতের মধ্যে নীলার বাঁহাত আঁকড়ে ধরা... একরাতে যেন দশবছর বয়স বেড়ে গেছে ওঁর...
''মেয়েটা আর আমাদের একজন ছিল না দিদি। স্বপ্ন দেখতে শুরু করেছিল। কলেজে পড়ার স্বপ্ন। ইস্কুলকলেজে পড়ানোর স্বপ্ন। আমাদের যা যা মানায় না, সেই সবকিছুই করার স্বপ্ন। বলতো, 'সস্তা বিছানার চাদরে কেউ গরীব হয়না, মা। রোজ ডালভাত আর পেঁপের ডালনা খেলেও না। সত্যিকারের গরীব শুধু সে যে স্বপ্ন দেখতে জানে না... সেই লজ্জা কাটাতে অনেক পরিশ্রম করছি, ওর মধ্যে আমায় আর ফিরতে বোলো না!' আজকাল ওকে নিয়ে ভয়টাও বাড়ছিল, এই যে মিত্তিরপাড়ায় থেকে আলাদা হওয়ার চেষ্টা, তা তো পাড়ার লোকজন ভালো চোখে দেখেনি... দাদাবাবুকে জড়িয়ে মন্দকথা বলতেও ছাড়েনি!''
শিউরে উঠে চোখ বোজে নীলা। ''আচ্ছা দিদি, আমি নাহয় মুখ্যু মা, এই রাজীব ছেলেটার কথা কি ও আপনাকেও বলে নি?"
হাসপাতালের পোশাক বদলে ঘর অন্ধকার করে শুয়ে ছিল ওরা। অনেক ধকল গেছে সারাদিন। রান্নাঘরে ভাতেভাত ফুটছে।
- জানো, ঐ রাজীব কিন্তু পালায়নি। শুধু সব দোষ অস্বীকার করে যাচ্ছে বারবার। অত রাতে ওদিকে তেমন কোনো উইটনেসও তো ছিল না শুনছি!
- তুমি ওকে শাস্তি দেওয়ার কথা ভাবছো? সে পুলিশ চাইলে একদিন জবানবন্দী পাবেই। পিয়ার ডায়েরি, মোবাইল... প্রমাণের অভাব হওয়ার কথা নয়। আমি তো শুধু পিয়ার কথাই ভাবতে পারছি... শুধু সমাজের ভয়ে পালিয়ে যাবে এমনভাবে তো তৈরি করিনি ওকে? এ বোধহয় আমারই ব্যর্থতা...
উদারায় নামে নীলার স্বর।
- নিজেকে দোষ দিও না, নীল! সত্যিই কোনো নারীকে আকাঙ্ক্ষা করলে প্রকৃত পুরুষ হয় অপেক্ষা করে, নয় প্রত্যাখ্যান মেনে নেয়। কখনো বা দুটোই। এক্ষেত্রে মেল ইগোটাই কাজ করেছে, সেইসাথে শিক্ষাদীক্ষারও চাষ নেই। আজকের পিয়ার পছন্দের পুরুষ হবে শিক্ষিত, রুচিবান। একই পাড়ায় ছোট থেকে বেড়ে উঠেছে ছেলেটা, সেই সম্ভাব্য হার মেনে নিতেই আপত্তি। প্রতিহিংসা।
- মেয়েদের শরীর, মন সবেতেই আধিপত্য পাওয়ার লোভ, বুঝলে! এটাই সব। শিক্ষাদীক্ষাটা খুব একটা মেজর পয়েন্ট নয়, রূপ। সুযোগ পেলে এমনই করতে চায় এমন 'শিক্ষিত' লোকের সংখ্যাও কম নয়। কেরিয়ার, সংসার আর লোকলজ্জার ভয়ে শুধু পিছিয়ে থাকে... এর জাস্ট সেই বালাই নেই।
শেষের কথাগুলো বড় হতাশ, অবসন্ন। পিয়া তো ওরই মানসকন্যা। নীল কি কাঁদছে? শত মনকষ্টের মধ্যেও রূপকের হৃৎস্পন্দন বেড়ে যায় কোন এক অহেতুকী আশায়... অন্ধকারে আঙুল চালায় নীলার গাল পেরিয়ে চোখের দিকে। উষ্ণ গাল, শুকনো চোখ।
''কী খুঁজছো বলো তো! খেতে যাবে না?"
''ও কিছু নয়, নীল। চলো, যাচ্ছি।'' আর্দ্র হয় রূপকের স্বর... নীলার কপাল থেকে কোঁকড়ানো চুলের গুছি মুঠি করে করে সরিয়ে দিতে থাকে সিঁথির দুপাশে।
এই অদ্ভুত চাকরির দৌলতে রাতে ঘুমানোর অভ্যাসই প্রায় চলে গেছে রূপকের। হাজার ক্লান্তি থাকলেও বারবারই ঘুম ভেঙে যায়। পিয়ার জন্য উদ্বেগেও মনটা অস্থির। দ্বিতীয়বার ঘুম ভেঙে অভ্যাসবশে বাঁপাশে হাত বাড়ায় নীলার বালিশে। দোতলা থেকে ভেসে আসছে সেতারের মৃদু আর্তি...
সতর্কপায়ে সিঁড়ি ভাঙ্গে রূপক... শেষ ধাপে পৌঁছে সেখানে দাঁড়িয়েই শুনতে থাকে মধ্যযামিনীর ঝঙ্কার... তার 'শুনে চিনতে শেখা' প্রিয় রাগগুলির অন্যতম... দরবারী কানাড়া! গম্ভীর সমাহিত আরোহে ঋষভে ঝুঁকে আছে মায়াবী কোমল গান্ধার... ক্রমে সপ্তক পূর্ণ হচ্ছে... অথচ অবরোহে ফিরে আসা গান্ধারটি মধ্যমকে চকিত চুম্বন করেই নেমে আসছে অতল গিরিখাতে।
স্বজন হারানোর কুণ্ঠাহীন, দ্ব্যর্থহীন আবেগ স্তরীভূত হয়ে যাচ্ছে স্বরগ্রামের ললিত ঔদার্যে।
এই তো কাঁদছে নীল! চিকারীর তার ছুঁয়ে ষড়জে ডুবে থেকে কাঁদছে... তীরের ফলার মতো নিষাদে আর্তনাদ করছে নীলের আঙুল... আকুল রেখাবের কোলে মুখ গুঁজে সৃষ্টিকে খুঁজছে এক শাশ্বতী স্রষ্টা।
সে অশ্রুতে ভিক্ষুকের হতভাগ্য মলিনতা নেই। রয়েছে সম্রাজ্ঞীর নিভৃত শোকযাপন।
চোখ ভেজে না। মন ভিজে যায়...
|| ৭ ||

সেই রাতের পর কেটে গেছে বেশ কয়েক মাস। ওদের জীবন সম্পূর্ণ ছন্দে না ফিরলেও যুক্ত হয়েছে একটি মধুর অপেক্ষা। অঙ্কুরিত অপেক্ষাটি ক্রমশঃ বেড়ে উঠছে নীলার গভীরে... নীলারই জীবনীশক্তি থেকে সংগ্রহ করছে তার প্রাণরস...
সুনন্দাদি রূপকের ছবি দেখিয়ে সাতাশের নীলাকে বলেছিলেন, ''মানুষের সঙ্গে মানুষের এমনভাবে জোট বেঁধে দেওয়াটা আমার পছন্দ নয়... সঠিক সঙ্গীর দেখা না পেলে একাকীত্ব বেছে নেওয়ার পক্ষপাতী বলেই আজ আমি নিঃসঙ্গ। এটা আমারই চয়েজ, তুই জানিস। কিন্তু সুরমাদি যখন তোর বিয়ের জন্য এতখানি উদগ্রীব আর অমিতবাবুরও শরীরটা ভালো যাচ্ছে না, আমি চাইনা তাড়াহুড়োয় কোনো ভুল সিদ্ধান্ত হোক। বিদ্যা, টাকা, সুস্বাস্থ্যই শুধু বিবেচ্য নয়, তোর মতো মেয়ের সঙ্গী হতে যে মরমী মন চাই, আমার বিশ্বাস রূপের তা আছে! একবার দেখা কর শুধু, তারপর সবটুকু তোর ইচ্ছেতেই হবে।"
দেখা করার দিন যত এগিয়ে আসে, অজানা আশঙ্কায় বিদ্রোহ করতে থাকে নীলার মন। স্কুলকলেজে বন্ধুভাগ্য তার বিশেষ ভালো নয়, 'সৃষ্টিছাড়া'দের যেমন হয় আর কি! সমাজের নিয়মে যা 'দস্তুর', সব সেইমতো না হলেই কত সহজে চলে মানুষকে 'দাগিয়ে দেওয়া'র নিষ্ঠুর খেলা...
ভালো ছবি দেখতে বরাবর ভালোবাসে নীলা, তবে কলেজ কেটে সিনেমা দেখতে যেতে কেউ তাকে ডাকলো না কখনো। সে রাগ করলো, নিজের উপরেও বিরক্ত হলো বারবার... তারপর ধীরপায়ে চারতলার লাইব্রেরীতে ডুবে গেল বিমলাকান্ত রায়চৌধুরীর 'ভারতীয় সঙ্গীতকোষ'-এ!
জীবনসঙ্গীর মধ্যে 'বন্ধু' পাওয়ার সম্ভাবনাটুকু তার পছন্দের... কিন্তু সেই মানুষটি কি মেনে নেবে একটি ভয়ঙ্কর সত্য?
নির্ধারিত সময়েই দেখা হয়েছিল ওদের, নীলচে আলোজ্বলা মায়াবী রেস্তোরাঁয়। নীলার সাদা কামিজ, গোলাপি ফুলকাটা ওড়না, হালকা কাজলের রেখামাত্র, ছোট্ট কালো টিপ। চিবুকে হাজারো সংশয়। মা শাড়ি পরতে বলেছিলেন বারবার... ''মানুষটা 'আমায়' দেখতে আসছেন , মা। যেভাবে আমি 'আমি', সেই সত্যিটাই দেখতে দাও। তুমি কিন্তু বেশি আশা কোরো না, এবারের উত্তরটাও 'না'ই হবে মনে হয়, শুধু সুনন্দাদির আত্মীয়, তাই..." ব্যাগের সাইডপকেটে ছাতা গুঁজতে গুঁজতে বেরিয়ে গিয়েছিল নীলা।
''কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো! ভালো লাগছেনা বুঝি আপনার? এখানে কিন্তু চা-ও পাওয়া যায়... নাকি ঠান্ডা কিছু বলতে হত? মকটেল...?'' নার্ভাসনেস এড়াতে স্বভাববিরুদ্ধ চপলতা রূপকের। তার চোখের কোণের আলগা ছেলেমানুষিতে বেশ মজাই পাচ্ছিল নীলা। কিছু একটা বলার জন্য উশখুশ করলেও গোছানো শব্দের সারি ঠোঁট অব্দি আসার আগেই মিলিয়ে যাচ্ছিল বুদ্বুদের মতো!
রূপকের স্বচ্ছ ব্যবহার আর অনাবিল সারল্যে সহজ হতে শুরু করে নীলা। রাতঅফিসের গল্প, সহকর্মীদের কথা... কিন্তু রূপক তার কথা শুনতে চাইলেই আবার আড়ষ্ট লাগছিল বড্ড! আঙুল মটকাচ্ছিল বারবার, যেমনটা তার ছোটবেলার অভ্যেস!
''আপনার বোধহয় আজ মনমেজাজ ভালো নেই, ঠিক বলছি?" নীলফ্রেমের ভারিক্কি চশমার নীচে দুষ্টুমিভরা দুই চোখ। নিজেকে প্রায় হারাতে হারাতেও সমে ফেরে নীলা- ''আসলে আমার সেতারের একটা তার ছিঁড়ে গেছে পরশু... যতক্ষণ না ঠিক হচ্ছে...আরে আপনি উঠে পড়লেন কেন?"
- চলুন, চলুন। সেতারে সুর না ফিরলে গলা দিয়ে যে ফিসফ্রাইও নামবে না বেশ বুঝছি! আপনার বাড়িই যাওয়া যাক, সেতারটা সারাতে দিতে হবে তো, নাকি? দাঁড়ান, কফির বিলটা দিয়ে বাকি অর্ডার ক্যান্সেল করে আসি!
- না না, তার কী দরকার? আমি ঠিক সময় করে নিয়ে যাবো কাল-পরশু। খুশি চাপার চেষ্টা করছিল নীলা!
- দেখুন ম্যাডাম, স্বার্থ একটা আছেই। সেতার যত তাড়াতাড়ি সেরে উঠবে, আমিও তত শিগগিরই আপনার বাজানো শুনতে পাবো। সুনীমাসি দুটো রেকর্ড দিয়েছিলেন বটে, কিন্তু শিল্পীর পদপ্রান্তে বসে শোনার অভিজ্ঞতা নিশ্চয়ই আলাদা?
রূপকের কথার ধরণে হেসে ফেলেছিল নীলা!
রিকশায় সেতার চাপিয়ে মানসী মিউজিক্যালে দিয়ে বাইরে অপেক্ষা করছিল ওরা! চিকারীর তার... মেরামতে কিছুটা সময় লাগবেই... ওড়নার সোনালী সুতোয় গোল্লা পাকাচ্ছিলো নীলা।
-আচ্ছা, কফিটা তো মনে ধরেনি জানি। কী পছন্দ আপনার বলুন তো! সুনীমাসি তো বলবেন আপনার অযত্ন করেছি!
- লেবু চা। অল্প মিষ্টি। বিটনুন একটু বেশি।
নিজের কথায় নিজেই আশ্চর্য হয়ে যায় নীলা। এত অল্প আলাপে নিজের পছন্দের খুঁটিনাটি কোনোদিন কাউকে বলেনি সে, বলার ইচ্ছেটাই হয়নি!
ভাঁড় ফেলে এগলি ওগলি হাঁটতে হাঁটতে নীলার প্রিয় চপের দোকানে পৌঁছয় ওরা। এবার নীলার পালা। জিজ্ঞাসু চোখে রূপকের দিকে তাকাতেই, "কী ভাবেন বলুন তো আমায়? বাবার বদলির চাকরি ছিল বলে নাহয় ইংরেজি স্কুলে পড়েইছি, তাই বলে ডালবড়া খাবো না?''
মেলার মাঠের সবুজ আলো লুকোচুরি খেলছে রূপকের ক্লীন-শেভেন গালে, নাগরদোলার ঘূর্ণিতে চোখ। হাওয়া-মিঠাইয়ের শেষ গোলাপি তুলোটা মুখে পুরে নেয় নীলা, তারপর একবুক ভয় গিলে বলে- ''আমি কিন্তু কখনো মা হতে পারবো না!''
মেঘ ডাকছিল, গোধূলি দ্রুতলয়ে মিলিয়ে যাচ্ছিল সন্ধ্যের কুহকে।পাততাড়ি গুটিয়ে ত্রিপল টানাচ্ছিল সবাই। নীলার ছাতাতেই জড়োসড়ো আশ্রয় নিয়েছিল দুজনে... আজ আর সেতার নিয়ে ফেরা হবে না...
নীলার বাড়ির সামনের লনে অনেকক্ষণ নির্বাক দাঁড়িয়ে ছিল ওরা। দূরের স্ট্রীটল্যাম্প জ্বলছিল- নিভছিল বারবার। নীলা কলিংবেলে হাত রাখার ঠিক আগের মুহূর্তে আলতোস্বরে রূপক বলেছিল, ''ফোনের অপেক্ষায় থাকবো কিন্তু! আর একটা কথা, বায়োলজিক্যাল মাতৃত্বকে আমি অনাবশ্যক বড়ো করে দেখি না। মা হতে পারা দিয়ে মেয়েদের বিচার করার অর্থ তাকে প্রথমেই খন্ড মানুষ হিসেবে ধরে নেওয়া, তাকে পূর্ণতা দিতে পারে শুধুই বায়োলজিক্যাল সন্তান... এখানেই আমার আপত্তি!
মা টেরেসাই বলুন বা সারদামণি, এঁদের কি নিঃসন্তান বলা চলে? আপনি প্রতিভাময়ী, শিক্ষিতা। নিজগুণে একটি সম্পূর্ণ মানুষ। আমার ঘরে আসুন বা না আসুন, নিজের অবমূল্যায়ন করবেন না আর কখনো! কলেজে লেখালেখির অভ্যেস ছিল। কবিতা নিজে আসতে না চাইলে তার উপর কোনো জোর চলে না... "
বৃষ্টি বাড়ছিল। নতুন বন্ধুত্বের স্মারক হলুদ গোলাপ মাথার কাছের ফুলদানিতে রাখতে রাখতে নীলা বুঝেছিল, বন্ধ জানলা-দরজা ভেদ করে এক আশ্চর্য পুরিয়া-ধানেশ্রী বৃষ্টি ঢুকে পড়েছে তার জীবনে! অস্থির লাগে... আজই সেতারটা নেই...
সাধারণ ইউটেরাসের চেয়ে অনেকটাই ছোট তার ইউনিকর্নুয়েট (ইউনিকর্ন আকৃতির) ইউটেরাস। ডাঃ চৌধুরী বলেছিলেন, কনজেনিটাল এবনর্মালিটি! দ্বিতীয় শব্দটায় ততদিনে ভয় ধরে গেছে নীলার... মামাবাড়ির অনেকেই বলেন, ''তোর মেয়ের ধাঁচটাই নর্মাল নয়, রমা! কাটছে -ছড়ছে, বন্ধুরা কথা বলছে না... চোখে কান্নাই নেই দেখ!''
একটিমাত্র কার্যকরী ফ্যালোপিয়ান টিউব নিয়ে তার সন্তান-সম্ভাবনাও তো 'নর্মাল' নয়, মিরাকল। শুধু খুব সাবধানে থাকতে হবে এই কটা মাস। রূপকের রাতঅফিসও বন্ধ আজকাল...
পীচরঙ গোলাপের মাটিতে সকালের চাপাতাটুকু ঢেলে দেয় নীলা... বাঁহাতে আলতো স্পর্শ করে গলার কাছে কাফতানের হানিকম্ব...
প্রায় অস্ফুটে বলে, ''এই, তুই কি মালবী? নাকি হিন্দোল?''

|| ৮ ||
শিশুর মতো কাঁদছিল রূপক। অনাস্বাদিতপূর্ব উচ্ছ্বাসের স্রোত। নীলার মুখে শ্রান্তি, চোখে গভীর কালি, আর সব ছাপিয়ে এক তৃপ্তির আবেশ। আঙুল বাড়িয়ে রূপকের চুলে বিলি কেটে দেয়, ''ডাকনাম কিন্তু তোমার ভেবে রাখার কথা ছিল..."
শেষ কয়েক সপ্তাহে বাড়ি-অফিস সবটা সামলে সত্যিই ভেবে ওঠা হয়নি রূপকের। উপরন্ত তার অনেক বেশি উদ্বেগ ছিল নীলাকে নিয়েই!
আজ নার্সিংহোমের মেঠো সবুজ পোশাকের নীলা অনেকটাই দুর্বল... যন্ত্রণায়- রক্তক্ষয়ে বেশ ফ্যাকাশে। তবু ওর বিন্দু বিন্দু ঘাম জমা কপাল, অযত্নে চুড়ো করে রাখার রুক্ষ চুলের আর শুকনো ফিকে ঠোঁট দেখে রূপকের মনে হল নীলাকে এমন সুন্দর সে হয়তো জীবনে আর মাত্র দুদিন দেখেছে... প্রায় বছরপাঁচেক আগের এক আক্ষরিক অর্থেই 'কনে-দেখা' গোধূলিতে প্রথমবার... দ্বিতীয়বার ল্যাভেন্ডার রঙের তসর বেনারসী আর সম্পূর্ণ মুক্তোর সাজে বিভাময়ী, সকলের লালনীল শাড়ির উচ্চকিত সোনালী কল্কাকাজ আর সাবেকী গয়নাগাঁটির মাঝে মধুর স্বকীয়তায় উজ্জ্বল। জুঁইফুলের সুরভি আর বিসমিল্লার চিরন্তনী সঙ্গতে রূপকের হাতে এসে পড়েছিল সেই লাবণ্যহাত।
নীলার ধ্বস্ত অথচ লালিত্যে উদ্বেল মাতৃমুখের দিকে তাকিয়ে রূপক বললো, 'সানাই! আমাদের পথচলার সাক্ষী। আর এর কল্যাণেই এখনো মঙ্গলদিনে অন্ততঃ একজন ভিনধর্মীকে সমাদর করতেই হয়, কী বলো!'
চেয়ার ছেড়ে উঠে নীলার পিঠের বালিশটা ঠিক করে দিয়ে ওর পাশেই এসে বসে রূপক। ক্লান্ত নীলা কাঁধে মাথা এলিয়ে বলে, ''ওকে কখন দেবে গো আমার কাছে? সেই একবারটি দেখিয়েই নিয়ে চলে গেল যে...!"
"এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। দেখুন মিঃ সেন, প্লীজ আমার পুরো কথাটা শুনুন মন দিয়ে।'' ডক্টর মহুয়া রায়ের স্বর মরমী অথচ দৃঢ়... ''আপনার মনের অবস্থা আন্দাজ করতে পারছি, কিন্তু তাও বলছি, নার্ভাস হওয়ার বিশেষ কিছু নেই। হার্টে অলিন্দের দেওয়ালে যে ফুটো গর্ভাবস্থায় বা জন্মের ঠিক আগে বুজে যাওয়ার কথা, সেটা বেবির ক্ষেত্রে হয়নি। এই সমস্যা নিওনেটালদের মধ্যে প্রায়ই দেখা যায়... তবে এক্ষেত্রে এর সঙ্গে রয়েছে আরেকটা অসুবিধে। বেবির আর্টারি বেশ ন্যারো। এই দুটো কনজেনিটাল সমস্যা একসাথে বেশিদিন ফেলে রাখলে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে না, ফুসফুসের ক্ষতিও হতে পারে।
কিন্তু, অন্ততঃ বছরখানেক বয়স না হলে আমি সার্জারির পক্ষপাতী নই! আপনার স্ত্রীর ইউটেরাস যেহেতু স্বাভাবিকের তুলনায় ছোট, বেবি গ্রোথের জায়গা পেয়েছে কম। বেশ কিছুটা আন্ডারওয়েট। ঠিক এইজন্যেই আমি এক্সট্রা টেস্টগুলো করে দেখতে চেয়েছিলাম..."

প্রাথমিক তীব্র টেনশনের ঝোঁক কাটলে কিছুটা আশ্বস্ত হয় রূপক। এই একবছর শুধু প্রতি দু'মাসে একবার বাবামায়ের কোলে চেপে চেকআপে আসবেন পুঁচকে রাজকন্যে মালবী সেন।
নার্সিংহোম থেকে ছাড়া পেতে লেগে যায় সপ্তাহখানেক। বাড়ি ফিরে নীলা দেখে সারা ঘর জুড়ে হাসছে তার পছন্দের একরাশ সূর্যমুখী। বাবার সাবেকী গ্রামোফোন কিছুটা সরিয়ে জায়গা করে নিয়েছে লোহার মজবুত দোলনাঘর, তাতে নিপুণ হাতে পাতা ফুলছাপ চাদর। সর্ষের বালিশ। মিনিমাউস আঁকা গোলাপি অয়েলক্লথ। উত্তরের জানলার দিকের বুকশেলফ থেকে নিজের ফাইলপত্র সরিয়ে একগাদা সফ্টটয় এনে জমা করেছেন শিশুকন্যার আহ্লাদী পিতা!
নির্ভার প্রজাপতির মতো এঘর-ওঘর ঘুরে বেড়ায় নীলা... জ্যান্ত পুতুলের গালে নাক ডুবিয়ে দুধেল গন্ধ নেয়। বারেবারেই কাজ ভাগ করে নিতে চায় রূপক; কিন্তু স্নানের জলের ঠিক কোন তাপমাত্রা হওয়া চাই, তোয়ালে কতক্ষণ ডেটলজলে ডুবিয়ে রাখা দরকার, এসব নীলার মতো করে বোঝা তার অসম্ভব! জীবনের এই শিক্ষাটির বোধহয় কোনোই ট্রেনিং লাগে না... অবাক হতে গিয়েও হেসে ফেলে রূপক। অফিস না থাকলে সে বরং বেশিটা সময় রান্নাঘরেই থাকে আজকাল, নীলার কাজ এগিয়ে রাখার চেষ্টা করে।
চলে তার রকমারি এক্সপেরিমেন্ট... কোনদিন তন্দুরি চিকেন একটু বেশি পুড়ে যায়, কখনো বা সুইটকর্ন স্যুপে নুন কম। আবার একদিন আশ্চর্য দক্ষতায় বানিয়ে ফেলে পারফেক্ট ছানার জিলিপি!
মাকে এনে কিছুদিন রাখতে চেয়েছিল নীলা। রূপকই আপত্তি জানায়।
''দেখো, অন্য যে কোনো সময়ে উনি এসে যতদিন ইচ্ছে থাকুন। কিন্তু এই সময়ে ওঁকে বিশেষভাবে আনার অর্থ ওঁর উপর নির্ভর করা, খাটিয়ে নেওয়া। তুমি-আমি বারণ করলেও উনি কাজ করবেনই! বাবামায়েরা আমাদেরই মানুষ করেছেন কত কষ্টে... এরপর নাতি-নাতনিকেও দেখাশুনো করবেন, এটা এক্সপেক্ট করাটাই অন্যায়।

সন্তান এসেছে আমাদের দায়িত্বে, তাই ওর সব কর্তব্যও আমরাই ভাগ করে নেবো। তোমার শরীর আরেকটু সারলে আর আমার ছুটি ফুরোলে সাহায্যের কাউকে খুঁজেই নেবো, এখন তোমার ডায়েট চার্টের রান্না সবাই পারবে না!
আর কী জানো, জল থেকে মাছকে না সরানোই ভালো। বাবা চলে যাওয়ার পর থেকে উনি নিজের মতো বইপত্র, বাগান নিয়ে আছেন... কলকাতার এই ঘিঞ্জিতে ওঁর মনই টিকবেনা... ''

কৃতজ্ঞ বোধ করে নীলা। আজীবন বাবা আর সেতারের মাঝে আটকে থেকে এভাবে তো সত্যিই কখনো মায়ের দিকটা ভেবে দেখেনি সে!
কয়েক সপ্তাহ ফাঁকি পড়ার পর রূপকের জোরাজুরিতে রেওয়াজের সময় বদলায় নীলা... দুপুরে সানাইকে ঘুম পাড়িয়ে সেই অবসরেই ঘন্টাদুয়েক আলাপ সারে। প্রথম কিছুদিন শক্তির অভাব বোধ হচ্ছিল... ক্রমশঃ জড়তা কাটিয়ে সুরে ফিরছে আঙুল।
মাসতিনেক পর এমন এক আলসে দুপুরেই আসে ছোট্ট পার্সেল, সঙ্গে একটা হাতচিঠি:
"প্রিয় বৌমণি,
পৃথিবীতে আর কেউ না বুঝলেও যে দুটো মানুষ আমায় কখনো ভুল বুঝতে পারে না বলেই বিশ্বাস, তার মধ্যে তুমিই প্রথম। দ্বিতীয়জনের কথা পরীক্ষার পর ভালো রেজাল্ট নিয়ে বলতে চেয়েছিলাম।
শ্রীরূপাদি। মেডিক্যাল কলেজ, থার্ড ইয়ার (তুমি ওকে খুঁজতে যেওনা প্লীজ!)... আমাদের স্কুলেরই প্রাক্তনী। এন্যুয়াল ফাংশনে প্রাইজ নিতে এসেছিল গতবার... তোমারই নীল সিল্কের শাড়ি পরে নেচেছিলাম 'সজনি সজনি রাধিকা লো'...
নিজেকে চিনতেই সময় লেগে যায় কতগুলো বছর!
সেই রাতে যখন আয়নাটা ঘুরিয়ে ফিরিয়ে নিজের ব্যান্ডেজবাঁধা মুখ দেখলাম, গলার ভাঁজ থেকে বুক অব্দি পুড়ে খাক, বাবামায়ের অভাবের সংসারে গিয়ে দাঁড়ানোর সাহস হল না আর।
তোমাদের কাছে গেলেও বাবা-মা পুলিশে বলে ছাড়িয়েই নিয়ে যেত! সবটুকু নিঃস্ব হয়ে আমার চিকিৎসা করাতো... হয়তো স্কুল থেকেও আমায় ছাড়িয়ে দিতে বাধ্য হতেন বড়দি, বাকি গার্জেনদের কমপ্লেনে, বাচ্চারা যে এখন আমায় দেখলে সত্যিই ভয় পায়!
অসহ্য যন্ত্রণা নিয়ে ঠিক কীভাবে পালিয়েছিলাম আর মনে নেই, শুধু ইচ্ছাশক্তি ছিল। ওড়নায় মুখ ঢেকে রূপাদির হোস্টেলে গেলাম। তিনদিন লুকিয়ে রইলাম পুলিশের ভয়ে। রূপাদি যতটা সম্ভব ড্রেসিং করে দিত। তারপর ওর স্যার এলেন একদিন, ওঁর কাছেই শুনলাম প্রজ্ঞা সিংয়ের অতিজীবনী ফাউন্ডেশনের কথা। উনিই আমায় রেখে গেলেন চেন্নাইতে। এদের টাকাতেই দুটো প্লাস্টিক সার্জারি হয়েছে আমার... এই সংস্থারই কিছু স্বনির্ভর গোষ্ঠীতে ভিড়ে কাজ করছি... একটু পড়াশুনো এগোতে পারলেই প্রাইভেটে উচ্চমাধ্যমিকটা দিয়ে দেবো।
তারপর বাবামায়ের কাছে আসতেই হবে একবার, নাকি ওরা এভাবেই শান্তিতে আছে বলো তো?
নিজের শর্তে বাঁচতে চাওয়ার অধিকার যে সকলের, সেই শক্তি আমায় তুমিই দিয়েছো, বৌমণি। তাই তোমার পিয়া এখনো মাটি কামড়ে লড়ে যাচ্ছে।
তোমায়, তোমাদের দেখতে বড্ড ইচ্ছে করে... হয়তো ফিরে কলকাতার কলেজেই ভর্তি হবো...

অনেকবার তোমায় চিঠি লিখতে বসেছি এক বছরে, খালি মনে হত এখনো সময় আসেনি। তুমি অভিমান করে আছো, সেই ভয়ও পেয়েছি।
আমার জীবনটা খুব এলোমেলো হয়ে আছে! একটুখানি সময় দেবে কিছুটা গুছিয়ে নেওয়ার? সমাজের 'মূলস্রোত' বলতে যা বুঝিয়েছিলে, তাতে হয়তো আর ফেরাই হবে না... কিন্তু একটা স্বনির্ভর মানুষ হয়ে নিজের মতো বাঁচবো নাহয়, বৃত্তের বাইরেই!
প্রবলভাবে আমার পাশে থেকেও রূপাদি কিন্তু এখনো সমাজেরই একজন... উপরন্তু সপরিবারে ডাক্তার... আমার বৃত্তে তাকে ধরে রাখা যাবে কী না, সেটাও আরেক লড়াই!
মা-বাবার একটু খোঁজ নিও মাঝে মাঝে... দাদার জন্য রাখী পাঠালাম, পরানো হয়নি এবছর... আর তোমার জন্য এই চন্দন-সাবান, আমার বানানো!
ক্ষমা করে দিও, বৌমণি। প্রণাম জেনো।

- পিয়া।
চিঠি ভাঁজ করে একইসঙ্গে স্বস্তি আর উদ্বেগের শ্বাস ফেলে নীলা। ময়ূরকন্ঠী রঙের রাখী রাখে রূপকের বালিশে। গোলচে সাবানের চন্দনগন্ধ নেয় বুক ভরে।
ঠিক তখনই ঘড়িতে চারটে বেজে ওঠে সশব্দে। আড়মোড়া ভেঙে সানাইয়ের তুলতুলে পায়ে আদরের হাত বাড়ায়... এ কী, এত ঠান্ডা কেন!
আঙুল কেঁপে যায়।
স্পীড ডায়াল টিপে আজীবনের স্বভাবসিদ্ধ স্থিতি হারিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে নীলা- ''রূপ...!"

|| ৯ ||

টানা তিনরাত ঘুমোয়নি ওরা। আইসিইউর কাচের জানলার ওপারে চূড়ান্ত অসহায় চার চোখ...
ডাঃ রায়ের আশঙ্কাই সত্যি হয়েছিল। ধমনীর প্রস্থ অত্যন্ত কম হওয়ায় সানাইয়ের হৃৎপিন্ড ও ফুসফুসের আন্তঃপ্রবাহে বাধা পড়ে, রক্তসঞ্চালনের হার কমতে কমতেই শ্বাসরোধের উপক্রম। কৃত্রিম উপায়ে আপাতত শ্বাস স্বাভাবিকে ফিরলেও এবার অপারেশনের সত্যিই প্রয়োজন, আর অপেক্ষা করা সম্ভব নয়...
রোজকার মতোই বিকেল পাঁচটায় সানাইকে দেখতে আসেন ডাঃ রায়, সঙ্গে শিশুবিশেষজ্ঞ ডাঃ সিনহাও। হার্টবিট মাপা হয়, আনুসঙ্গিক সব রিপোর্ট মেলানো চলে।
"বেবির ওজন এখনো স্বাভাবিকের তুলনায় বেশ কম। হিমোগ্লোবিন আরেকটু বেশি থাকা উচিত ছিল। কিন্তু রিস্ক এবার নিতেই হবে। সেদিন আপনারা সময়মতো না আনতে পারলে...'' রূপকের ধ্বস্ত বিনিদ্র ডালিমরঙ চোখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নেন মহুয়া।
''মিঃ সেন, আপনারা রাজি না হলে আমাদের পক্ষে সত্যিই এগোনো সম্ভব নয়; তাছাড়া বন্ডে সই করারও বিষয় আছে... মিসেস সেনের সঙ্গে আলোচনা করুন একবার, আমরা কালই সার্জারির স্লট বুক করে নিতে পারি। আজ রাতটা সময় নিন। 'বন্ডটা নিছকই ফর্মালিটি' এমন মিথ্যে আমি পছন্দ করি না, তবু অনুরোধ করছি- আমাদের উপর আস্থা রাখুন...' ডাঃ শতদ্রু সিনহার স্বর আত্মবিশ্বাসী। ''আর একটা কথা, প্রফেশনাল সম্পর্কের বাইরে বলছি: আপনারা প্লীজ আজ বাড়ি ফিরে বিশ্রাম নিন। বেবি স্টেবল আছে, সার্জারি হলে কাল সারাদিন অনেক ধকল... ব্লাডও লাগতে পারে, সবকিছুতেই আপনাদের সাহায্য চাই।''
অরাজি হয়নি নীলা। দুঃস্বপ্নের প্রহর কেটেছে তিনদিন... স্নান-ঘুম নেই, নার্সিংহোমের বাইরের রাস্তায় নামমাত্র খাওয়া... শরীরের ক্লান্তি মনেও চারিয়ে যাচ্ছিল পুরোমাত্রায়। সেইসঙ্গে যুক্ত হয়েছিল বিপুল আতঙ্কের বোঝা... সার্জারির টেনশন।
এবারেও কাঁদেনি নীলা। তবে জীবনে প্রথমবারের জন্য এতে কিছুটা আশ্বস্ত হয়েছিল রূপক। অন্য যেকোনো সময়ে শক্তি যোগাতে সে প্রস্তুত, কিন্তু ইদানীং তার নিজেরই শক্তির ভাঁড়ারে টান পড়েছে। উদ্বেগ- কান্না সবকিছুর উপরে অনুভব করছে এক অবশ করে দেওয়া দুর্বলতা। একেই কি বলে অপত্যস্নেহ? নাড়ীর টান কি শুধুই মায়েদের? দায়িত্বের অজুহাতে নিজেকে কোনোরকমে গুছিয়ে রেখেছে, এর মধ্যে নীলাও ভেঙ্গে পড়লে তাকে সামলানোর মানসিক স্থিতিও যে নেই!
বাড়ি ফিরে অভ্যস্ত হাতে বেডরুমের ডানদিকে হাত বাড়িয়ে আলো জ্বেলেছিল নীলা। কিন্তু পেলব গোলাপী আলো দুধসাদা বিছানা আর দোলনায় ছড়িয়ে যেতেই মনে হলো এমন গাঢ় অন্ধকার সে আগে কখনো দেখেনি... রূপককে স্নানে পাঠিয়ে আলুসেদ্ধ চাপিয়ে অবসন্ন হাতে ভাঁজ করতে বসেছিল এদিক-ওদিক ছড়িয়ে থাকা ক্ষুদে ক্ষুদে জামা, ডবল ঊলের আসমানি সোয়েটার... বেবিপাউডারের কৌটো... প্লাস্টিকের পাঁচরঙা ঝুমঝুমি...
''ঘুমিয়ে যাও, নীল। অনেক সকালে ওঠা আছে আবার..." নীলার চুলে আঙুল রেখেই ঘুমে চোখ জুড়ে এসেছিল রূপকের।
ঠিক মাঝরাতে সেতারের মৃদু শব্দে ঘুম ভেঙে গেল তার। সানাই জন্মানোর পর সে-ই সেতার নামিয়ে এনেছিল একতলায়... নীলা যতদিন উঠে বসতে পারেনি, সেতারকে শুইয়ে রেখেছিল তারই পাশে... কিন্তু, আজ এই মধ্যরাতের ঝঙ্কার বড়ো নির্মম, প্রায় অশ্লীল।
কোনো মায়া নেই, অনুভব নেই, তৃপ্তি নেই, হাহাকার নেই, হাসি নেই, কান্না নেই... প্রাণ নেই, স্পর্শ নেই... নিছকই নিষ্ঠুর যান্ত্রিক ধ্বনিমাত্র!
কয়েক লহমায় ভিতরটা ওলটপালট হয়ে যায় রূপকের। তিনদিনের অনিদ্রা, সন্তানের জন্য আকুল চিন্তার অসহনীয় যন্ত্রণা, শারীরিক ক্লান্তি আর নীলার সেতারের এই যান্ত্রিক নিয়মানুগ চলন তার এতদিনের নিরুচ্চার ভয়, নিঃশর্ত প্রেম আর প্রতিগ্রহণে ছড়িয়ে পড়তে থাকে দাবানলের মতো!
বিছানায় উঠে মাথার দুপাশের রগ টিপে বসে থাকে কিছুক্ষণ, তারপর পাশবালিশটা ছুঁড়ে ফেলে পাশের ঘরে গিয়ে দাঁড়ায়।
চোয়াল শক্ত। মাঘমাসের শীতেও দরদর করে ঘামছে সে। পাশবালিশটা হাত থেকে ছিটকে আটকে থাকে ওদের খাট আর সানাইয়ের দোলনার মাঝে একটা ছোট্ট সাঁকো হয়ে...
"সেতার, সেতার, সেতার! তুমি কি মানুষ, নীল? কান্না পাচ্ছে না তোমার? আমাদের সন্তান, আমাদের প্রথম সন্তান হারাতে বসেছি আমরা... বুঝতে পারছো না? কেন এমন তুমি? যন্ত্রের সঙ্গে থাকতে থাকতে যন্ত্র হয়ে গেছ?
আমার অনেকবার মনে হয়েছে তোমার কান্না নেই, হারানোর ভয় নেই...ভালোবাসাটাও কি আছে? তারপর সব ওঠাপড়ায় পাশে থেকেছো বন্ধুর মতো, ভেবেছি সব আমারই মনের ভুল! আমি দুর্বল বলেই তুমি সবলতার অভিনয় করো... আমার আশ্রয় হয়ে থাকতে চাও।
কিন্তু আজ? যে সন্তানের আশাই করিনি, সে আমাদের কাছে এসেছে নীল... ও আসার পর আমরা দুজনের একটা অতিরিক্ত পরিচয় খুঁজে পেয়েছি... কাল দুপুরের পর আমাদের ছোট্ট মেয়েটা কী অবস্থায় থাকবে কিচ্ছু জানা নেই... তবু আজ রাতটুকু তুমি নিয়মভঙ্গ করতে পারলে না?
আমি শিল্পী নই, তোমার নাগাল পাইনি আগেও অনেকবার... কিন্তু অন্ততঃ আমার জন্য, এই দিনগুলো কেটে যাওয়া অব্দি তুমিও সাধারণ হয়ে যাও প্লীজ... আমি যে একেবারেই সহ্য করতে পারছি না নীল! অভিশাপ মনে হচ্ছে এই শব্দ...'' অনুযোগের সমস্ত বিষ নেমে গেলে কান্নায় গলা বুজে আসে রূপকের।
কোনো উত্তর আসে না। অপলক রূপকের দিকে চেয়ে থাকে, যেন এক প্রস্তরমানবী। ধীরে ধীরে কোল থেকে নামিয়ে রাখে সেতার... বেডরুমে ফিরে এসে এলার্ম দিয়ে শুয়ে পড়ে নীলা।
সকালে উঠে রূপক দেখে নীলা পাশে নেই। রান্নাঘরে দুধ-কর্নফ্লেক্সের বাটি ঢেকে রাখা, পাশে হলুদ চিরকুট:
''তুমি নার্সিংহোমে গিয়ে অফিশিয়াল কাজকর্ম সারো। গাড়িটা নিয়ে সোদপুর যাচ্ছি, মা আসতে চাইছেন খুব। ওখান থেকেই চলে যাবো, দুপুরের আগেই। বেগুনি ফোল্ডারটা তোমার টেবিলে... ব্লাড গ্রূপের কাগজ, বার্থ সার্টিফিকেট সব গুছিয়ে রাখা। বাসে যাবে তো, ছাতা নিয়ে বেরিয়ো। আগামী আটচল্লিশ ঘন্টা নিম্নচাপ...''
................জয়ী হয়েই ফিরেছিল পুঁচকে রাজকন্যে। দিদুনের কোলে চেপে। মায়ের হাতে ফলো-আপ ওষুধপত্রের পোঁটলা, বাবার হাতে জামাকাপড় আর সাজসরঞ্জামের ছোট্ট স্যুটকেস।
স্বস্তিতে ঝলমল করে উঠেছিল ওদের আনন্দকুঞ্জ, 'মোহক'! নীলারই দেওয়া নাম... তারই উৎসাহে নতুন নেমপ্লেট আসে... মালবী সেনের নাম জ্বলজ্বল করে সবার উপরে... রূপকের মন থেকে ক্রমশঃ উধাও হয়ে যায় সব অস্থির সংশয়, সবটুকু মালিন্য।
বিকেলে ঘন্টাকয়েক বাচ্চাদের পড়ানোর সময়টুকু ছাড়া প্রায় সবটাই সানাইকে নিয়ে থাকে নীলা। পাশের ঘরটা আজকাল সুরমাদেবীর। আর্থ্রাইটিসের হাঁটু নিয়ে সিঁড়ি ভাঙা সম্ভব নয়... দুপুরের দিকটা একটু গড়িয়ে নেন তিনি... নীলা কাজে বসলে শুরু হয় নাতনির সঙ্গে আহ্লাদ!
দুপুরের রেওয়াজও তাই বন্ধ। পরপর কয়েকটা রবিবার বাড়িতে থেকে বড্ড ফাঁকা ফাঁকা লাগে রূপকের...
নীলা যে রাগ করে নেই তা তো দেখাই যাচ্ছে! হেসে খুন হয়ে সাংকেতিক আধোবুলি শেখাচ্ছে সানাইকে... ড্রাইভ করে মা আর মেয়েকে ঘুরিয়ে আনছে নিউমার্কেট... রূপকের প্রিয় নাহুমের কেক নিয়ে ফিরতেও ভুল হচ্ছে না... আদরে-আবদারে-কর্তব্যে কোথাও এতটুকু খামতি নেই, তবু রূপকের বুকের ভেতরটা তিলমাত্র সুরের জন্য হাহাকার করতে থাকে... সারা বাড়িতে যেন এক ভয়ানক ছন্দপতন!
এক রবিবার সন্ধ্যায় ঝালমুড়ি চিবোতে চিবোতে রূপক বলে, "আজ তো পড়ানো নেই তোমার। মা-ও ঘুম থেকে উঠে পড়েছেন... অনেকদিন বাজাও নি তো, নিয়ে এসো না এ ঘরে?" অদ্ভুত হেসে উঠে যায় নীলা। একবাটি পুডিং এনে রেখে যায় তার সামনে...
আরেকদিন রূপকের একটু জ্বরজ্বর,অফিস যায়নি... দুপুরের খাওয়াদাওয়ার পর ড্রয়িংরুমে বসে টিভি দেখছিল ওরা...
"নীলি দেখ, বিমলেন্দুবাবুর অনুষ্ঠান! তোর মনে আছে, তোকে বাবা ছোটবেলায় কত শোনাতেন ওঁর রেকর্ড? ওঁকে নকল করতে গিয়েই তো তোর আঙ্গুল বেঁকিয়ে সেতার ধরার অভ্যাস''- চ্যানেল সরাতে সরাতে থেমে ভল্যুম বাড়িয়ে দেন সুরমাদেবী। নীলার মুখ ভাবলেশহীন। উঠে পড়ে বেডরুমে ঢুকতে ঢুকতে বলে, ''তোমরা দেখো মা, খুব ঘুম পাচ্ছে আমার... আওয়াজটা কমিয়ে দেবে একটু?''
এর দিনদশেক পরেই সুরমাদেবী ফিরে গেলেন সোদপুরের বাড়িতে, গাছপালার জন্য মনকেমন... বাঁধাকপির চারাগুলো বাঁচলো কী না, হলুদ গোলাপে ফুল এলো কি? পুঁইশাকের মাচাটাও করা দরকার...
উনি ছিলেন বলেই প্রায় মাসখানেকের উপর পশ্চিমের ঘরটায় ঢোকেনি রূপক... বয়স্ক মানুষ যাতে কোনো অস্বস্তিতে না পড়েন। আজ ভাষাতত্ত্বের একটা বিশেষ বই খুঁজতে গিয়েই বুকের মধ্যে চরম ধাক্কা লাগে তার- খাটের দক্ষিণদিকে মেঝের শতরঞ্চি ভাঁজ করে তুলে রাখা পাশের তাকে।
সেতার নেই!
|| ১০ ||

ভালোবাসলে অনেকদিন পর্যন্ত ঠিক 'বিচার' করে ওঠা যায়না। হৃদয়ের নিক্তিতে তার দোষ- গুণ- খেয়াল- আবেগ- অসহিষ্ণুতা- লৌকিক যাবতীয় ভাবের উপর এক আশ্চর্য সূক্ষ্ম অথচ অস্বচ্ছ পর্দা পড়ে যায়। পর্দার ওপার থেকে অনুভবে আসে সবটুকুই, শুধু স্পষ্ট করে জানা যায় না কোনদিকে পাল্লা ভারী বলে সে অনন্য, অপ্রতিম!
এই অখন্ডতাকে আমরা এতটাই স্বতঃসিদ্ধ ধরে নিই যে দেওয়ালের পলেস্তারা খসা অব্দি ধরতেই অসুবিধে হয় যে মস্ত বড়ো ফাঁকি রয়ে গেছে।
সামাজিক পরিচয়ের বাইরে যদি সঙ্গী বা সঙ্গিনী একে অন্যের প্রিয় মানুষ না হন, সেখানে ফুলেদের পুষ্পজন্ম বৃথা... নিষ্ফল দৈনন্দিনের নিখুঁত যন্ত্রাভিনয়। নীলা যদি শুধুই রূপকের স্ত্রী হতো, তার সন্তানের মা হতো... তবে তার অখন্ডতার অভাব হয়তো সঙ্গীর চোখ এড়িয়েই যেত।
কিন্তু, সে রূপকের প্রিয় নারী, প্রিয় মানুষ। শুধু সেতারের মূর্ছনায় নয়, গভীর রাতে বৃন্দাবনী সারঙের আকুল দ্যোতনায় নয়... সুর ও স্বরের প্রগাঢ় বোধ ও চর্চার চেতনা তার চরিত্রে যে মৌলিক পূর্ণতা দিয়েছে, সেই উপলব্ধিই তাকে করে তুলেছে বহুর মধ্যে এক।
পেশাগত শিল্পী হিসেবে বিখ্যাত হওয়ার মোহ সে বারবার এড়িয়ে গেছে সযত্নে... রেকর্ডিংয়ের কথা তুললে বলেছে, ''এখনো প্রচুর ঘষামাজা বাকি , রূপ। তৈরি হয়ে নিই...''
কেন এমন দুর্জয় অভিমান করলে নীল? আমি তো কোনকালেই নিজের কথা স্পষ্ট বোঝাতে পারি না... সেই রাতে শরীরে-মনে অসহ্য ক্লান্তি আর উৎকণ্ঠার বোঝা নিয়ে বলা কথাটুকুই তোমার কাছে সত্যি হল? এত বছরের পাশে থাকা, তোমায় নিজের মতো করে বাঁচার সময় আর জায়গাটুকু ছেড়ে দেওয়া... সেটা কিছুই নয়?...
না, কোনো কথাই ঠোঁট অব্দি এসে পৌঁছয় না। মিহি পোস্ত দিয়ে নারকেলবাটাও বিস্বাদ ঠেকে রূপকের, সর্ষের তেলের ঝাঁঝ লেগে যায় চোখে!
এই নীলাকে খুব সাধারণ, অপরিচিত মনে হয় তার... যেন এক খন্ডমানবী... সেতারটার কথা মনে পড়লে একটা মিশ্র-মনোভাব হয় রূপকের। সেতারবিহীন নীলার সঙ্গে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না কিছুতেই... সুরের বাঁধনে সেতার আর নীলা যেমন অবিচ্ছেদ্য, তেমনই নীলার সম্পূর্ণতার প্রতিই প্রেম রূপকের, শুধুমাত্র একজন রুচিশীলা কর্তব্যপরায়ণ নারীর প্রতি নয়।
একথা অনস্বীকার্য যে সেই রাতে নীলার বাহুবন্ধনে থাকা সেতারের প্রতি এক অদ্ভুত হিংসে হয়েছিল তার... হয়তো প্রথমবার নয়, কিন্তু সেরাতের তীব্রতা ছিল অনেক বেশি। সে চেয়েছিল তার বুকেই আশ্রয় নিক নীল... যে যন্ত্রণার ভাগ তাদের দুজনের, সেই যন্ত্রণার নিকষ কালো মেঘ স্বচ্ছ বৃষ্টি হয়ে ধুয়ে দিক সবটুকু শ্রান্তি... নীলা কাঁদলে সেও হয়তো একটু হালকা হতে পারতো!
তবে কি নীলের কাছে এখনো সে 'আশ্রয়' হয়ে উঠতে পারেনি? সেতারের কাছে নিরালায় নীল উজাড় করে দিতে পারে নিজের সবটা অনুভূতি... শুধু রূপকই অক্ষম, সুরের এই কথোপকথনের ভাষা তার জানা নেই...
সেতারই হয়তো নীলের 'প্রিয়'। সেতার কি নীলার 'সন্তান'ও? ছোট্ট মাথায় লাল লেসের রিবন লাগানো সানাইয়ের মুখটা মনে আসতেই কেঁপে ওঠে রূপক... নিজের সব অতিরিক্ত দাবি নাহয় ছেড়েই দিল সে, কিন্তু মায়ের কাছে সন্তানের যা স্বাভাবিক দাবি, সেখানে যদি সেতার অন্তরায় হয়ে দাঁড়ায় তা তো অন্যায়!তিন ব্যাগ বাজার নিয়ে নেভি ব্লু গাড়িটা যখন থামলো, সুরমাদেবী সবেমাত্র স্নান সেরে পুজোয় বসেছেন। রূপক ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে আলাদা আলাদা করে গুছিয়ে ফ্রীজে তুলে রাখতে লাগলো হিমসাগর, লিচু, তালশাঁস, রাঙা আলু, লাউশাক... মাসে অন্ততঃ দুবার এসে ফ্রীজভরা বাজার করে না দিয়ে গেলে তার শান্তি নেই। বকাবকি করে হাল ছেড়ে দিয়েছেন সুরমা... স্বামী ও মেয়ের কাছে সম্মান, ভালোবাসা পেলেও আজীবন তাদের সুরের জগৎ থেকে দূরে থাকার কারণে সেই আত্মিক যোগটাই গড়ে ওঠেনি। কিংবা সুযোগই হয়নি কখনো। উল্টে এই সরল অথচ তীক্ষ্ণধী ছেলেটির প্রতি তাঁর নির্ভরতা অনেক বেশি!
পুজোঘর থেকে বেরিয়ে সুরমা দেখলেন বাজারপত্র গোছানো শেষ। বাগানে মার্বেলের টেবিলে দু'কাপ লেবু-চা, অন্যদিনের মতোই। তবে রূপকের কপালে চিন্তার ভাঁজ। কিছু একটা আন্দাজ করেন সুরমা, ঘরে তৈরি সুজির নিমকির কৌটোটা নিয়ে এসে বসেন মুখোমুখি...
"...আমি আর কিছু ভাবতে পারছিনা, মাসিমা। সেতারটার উধাও হওয়া নিয়ে কিছু প্রশ্ন করারও মুখ নেই। তবু বুঝতে পারছি, নীল আর নিজের মধ্যে নেই। সেতার না ফিরিয়ে আনতে পারলে একদিন ওকেও হারিয়ে ফেলবো আমি..." সবটুকু সমস্যা খুলে বলে ঢোঁক গেলে রূপক।
"নীলিকে উনি কেন সেতার ধরিয়েছিলেন তুমি জানো? ওর তখন বছরতিনেক... ছাদে মাদুর পেতে মুড়ি খাচ্ছি সবাই... হঠাৎ ওঁর একটা ফোন এলো নীচে, তার খানিক পরেই লোডশেডিং... আমিও নীচে নামলাম হ্যারিকেন জ্বালতে... দেশলাই খুঁজে পাচ্ছিলাম না... মিনিট কুড়ি পর দুজনে উপরে উঠে দেখি নীলির গোড়ালি রক্তে ভেসে যাচ্ছে... হয়তো আমাদের দেরি দেখে উঠতে গেছিল! দোতলা মেরামতের জন্য রাখা ইটের টুকরো পড়েছিল পায়ে।
অতটুকু বাচ্চা একফোঁটা চোখের জল না ফেলে একমনে চামচ দিয়ে পরপর টুংটাং বাজিয়ে যাচ্ছে তিনটে ছোটবড় মুড়ির বাটি... এমনকি যখন আমি ডেটলে তুলো ভিজিয়ে মুছিয়ে দিচ্ছি, সেই কটকটে ব্যথার মধ্যেও শক্ত করে ধরে আছে বাটি-চামচ... ছাড়ানোই যাচ্ছে না!
আগে থেকেই আমরা জানতাম, ও কাঁদে না। জন্মানোর পরপর ডাক্তারবাবুও অবাক হয়েছিলেন। কিন্তু ওই রাতের পর আমরা সত্যিই চিন্তায় পড়ে যাই।আমার এক মামাতো দাদা ছিলেন সাইকিয়াট্রিস্ট, দাদার সঙ্গে আলোচনা করে উনি ঠিক করলেন যে ওর দুঃখ প্রকাশের একটা বিকল্প আউটলেট ধীরে ধীরে তৈরি করা দরকার... যেহেতু ও নিজেই বাজনা বেছে নিয়েছে যন্ত্রণার মুহূর্তে, সেটাই হোক ওর মুক্তি!
তুমি ওকে অনেকখানি বুঝেও একটা খুব বড়ো ভুল ভেবেছো... সেতার ওর বন্ধু, প্রেমিক বা সন্তান নয়। সেতার ওরই অংশ। বরং বলতে পারো একটা অতিরিক্ত ইন্দ্রিয়... সপ্তম ইন্দ্রিয়! ওই মায়ের তৃতীয় নয়ন যেমন...'' কপালে আলতো হাত ঠেকিয়ে আনেন সুরমাদেবী।
"...বড় হওয়ার পর ও বারেবারেই চেষ্টা করেছে সেতারের উপর এই নির্ভরতাটুকু ছেড়ে বেরিয়ে আসতে... শেষে সাহস করে উঠতে পারেনি। তোমাদের বিয়ের পরপর তোমায় আসাম যেতে হ'ল... ভয়ঙ্কর দাঙ্গা... তোমার কোনো খবর পাওয়া যায়নি প্রায় দুসপ্তাহের বেশি... ও বারবার আমায় ফোনে বলেছে, ''সেতারটা নিয়ে যাও না! আমি কয়েকটা দিন কাঁদতে চাই... স্বাভাবিক হতে চাই! সেতার কাছে থাকলেই আমি আর চেষ্টা করতে পারি না, মা... দুর্বল হয়ে যাই... সেতারের বাইরে কি আমি কোনোদিন নিজের আইডেন্টিটি খুঁজে পাবো না?..."
- কিন্তু মাসিমা, নিজেকে কষ্ট দিয়ে এমন করার কি আদৌ কোনো দরকার আছে? সবাইকে কি একরকম হতেই হবে? সমাজ আমাদের যাকে যেভাবে দেখতে চায়, সেই ছাঁচে না বসলেই নয়? নীল যেমন, তেমনটাই তো আমি ওকে... মাথা নামিয়ে থেমে যায় রূপক।
- দেখলে, তোমার প্রতিটা প্রশ্নেরই উত্তর তুমি জানো! আর হ্যাঁ, তুমি ওকে তেমনভাবেই ভালোবেসেছো, শুধু এতদিন এই সত্যিটার সাথে গ্রহণ করতে পারো নি! আর ওর এই বদলানোর ভয়ঙ্কর চেষ্টাটাও তোমারই জন্যে, বা এখন 'তোমাদের' জন্যে... আর সবার মতো যদি সেতার ওর শখ বা প্যাশন হতো, তবে এই দোলাচলের জায়গাটাই আসতো না। কিন্তু এই নির্ভরতার শিকল না ভাঙলে যে ওর 'স্বাভাবিক' হওয়ার উপায় নেই! সেতার কাছে থাকলে এই অগ্নিপরীক্ষায় বারেবারেই হেরে যায় নীলি। তাইই হয়তো...
পরিচিত রাস্তায় অভ্যস্ত হাতে স্টিয়ারিং ঘোরায় রূপক। এই পাঁচ বছরে অনেক বদলেছে শহরটা... রেলস্টেশনের পাশ থেকে উঠে গেছে সারি সারি হাইরাইজ। সৌন্দর্যায়নে চৌকুপি মেপে গাছ লাগানো হলেও কাটা পড়ে গেছে সেই ঝুপসি তেঁতুলগাছ, যার নীচের ঠেলাগাড়ি থেকে ভাঁড়ের লেবু-চা খেয়েছিল ওরা।
মেলার মাঠও এখন অতীত... দুই রাজনৈতিক দলের খেয়োখেয়িতে জেগে আছে দুটো আধভাঙা ক্লাবঘর আর লম্বা ঘাসের ঘন জঙ্গল। সেই চপের দোকানও কি আছে? গলিতে তো গাড়িও ঢুকবে না...
আভূমি বদলের মাঝে বেঁচে আছে শুধু কয়েকটা সম্পর্ক। নীলার সাথে তার সমীকরণে কখনোই দাতা-গ্রহীতার গুনতি ছিল না, জাজমেন্টেরও নয়।
তার নিজেকে প্রকাশ করার দ্বিধা, কিছু ক্ষেত্রে রীতিমতো ইমম্যাচিউরিটি সবটুকু নিয়েই তো তাকে গ্রহণ করেছে নীল! তবে তার নিজের এতো ছায়াযুদ্ধ করতে হলো কেন?
মানুষ চারপাশে সচরাচর যা দেখেনি, তা তার কাছে নিছকই ভয়ের কেন? বিস্ময়ের কেন নয়?
এতোদিন কেন এই সহজ সত্যকে আড়াল করলে, নীল? আমাদের সংশয়ের লড়াই আলাদা আলাদা হওয়ার তো দরকারই ছিল না! সেতারকে কেনই বা দুর্বলতা ভাবলে? সেতার তো তোমার শক্তি, তোমার আত্মপরিচয়...
প্রায় পেরিয়ে যেতে গিয়েও ঘুপচি দোকানটার সামনে ব্রেক কষে রূপক। ফ্যাকাশে হলুদের উপর হাতে লেখা কালোর বদলে এখন নীলসাদা গ্লোসাইনবোর্ড!
..................***.....................
ভোররাতে জানলার পাশে লেবুগাছের জোনাকিরা উঁকি মেরে দেখে, পা টিপে টিপে শোবার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দিকে এগোচ্ছে দুজন। নারীটির চোখ বাঁধা... রঙিন শতরঞ্চিতে সযত্নে বসিয়ে দেওয়া হচ্ছে তাকে...
পুরুষ তার কোলে তুলে দিচ্ছে মেঘের মতোই এক গর্ভিণী অন্ধকার। চোখের বাঁধন খুলে নারী আঙুল বোলাচ্ছে সেই জমাট অন্ধকারের শরীরে... দুচোখে জ্বলে উঠছে সহস্র জোনাকি...
আদরে সম্পৃক্ত হতে হতে ঝরে পড়ছে মেঘ... হলুদ সোডিয়াম ল্যাম্প ধুয়ে ভেসে যাচ্ছে বৃষ্টিনগর। হারিয়ে যাচ্ছে জোনাকিরা... অবনত লেবুফুলের গন্ধে ক্রমশঃ ভিজে ওঠা বাতাসে ছড়িয়ে যাচ্ছে ঊষার 'সন্ধিপ্রকাশ' রাগ, ভাটিয়ার...
তারসপ্তকের কোমল রেখাবে আর্তিটুকু রেখে স্থিতির ষড়জ ছুঁয়ে নিষাদে অর্পণ করে দিচ্ছে অকুন্ঠ অভিমান...
"... আমাকে প্রদীপ করে একী আলো দিলে ভরে
না পেলে বুকের জ্বালা সে যে নিভে যায়...''


(সমাপ্ত)






1 comment: