।।১।।
বিকেল গড়াতেই
আর ত্বর সয়না কুসুমের। কখন ফিরবেন বাবা?
তাঁর কি মনে আছে নতুন রুলটানা খাতা
আনবার কথা? দশদিন হোল কুসুমের লেখার কাগজ শেষ। ইস্কুলের পুরনো খাতার ফাঁকে তবু
চলছে হিজিবিজিবিজ! কী যে এতো লেখে কুসুম- তার খেলার সঙ্গীসাথীরা ভেবেই অবাক! রেণু,
বীণা, লীলা। ওরা কেউ অবশ্য স্কুলে যায়না। বরিশালের আর সব মেয়েদের মতোই রান্নাবাটি আর
পুতুলখেলার বয়স পেরিয়ে মায়ের সঙ্গে রান্নাঘরে চলছে তাদের অন্য হাতেখড়ি! প্রথম
প্রথম কুসুমেরও কি আর ভালো লাগতো খেলনা- পুতুল ছেড়ে ইস্কুল যাওয়া? কিন্তু তার
বাবাটিও যে আর সকল বাবাদের থেকে বড্ড আলাদা- তার কী করে বাকিদের মতো হলে চলবে? এতো
গম্ভীর মানুষটাই যে কী করে এমন হাসির ছড়া লেখেন আর সুর করে গেয়ে মাতিয়ে রাখেন সময়ে
সময়ে- ভেবে পায়না তাঁর বড়ো আশা আর আদরের ছোট্ট মেয়েটি! কখন আসবেন বাবা? আজ কি তাঁর
ঝোলা থেকে বেরোবে ‘বসুমতী’র নতুন সংখ্যা? আশার আনন্দে উজ্জ্বল চোখে অপেক্ষা করে
সে!
।।২।।
পিতৃপুরুষের ভিটেমাটি ছেড়ে
বরিশালে আসতে মন সায় দেয়নি চন্দ্রনাথের। কিন্তু গৈলা গ্রামের মানুষ তাঁকে চিনল কৈ!
তাঁর লেখা হাসির কবিতা আর গানে মেতে উঠত যে আসর, ব্রাহ্ম হওয়ার পর থেকেই সেখানে
তিনি ব্রাত্য। সংস্কারমুক্ত স্বচ্ছ মন, গভীর সাহিত্যানুরাগ আর একরাশ অভিমান বুকে
নিয়ে স্ত্রী-সন্তানদের হাত ধরে তাঁর বরিশালে আসা। সন্তানদের ঘিরে অনেক স্বপ্ন
তাঁর। সুস্থ রুচির প্রগতিশীল পরিমণ্ডলে বিকশিত হোক, পল্লবিত হোক ওদের মন। বরিশাল
ব্রাহ্মসমাজের অন্যতম একনিষ্ঠ কর্মীটির সবচেয়ে স্নেহের পাত্রী তাঁদের দ্বিতীয়
সন্তান কুসুম। বরিশালের মেয়েস্কুলে
তাকে ভর্তি করাতে চাওয়া নিয়েই তো নিকটাত্মীয়দের সাথে তাঁর যত সংঘাত। তবে বেশি মেয়ে
জোটানো সম্ভব হোল না- তাঁর মতো প্রগতিশীল ভাবনার অভিভাবকই বা ক’জন! কুসুম তখন
চতুর্থ শ্রেণীতে। বন্ধ হয়ে গেলো সেই স্কুল। আদৌ দমলেন না চন্দ্রনাথ। স্ত্রীকে
জানিয়ে দিলেন যে কুসুম পড়বে কলকাতায়। বেথুন স্কুলে। কুসুমকে স্বগৃহে রেখে তার
পড়াশুনো তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন স্বয়ং রামানন্দ চট্টোপাধ্যায়। মা ধনমণির মৃদু
আপত্তি টিকলোনা। তোরঙ্গভরা বইখাতা, বসুমতীর পুরনো সংখ্যাগুলো, অপটু হাতের লেখায়
ভরে উঠতে থাকা কবিতার ডায়েরি আর কয়েকখানি ডুরে শাড়ী। কুসুম চলল কলকাতা।
।।৩।।
কলকাতায় পড়াশুনো চলছিলো
জোরকদমে। ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের প্রধানা লাবণ্যপ্রভা বসু, বাড়িতে রামানন্দ
চট্টোপাধ্যায় আর স্কুলে শিক্ষয়িত্রীরা – সকলেরই প্রিয়পাত্রী কুসুম। আরও পরিণত,
শীলিত হচ্ছে তার লেখার হাত। কবিতা আর প্রবন্ধ দুয়েতেই স্বচ্ছন্দ লেখনী। ইতিমধ্যে
রামানন্দ প্রকাশিত করলেন শিশুদের জন্য বর্ণশিক্ষার বই। পাতায় পাতায় ছবি।
রামানন্দের সস্নেহ উৎসাহে বইয়ের প্রথমভাগে রইলো কুসুমের ছোট ছোট কবিতা।
যুক্তাক্ষরবিহীন, শিশুদের উপযোগী রচনা। কলকাতার সহপাঠিনীদের সংস্পর্শে কুসুম
নতুনভাবে পরিচিত হতে থাকে দেশি-বিদেশি সাহিত্যের সঙ্গে। পাশাপাশি চলতে থাকে
প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি।
।।৪।।
চন্দ্রনাথের
সঙ্গে প্রায়শই বিবিধ বিষয়ে আলোচনা চলে সর্বানন্দের। কখনো মৃদু তর্কও।
ব্রাহ্মসমাজের উপযোগিতা, স্ত্রী- স্বাধীনতা, যুক্তিনিষ্ঠ একেশ্বরবাদ, মূর্তিপূজা বিরোধিতা- প্রায় সব বিষয়েই তাঁরা
সমমনস্ক। বরিশালে আসার কিছু পরেই চন্দ্রনাথের সঙ্গে আলাপ হয়েছে বরিশাল
ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক সর্বানন্দের। ক্রমশ বেড়েছে ঘনিষ্ঠতা।
স্ত্রীশিক্ষা বিষয়ে সর্বানন্দের মতকে বিশেষ শ্রদ্ধা করেন চন্দ্রনাথ। বরিশালের
প্রথম বালিকা বিদ্যালয়ের রূপকারও যে ওই মিতভাষী মানুষটিই। সর্বানন্দের ছেলে
সত্যানন্দের সঙ্গেও পরিচয় হয় চন্দ্রনাথের। উদ্যমী, মার্জিত, বিনয়ী সত্যানন্দ তখন
বরিশাল ব্রজমোহন ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক। সঙ্গে রয়েছে ‘স্বদেশী’ পত্রিকা
সম্পাদনার গুরুদায়িত্ব। মুগ্ধ হন চন্দ্রনাথ। ঠিক এইরকম যোগ্য জীবনসঙ্গীই তো তিনি
চেয়েছেন তাঁর কুসুমের জন্য। প্রবেশিকা শ্রেণীতেই প্রথাগত পড়াশুনোর ইতি হোল
কুসুমের। সত্যানন্দের স্ত্রী হয়ে ১৮৯৪-এ বরিশালে শুরু হোল তাঁর দ্বিতীয় অধ্যায়।
।।৫।।
চন্দ্রনাথের ভাবনায় কোন ভুল
ছিল না। নববধূর সঙ্গে প্রাথমিক আলাপচারিতার জড়তাটুকু কাটতেই সত্যানন্দ বিস্মিত
হলেন। তিনি জানতেন যে তাঁদের বেড়ে ওঠার সামাজিক- সাংস্কৃতিক পরিমণ্ডল প্রায়
অভিন্ন। কিন্তু এত মুক্তমনা নারী তিনি ব্রাহ্মসমাজে দ্বিতীয়টি দেখেননি। ‘সহধর্মিণী’কে
‘সহকর্মিণী’ করে গড়ে তুলবার অক্লান্ত প্রয়াস শুরু হোল তাঁর। প্রাতিষ্ঠানিক পড়াশুনো
বন্ধ হলেও সংসারের আড়ালে সত্যানন্দের অনুপ্রেরণায় চলতে থাকলো কুসুমের
সাহিত্যচর্চা। এখন তাঁর বিকেলগুলো কাটে স্বামীর প্রতীক্ষায়। সত্যানন্দ সহকর্মীদের
কাছে শোনেন তাঁদের স্ত্রীদের গহনার ফরমাশ। তাঁর কুসুমের আব্দার ‘প্রবাসী’, ‘মুকুল’। কখনো বা একখানি
ঝর্ণাকলম। স্ত্রীকে নিয়ে প্রচ্ছন্ন গর্ব
হয় তাঁর।
।।৬।।
কুসুমের ডায়েরীর একটি ছেঁড়া পাতা চোখে পড়ে সত্যানন্দের-
“...হায়রে সম্বলহীন, কুণ্ঠা ছিল মনে-
তাঁর দেখা পাবি তুই কবে কোনখানে?
শত হস্ত বাড়ায়ে যে ধরিবারে চায়,
‘পাই নাই’ বলে তারে দিবি কি বিদায়?...”
কী মৌলিক সারল্য প্রতি ছত্রে। কী সহজ অকপট প্রকাশভঙ্গী। এই
কবিতাটি পরে ‘অরূপের রূপ’ নামে স্থান পায় ১৩৪৩ বঙ্গাব্দের ব্রহ্মবাদী পত্রিকার
শ্রাবণ সংখ্যায়।
।।৭।।
তাঁদের যৌথজীবন শুরুর ঠিক দু’বছর
পর ১৮৯৬এ সত্যানন্দের উৎসাহে প্রকাশিত হয় কুসুমের প্রথম কবিতা-সংকলন,
‘কাব্য-মুকুল’। ব্রহ্মবাদীর সম্পাদক মনমোহন চক্রবর্তীর আগ্রহে সাংসারিক জীবনের
যাবতীয় কর্তব্যপালনের অবসরে গাঁথা হতে থাকে নতুন নতুন কবিতা। তাঁর একান্ত নিজস্ব
ভঙ্গিমায় কুসুম তুলে ধরেন তাঁর প্রগাঢ় দেশপ্রেম, আদর্শের প্রতি নিষ্ঠা, স্বচ্ছ
আবেগ, নীতিবোধ, নম্র জীবনজিজ্ঞাসা।
।।৮।।
প্রকাশিত হয়েছে ‘পৌরাণিক
আখ্যায়িকা’। স্বামীর উদ্যোগেই অংশগ্রহণ করতে হয়েছে এক প্রবন্ধ প্রতিযোগিতায়- বিষয়
‘নারীত্বের আদর্শ’। কোনরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই কুসুম লিখতে থাকেন তাঁর অনুভব। বাবার
মৌলিক চিন্তাশক্তি তাঁকে যুক্তিগ্রাহ্য ভাবপ্রকাশের ভাষা যোগায়। গুরুসদয় দত্তের
স্ত্রী সরোজনলিনী দেবীর নামাঙ্কিত স্বর্ণপদকটি তাঁর গলাতেই ওঠে। ইতিমধ্যে মুখে
মুখে ফিরছে ১৩০২ বঙ্গাব্দের পৌষ সংখ্যায় মুকুলে প্রকাশিত তাঁর ‘আদর্শ ছেলে’ কবিতার
সেই দুই পংক্তি-
‘আমাদের দেশে হবে সেই ছেলে
কবে?
কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে!...’
রচয়িত্রীর নাম অনেকেরি অজানা।
তবু আক্ষেপ নেই তাঁর। তাঁর লেখার হাত, সংবেদনশীল মনন যে তাঁকে ছেড়ে যায়নি কখনো। আর
জীবনসঙ্গীর প্রেরণাস্পর্শের সৌভাগ্য।
।।৯।।
সহজাত আভিজাত্য, মরমী মন আর
স্বভাবসিদ্ধ পরোপকারিতায় বরিশালের শিক্ষিতসমাজে অত্যন্ত জনপ্রিয় বরিশাল মহিলা সভার
এই সম্পাদিকা। ১৩১৯-১৩৩৮ বঙ্গাব্দ, দীর্ঘ
কুড়ি বছর সুচারু দক্ষতায় সামলেছেন বরিশাল ছাত্রসঙ্ঘের মাঘোৎসবে মহিলাদিবসের
উপাসনায় আচার্য হওয়ার দায়িত্ব। ব্রাহ্মসমাজের সাধারণ সভার অধিবেশনগুলিতেও তাঁর ডাক
পড়ে বারবার। দুই পুত্র ও এক কন্যার কর্তব্যপরায়ণ মা তাদের গৃহশিক্ষার সম্পূর্ণ ভার
নিয়েছেন নিজের হাতে। রুগ্ন বড়ছেলেকে পঞ্চম শ্রেণীর আগে স্কুলে পাঠাবেন না তিনি।
আগে সে প্রকৃতি চিনুক। জানুক গাছপালা, নদনদী। প্রতিবেশীদের সামান্য অসুস্থতাতেও
তিনি অপরিহার্য। রোগীর শুশ্রূষা থেকে তাঁর আত্মীয়স্বজনদের ভরসা যোগানোয় তাঁর মতো
আন্তরিকতা বিরল। বরিশাল মহিলা সভার কর্মসূচী তৈরি করতে থাকেন সন্তানদের পড়ানোর
ফাঁকে -দরিদ্র মেয়েদের প্রাথমিক পড়াশুনো, ধাত্রীবিদ্যা শিক্ষা, মেয়েদের স্কুল
স্থাপন, তাদের মেধাভিত্তিক বৃত্তির ব্যবস্থা ইত্যাদি। কবিতা লেখায় ভাটা পড়ে একসময়। পরিবর্তে লেখা হতে থাকে ‘দৈনন্দিন দিনলিপি’।
।।১০।।
শুধুমাত্র এক বিদুষী সমাজ-সংস্কারিকা নন, তিনি ছিলেন প্রকৃত অর্থে ‘শিক্ষিতা’।তাঁর সাহিত্যকীর্তি অনন্যসাধারণ না হয়েও স্বকীয়তায় উজ্জ্বল। কবি কুসুমকুমারী দাশ। বাংলা তাঁকে যে পরিচয়ে মনে রেখেছে, সে পরিচয় তাঁর কাছে হয়তো বড়ো প্রিয় অথচ অসম্পূর্ণ-‘জীবনানন্দ দাশের মা’! এক অন্তরালবাসিনী কবি, এক অক্লান্ত সমাজসেবিকা, এক অখণ্ড নারী- সবটা মিলিয়েই হয়তো তাঁর সম্পূর্ণ পরিচয়।
“...কে বাঁচিবি আয়, বাতাসে
বাতাসে
পরশে চেতনা জাগে;
কে বাঁচিবি আয়, হৃদয়ে হৃদয়ে
আজি নব অনুরাগে!...”
(কুসুমকুমারী
দাশ
ব্রহ্মবাদী, ফাল্গুন- চৈত্র,
১৩২৭)

কী সাবলীল লেখনী! মন ভরে গেল...
ReplyDelete